আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা একটি নির্দিষ্ট পরিমাণ ঠিক করে দিতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বহু বছর ধরে একটি নির্দিষ্ট আয়সীমার ওপরে উঠলেই কর দিতে হয় উল্লেখ করে তিনি বলেছেন, আগামী বাজেটে একটি সীমা ঠিক করা হবে এবং সেটা দীর্ঘস্থায়ী করে দেওয়া হবে।
বাজেট উপলক্ষে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৩৮তম পরামর্শক কমিটির সভায় গতকাল রোববার অর্থমন্ত্রী এসব কথা বলেন। এনবিআর ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভার আয়োজন করে। এতে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বিভিন্ন বাজেট প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন খাতের ব্যবসায়ীরা তাঁদের প্রস্তাব তুলে ধরেন। শেষে অর্থমন্ত্রী কয়েকটি প্রস্তাব নিয়ে কথা বলেন।
করমুক্ত আয়সীমা নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমেরিকায় করমুক্ত আয়সীমা ১০ হাজার ডলার। আমি যুক্তরাষ্ট্রে ১৯৭১ সালে ওই হারে কর দিয়েছি, এরপর ২০০৪ সাল পর্যন্ত একই হারে কর দিয়েছি।’ তিনি বলেন, ‘আমি করমুক্ত আয়সীমা ৪ লাখ করার প্রস্তাবটি এখনো গ্রহণ করিনি। একটা সিদ্ধান্ত এবার দেব, যা ৫০-১০০ বছরের জন্য একই থাকবে।’
এর আগে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ করমুক্ত আয়সীমা সোয়া ৩ লাখ টাকা করা, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম আহমেদ সাড়ে ৩ লাখ টাকা করা এবং নারী উদ্যোক্তাদের চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ নারীদের করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব দেন।
এখন সাধারণ করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা, যা কয়েক বছর ধরে বাড়ানো হচ্ছে না।
সকালে সভাটি শুরু হয় এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদের বক্তব্য দিয়ে। তিনি বলেন, বর্তমানে অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়ালেও কিছু গুরুত্বপূর্ণ সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে, যা হলো প্রবাসী আয় ও রপ্তানি আয়। এ ছাড়া বিশ্ব অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করেন তিনি।
এফবিসিসিআইয়ের সভাপতি শুল্ক, আয়কর ও মূসক নিয়ে কিছু সুনির্দিষ্ট বাজেট প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে অন্যতম হলো মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি রোধ করতে চারটি সংস্থার সমন্বয়ে কমিটি গঠন, ১ হাজার ৩৫০টি পণ্য থেকে সম্পূরক শুল্ক উঠে গেলে দেশীয় শিল্পকে সুরক্ষার ব্যবস্থা করা, করপোরেট করের হার আড়াই শতাংশ কমানো, মৌলিক কাঁচামালের ওপর অগ্রিম আয়কর প্রত্যাহার, বার্ষিক ৩৬ লাখ টাকা পর্যন্ত লেনদেনে মূসক অব্যাহতি এবং রেয়াত নিয়ে অসমর্থ প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূসকের হার কমিয়ে ধরা।
ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, মূসকের হার এমন হতে হবে, যাতে জিনিসপত্রের দাম বেড়ে গিয়ে ভোক্তাদের দুর্ভোগ না হয়। হার কত হবে, সেটা সরকার ঠিক করুক। তিনি মোট আয়ের একটি অংশ গবেষণায় ব্যয় করলে সেটি করমুক্ত রাখার পরামর্শ দেন।
এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মো. জসিম উদ্দিন দেশীয় শিল্পের সুরক্ষা বজায় রাখার দাবি জানিয়ে বলেন, মূসক আইন কার্যকর হলে অনেক পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক উঠে যাবে। বাংলাদেশ অ্যান্টি-ডাম্পিংসহ অন্যান্য সুরক্ষা শুল্ক আরোপের ব্যবস্থা তৈরি করতে পারেনি। যত দিন সরকারি সংস্থার সক্ষমতা তৈরি হচ্ছে না, তত দিন সুরক্ষা সম্পূরক শুল্ক থাকা দরকার।
ওমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ নারী উদ্যোক্তাদের জন্য মূসকের হার এক অঙ্কে আনার দাবি করেন। ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত সংস্থা বিল্ডের প্রধান নির্বাহী ফেরদৌস আরা লাইসেন্স, অনুমোদনসহ বিভিন্ন ক্ষেত্রে মূসক প্রত্যাহারের পরামর্শ দেন। ভোক্তাদের সংগঠন ক্যাবের সভাপতি গোলাম রহমান ভোক্তার স্বার্থ রক্ষায় গঠিত সংস্থাগুলোতে জনবল দেওয়া এবং মূসকের হার ভোক্তাবান্ধব করার তাগিদ দেন। তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার তথ্যপ্রযুক্তি পণ্য রপ্তানিতে নগদ সহায়তা দাবি করে বলেন, ‘আমাদের ২০২৪ সাল পর্যন্ত আয়করমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে আমরা নগদ সহায়তা পেতে পারি না।’
মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব টি আই এম নুরুল কবীর সিম বিক্রি ও পরিবর্তনের ওপর থাকা ১০০ টাকা কর তুলে নেওয়া ও তরঙ্গ বরাদ্দের ফির ওপর মূসক তুলে নেওয়ার দাবি করেন।
সবশেষে অর্থমন্ত্রী অগ্রিম আয়কর প্রত্যাহার, ভোক্তা অধিকার রক্ষায় গঠিত সংস্থাগুলোকে জনবল দেওয়া, তামাকজাত পণ্যের কর কাঠামো পুনর্বিন্যাস, তরঙ্গ ফির ওপর আরোপিত মূসকসহ কয়েকটি প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন। করপোরেট কর কমানোর বিষয়ে তিনি বলেন, এটা সরকারের উচ্চপর্যায়ের একটি বৈঠকে ঠিক হবে। তবে তিনি যৌক্তিক করার প্রস্তাব করবেন। কর কাঠামো তিন বছরের জন্য একই রাখার একটি পরামর্শের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এ বাজেটে তা হবে না। সামনে নির্বাচন আছে, তাই পাল্টে যেতে পারে। তবে প্রস্তাবটি গ্রহণযোগ্য।
আগামী দুই বছরের মধ্যে দেশ থেকে বিড়ি উঠিয়ে দেওয়ার কথা উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, বলা হয় দেশে এখন বিড়িশিল্পে অনেক শ্রমিক কাজ করেন। তা সত্য নয়।
অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, সহসভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, চট্টগ্রামের ব্যবসায়ী নেতা মাহবুবুল আলমসহ অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।