আগামী ৪ জুন সংসদে ২০১৫–১৬ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। অন্যান্য বছরের মতো এবারও বাজেট সামনে রেখে বিভিন্ন ব্যবসায়ী খাত ও সংগঠন তাদের দাবিদাওয়া ও প্রস্তাব সরকারের কাছে জমা দিয়েছে। দুটি বড় ব্যবসায়ী চেম্বারের প্রস্তাবের নানা দিক তুলে ধরেছেন আবুল হাসনাত: ঢাকা চেম্বারের বাজেট প্রস্তাব
করমুক্ত আয়সীমা ২ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব

বছরে কেউ ২ লাখ ২০ হাজার টাকা আয় করলে তাঁকে এখন আর আয়কর দিতে হয় না। এর বেশি আয় করলেই কর দিতে হয়। ব্যক্তিশ্রেণির এই করমুক্ত আয়সীমা আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বাড়িয়ে ২ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
সংগঠনটি বলেছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে। মূল্যস্ফীতির কারণে মৌলিক চাহিদা মেটানোর ব্যয়ও বেড়েছে। আবার তিন মাসের রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়ীরা পুঁজি হারিয়েছেন। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে করমুক্ত আয়সীমা বাড়ানো প্রয়োজন। এটি করা হলে নতুন করদাতা যেমন বাড়বে, তেমনি কর ফাঁকিও কমবে।
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সম্প্রতি ঢাকা চেম্বার যে বাজেট প্রস্তাব পাঠিয়েছে, সেখানে এমন প্রস্তাবই করা হয়েছে। জানতে চাইলে ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ প্রথম আলোকে বলেন, ‘২০৩০ সালে বাংলাদেশকে বিশ্বের ৩০তম অর্থনীতির দেশে পরিণত করার একটি ভিশন (রূপকল্প) নিয়ে আমরা কাজ করছি। সে জন্য দেশকে আমদানিনির্ভর অর্থনীতি থেকে বের করে আমদানি-বিকল্প অর্থনীতিতে রূপান্তর ঘটাতে হবে। আর সে লক্ষ্য পূরণে যেসব নীতি-সহায়তা সরকারের কাছ থেকে প্রয়োজন, আমরা সেসব প্রস্তাবই এনবিআরকে দিয়েছি।’
ব্যক্তিশ্রেণির কর নিয়ে ঢাকা চেম্বারের প্রস্তাব হচ্ছে—২ লাখ ৭৫ হাজার টাকার পরের চার লাখ টাকা আয় পর্যন্ত ১০ শতাংশ, এর পরের পাঁচ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, এর পরের ছয় লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ, এর পরের ৪০ লাখ টাকা পর্যন্ত ২৫ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ৩০ শতাংশ কর ধার্য করা। মহিলা ও বয়স্ক (৬০ বছরের ঊর্ধ্বে) করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা চার লাখ টাকা করার প্রস্তাব করেছে সংগঠনটি। বর্তমানে তাদের করমুক্ত আয়সীমা ২ লাখ ৭৫ হাজার টাকা।
এ ছাড়া যেসব করদাতা কেবল কৃষি থেকেই আয় করেন, তাঁদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা আরও আড়াই লাখ টাকা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের এই সংগঠন।
করপোরেট করহার কমানোর প্রস্তাবও করেছে ডিসিসিআই। সংগঠনটির দাবি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং মার্চেন্ট ব্যাংকের করপোরেট কর ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় করা অর্থ সম্পূর্ণভাবে আয়করমুক্ত রাখা এবং সিএসআরের জন্য আলাদা একটি অনুমোদিত খাত রাখার প্রস্তাবও করেছে ঢাকা চেম্বার।
বর্তমানে যেসব ব্যক্তির নিট সম্পত্তির পরিমাণ দুই কোটি টাকা, তাকে কোনো সারচার্জ দিতে হয় না। তবে এর পরের নিট সম্পত্তির জন্য চারটি ধাপে ২৫ শতাংশ পর্যন্ত সারচার্জ দিতে হয়। ঢাকা চেম্বার চার কোটি টাকা পর্যন্ত নিট সম্পত্তির মালিকদের জন্য কোনো সারচার্জ চায় না। তবে পরের স্তরগুলো নিয়ে সংগঠনটির কোনো আপত্তি নেই।
সব ধরনের শিক্ষা খাতকে মূসক ও করের আওতামুক্ত রাখার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার। সংগঠনটির যুক্তি হলো, এতে শিক্ষার প্রসার ও প্রকৃত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠবে। আবার বই প্রকাশের জন্য আমদানি করা শুল্কের ওপর কর মওকুফ করা প্রয়োজন বলেও মনে করে সংগঠনটি।
ঢাকা চেম্বারের আরেকটি বড় প্রস্তাব হলো, দেশীয় শিল্পের স্বার্থে কোনো পণ্যের আমদানি পর্যায়ে অগ্রিম আয়করের হার ৩ শতাংশ করা। বর্তমানে এ ক্ষেত্রে ৫ শতাংশ অগ্রিম আয়কর দিতে হয়।
মূল্য সংযোজন করের (মূসক) ক্ষেত্রে কয়েকটি নীতিগত প্রস্তাব করেছে ঢাকা চেম্বার। এর একটি হলো, মূসক আইনে বিদ্যমান মূল্য ঘোষণা এবং মূসক দপ্তরের মাধ্যমে তা অনুমোদনের বিধান প্রত্যাহার করা। সংগঠনটির যুক্তি হলো, ব্যবসায়ীরা একই পণ্য অবস্থা বুঝে একেক ক্রেতার কাছে একেক দামে বিক্রি করে। এ ক্ষেত্রে মুনাফা করাই মূল লক্ষ্য থাকে। কিন্তু দাম অনুমোদনের ব্যবস্থা ব্যবসায়ীর স্বাধীনতা কেড়ে নিচ্ছে, হয়রানিও বাড়াচ্ছে।
আবার একটি শিল্পপ্রতিষ্ঠানে একটি করবর্ষের জন্য সরকার কেবল একবারই নিরীক্ষা করবে—এমন বিধান চেয়েছে সংগঠনটি। বলছে, এটি হলে নিরীক্ষা আপত্তির নামে ব্যবসায়ীদের হয়রানি কমবে।
সবশেষে ঢাকা চেম্বার বলছে, সরকার যে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করছে, সেটাকে এগিয়ে নিয়ে যেতে ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত ১৫ শতাংশ মূসক প্রত্যাহার প্রয়োজন।