করমুক্ত আয়সীমা বৃদ্ধির সুপারিশ
ব্যক্তিশ্রেণীর আয়করদাতাদের করমুক্ত সীমা বাড়িয়ে দুই লাখ ৪০ হাজার টাকা করার সুপারিশ করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি)। বর্তমানে বার্ষিক আয় এক লাখ ৬৫ হাজার টাকা পর্যন্ত করমুক্ত সীমা হিসেবে ধার্য রয়েছে। এ ছাড়া এই ব্যবসায়ী সংগঠনটি কর অবকাশের মেয়াদ বাড়ানো, প্রাতিষ্ঠানিক কর হ্রাস, মূল্য সংযোজন কর (মূসক) হার কমানোসহ বিভিন্ন সুপারিশ করেছে। গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক-বাজেট আলোচনায় আইসিসিবির নেতারা এসব সুপারিশ করেছেন। এনবিআরের সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য এ এস এম কাশেম, মামুন রশিদ, ফজলুল হক, এনবিআরের সদস্য (আয়করনীতি) আমিনুর রহমান, সদস্য (শুল্ক) শাহ আলম খান, সদস্য (মূসক) আবদুল মান্নান পাটোয়ারী প্রমুখ। আইসিসিবির বাজেট প্রস্তাবে বলা হয়েছে, ব্যক্তিশ্রেণীর করদাতাদের সর্বোচ্চ কর হার ২৫ থেকে নামিয়ে ২০ শতাংশ করা উচিত। প্রতিষ্ঠানের ওপর আরোপিত মূসক ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা দরকার। এ ছাড়া কর অবকাশসুবিধা ২০১৫ সাল পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। আইসিসিবির তালিকাভুক্ত কোম্পাানিগুলোর ওপর সাড়ে ২৭ শতাংশ করের পরিবর্তে ২০ শতাংশ এবং অ-তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে সাড়ে ৩৭ থেকে কমিয়ে ৩০ শতাংশ প্রাতিষ্ঠানিক কর আরোপের সুপারিশ করেছে। এ ছাড়া আদালতের বাইরে রাজস্বসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য সম্প্রতি গঠিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সঙ্গে এনবিআর যৌথভাবে কাজ করতে পারে বলে আইসিসিবির পক্ষ থেকে মত প্রকাশ করা হয়েছে। আলোচনায় মাহবুবুর রহমান বলেন, এখন মানুষের আয় অনেক বেড়েছে। তাই ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত সীমা বাড়ানো উচিত। তিনি আরও বলেন, ‘বর্তমানে শিল্প খাতে জ্বালানি-সংকট চলছে। শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট দিয়ে চলছে। ডিজেল কিনতেই বিপুল অর্থ ব্যয় হচ্ছে। এ জন্য ডিজেলের ওপর শুল্ক কমানো উচিত।’বিনিয়োগে করসীমা আরও বাড়ানোর প্রস্তাব করেন এ এস এম কাশেম। তিনি আরও জানান, এফডিআর, সঞ্চয়পত্রে উৎসে কর হিসেবে ১০ শতাংশ অগ্রিম কর কেটে রাখা হয়। বার্ষিক রিটার্ন দাখিলের সময় তা সমন্বয় করা হয়, এতে জটিলতা বাড়ে। তাই উৎসে কর হিসেবে কর্তিত করই চূড়ান্ত হিসেবে নেওয়া উচিত। এতে আর্থিক খাতে চলমান তারল্য-সংকট কিছুটা কমবে বলে তিনি মত দেন। এ ছাড়া তিনি সম্পদ কর আরোপ না করারও প্রস্তাব দেন। মামুন রশিদ ব্যক্তিশ্রেণীর করদাতাদের যাবতীয় তথ্যাদি গোপন রাখার পরামর্শ দেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, ইতিমধ্যে গণমাধ্যমগুলো শেয়ারবাজারের তদন্ত প্রতিবেদন ছাপিয়ে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এনবিআর কোনো করদাতার ব্যাংক হিসাব জানতে চাইলে তাও গণমাধ্যমে চলে আসছে। ফজলুল হক বলেন, কর অবকাশসুবিধা অঞ্চলভিত্তিক হওয়া উচিত। সেক্ষেত্রে উত্তরাঞ্চল ও পাবর্ত্যাঞ্চল প্রাধান্য পেতে পারে। প্রকৃত বিনিয়োগকারী বিনিয়োগের সময় কর অবকাশসুবিধাকে বড় ইস্যু হিসেবে দেখেন না বলে তিনি মত দেন। ফজলুল হক আরও বলেন, অন্যান্য তৈরি পোশাক খাতের মতো নিটওয়্যার ও ডায়িংয়ের শিল্পমালিকদের আয়কর হার দশমিক চার শতাংশই চূড়ান্ত কর হিসেবে বিবেচনায় আনা উচিত। এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, ব্যক্তিশ্রেণীর করদাতাদের করসীমা বাড়ানো যেতে পারে। এ ছাড়া অঞ্চলভিত্তিক কর অবকাশসুবিধা নিয়ে আলোচনা হচ্ছে। নাসির উদ্দিন আরও বলেন, দেশের ১০ থেকে ২০ ভাগ করদাতাই সিংহভাগ কর দেয়। এনবিআরের হাতে কর ফাঁকি রোধে আইন বাস্তবায়নের হাতিয়ার রয়েছে। কিন্তু করদাতাদের সচেতনতা বাড়িয়ে রাজস্ব আদায় বাড়াতে চায় এনবিআর।