করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা করার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা এক লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে নতুন প্রতিষ্ঠিত শিল্পের জন্য দেওয়া কর অবকাশ (ট্যাক্স হলিডে) সুবিধা ২০১৫ সাল পর্যন্ত বাড়ানোরও প্রস্তাব করেছে তারা। এ ছাড়া ঢাকা চেম্বার বিশ্বমন্দার কারণে বিভিন্ন খাত থেকে কর কমানো এবং কর রেয়াতের প্রস্তাব করলেও সরকারের রাজস্ব আয় বাড়াতে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) ব্যক্তিদের কাছ থেকে কর আদায়, টিআইএনধারীর সংখ্যা বাড়ানো ও সব ধরনের ব্যবসায়ের জন্য ন্যূনতম ব্যবসা কর আরোপ করার প্রস্তাব করেছে। ২০১২-১৩ অর্থবছরের বাজেট সামনে রেখে গতকাল বুধবার এক প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব করা হয়। রাজধানীর মতিঝিলের কার্যালয়ে প্রস্তাবগুলো তুলে ধরেন ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম।ঢাকা চেম্বার মনে করে, আগামী বাজেটে কিছু বিষয় প্রাধান্য দেওয়া প্রয়োজন। যেমন, পিপিপি নীতিমালা ও প্রকল্প ব্যবস্থাপনা ম্যানুয়াল প্রণয়ন; অবকাঠামো উন্নয়ন; রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়; আর্থিক ব্যবস্থাপনা ও সম্পদের সঠিক ব্যবহার এবং একটি সমন্বিত ভর্তুকি নীতিমালা প্রণয়ন। ঢাকা চেম্বার ব্যক্তিশ্রেণীর করদাতাদের কর রেয়াত ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা, পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহী করতে ব্যক্তিশ্রেণীর করদাতার লভ্যাংশের ওপর ১০ শতাংশ হারে উৎসে কর চূড়ান্ত দায় ঘোষণা, ব্যাংকে স্থায়ী ও সঞ্চয়ী আমানতের সুদের ওপর ১০ শতাংশ অগ্রিম কর কাটার বিধান চূড়ান্ত দায় ঘোষণা, সঞ্চয়পত্রের সুদের ওপর ১০ শতাংশ কর কাটার বিধান প্রত্যাহার, আমদানি পর্যায়ে আয়কর কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করেছে।করপোরেট করের ক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মুনাফার ওপর করের হার কমিয়ে ২০ শতাংশ, প্রাইভেট লিমিটেড কোম্পানির কর কমিয়ে ৩০ শতাংশ, ব্যাংক ও আর্থিক খাতের কর ৪০ শতাংশ করা, কোম্পানির লভ্যাংশ থেকে অর্জিত আয়ের ওপর করের হার কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার। এ ছাড়া ব্যবসায়ী চেম্বার ও সমিতিগুলোকে করমুক্ত রাখারও প্রস্তাব করা হয়। সংস্থাটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) বাইরে স্থাপিত শিল্পের ক্ষেত্রে কর অবকাশ সুবিধা ১০ শতাংশ করার প্রস্তাব করে।আমদানি পর্যায়ে চার স্তরের শুল্ক কাঠামোর প্রস্তাব করে ঢাকা চেম্বার। এগুলো হলো: মূলধনি যন্ত্রপাতির ওপর শূন্য শুল্ক, কাঁচামালে ৩ শতাংশ, মধ্যবর্তী কাঁচামালে ১২ শতাংশ এবং তৈরি পণ্যে ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ। দেশি শিল্পের সুরক্ষায় সম্পূরক শুল্ক আরোপ করা যেতে পারে। তবে ঢাকা চেম্বার বলছে, শুল্ককাঠামোতে ঘন ঘন পরিবর্তন দেশের শিল্পায়নে বড় বাধা।বর্তমানে কোনো প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ৬০ লাখ টাকার বেশি ৩ শতাংশ হারে মূসক দিতে হয়। আগামী বাজেটে লেনদেনের পরিধি বাড়িয়ে এক কোটি টাকা এবং কর কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করে ঢাকা চেম্বার। এ ছাড়া যে মূল্যে পণ্য বিক্রি করা হবে, তার ওপরই মূসক দিতে হবে—এ বিধান সংযুক্ত করে মূসক আইন সংশোধন করা এবং আমদানি পর্যায়ে অগ্রিম মূসক (এটিভি) আদায় ব্যবস্থা বাতিলের দাবি জানায় সংস্থাটি।এক প্রশ্নের জবাবে আসিফ ইব্রাহীম বলেন, ম্যাককিনসে বলছে, আগামী ছয়-সাত বছরে বাংলাদেশের রপ্তানি এক হাজার ৮০০ কোটি ডলার থেকে বেড়ে পাঁচ হাজার কোটি ডলার হবে। তবে এ জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। তা না হলে বিনিয়োগকারী ও ক্রেতারা অন্য দেশগুলোর দিকে ঝুঁকবে।