করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২৫ হাজার টাকা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে শিল্পের মৌলিক কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতির আমদানি শুল্ক হার কমিয়ে এক শতাংশ নির্ধারণ চান ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। একই সঙ্গে ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়ের সীমা দুই লাখ ২৫ হাজার টাকায় নির্ধারণ এবং কর অবকাশসুবিধা ও রপ্তানি খাতে নগদ সহায়তাব্যবস্থা অব্যাহত রাখারও পক্ষে এফবিসিসিআই। রাজধানীতে গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৩২তম সভায় এফবিসিসিআই দেশের বেসরকারি খাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব দাবি উত্থাপন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত পরামর্শক কমিটির এই বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ সভাপতিত্ব করেন। এনবিআর ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ কে আজাদ দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, কর্মসংস্থান, রাজস্ব আহরণের পরিমাণ বৃদ্ধি ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে মূলধনি যন্ত্রপাতি এবং শিল্পের মৌলিক কাঁচামালের আমদানি এক শতাংশ আরোপ করার প্রস্তাব করেন। তিনি বলেন, দেশে উৎপাদিত হয় না এমন মধ্যবর্তী কাঁচামালের আমদানিশুল্ক পাঁচ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ এবং দেশের উৎপাদিত হয় এমন মধ্যবর্তী কাঁচামাল ও অতি প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানিশুল্ক ১২ শতাংশে অব্যাহত রাখা প্রয়োজন। সভায় এফবিসিসিআই আমদানিশুল্ক বিষয়ে ২২১, আয়কর বিষয়ে ১৩৯ এবং মূল্য সংযোজন কর বিষয়ে ১৯৯টি সুপারিশ করেছে। এফবিসিসিআই বিগত চার বছরের ক্রমাগত মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ ২৫ হাজার টাকায় নির্ধারণ, ষাটোর্ধ্ব বয়সের জ্যেষ্ঠ নাগরিকদের করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা, নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা এবং ন্যূনতম আয়করের পরিমাণ দুই হাজার টাকা বহাল রাখার প্রস্তাব করেছে। সভায় প্রাতিষ্ঠানিক আয়করের ক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য ২৫ শতাংশ; অ-তালিকাভুক্ত উৎপাদনশীল কোম্পানির ক্ষেত্রে ২৫ শতাংশ, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল কোম্পানি ব্যতীত ট্রেডিং লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ৩০ শতাংশ হারে আয়কর নির্ধারণের সুপারিশ করা হয়। এ ছাড়া এফবিসিসিআই বিনিয়োগ ও শিল্পায়নের স্বার্থে শিল্পের মৌলিক কাঁচামালের ওপর থেকে অগ্রিম আয়কর প্রত্যাহার অথবা পাঁচ শতাংশের পরিবর্তে তিন শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছে। কর অবকাশসুবিধা ২০১১ সালের জুন থেকে বাড়িয়ে ২০১৫ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করেছে। এ ছাড়া ইপিজেডের বাইরে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ইপিডেজের শিল্পগুলোর মতোই ১০ বছর কর অবকাশসুবিধা দেওয়ার প্রস্তাব করেছে।সভায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, মূল্যস্ফীতিই এখন বড় চ্যালেঞ্জ। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা করা দরকার, কেননা আমদানিনির্ভরতা বাড়ছে। ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিম কর অবকাশসুবিধা ২০১৫ সাল পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেন।এফবিসিসিআইয়ের পরিচালক নজীবুর রহমান বলেন, দেশে প্রচুর পরিমাণ অপ্রদর্শিত ও কালো টাকা রয়েছে। অথচ অর্থের অভাবে বড় বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা যাচ্ছে না। তিনি এসব অর্থ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগের মাধ্যমে সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেন।এফবিসিসিআই ও এক্সিম ব্যাংকের পরিচালক এ কে এম নূরুল ফজল বুলবুল বলেন, ব্যাংক থেকে ২০ শতাংশ সুদে অর্থ নিয়ে ব্যবসা করে বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। বর্তমানে অযৌক্তিক হারে ব্যাংক ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এস এম আকরাম বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর মূল কাজ হলো চলতি ঋণ দেওয়া। ব্যাংকগুলোর বিনিয়োগ কোথায় করবে এই বিষয়গুলো বিবেচনায় আনা দরকার। বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এফওবি মূল্যে চার মার্কিন ডলার এখন সাত ডলারে উন্নীত হয়েছে। এ জন্য তৈরি পোশাক খাতে লভ্যাংশ কমেছে ৩০ শতাংশ, এতে এই শিল্পের ঝুঁকিও বেড়েছে। বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি সংকটে শিল্প খাতে বিনিয়োগ হ্রাস পেয়েছে। তাই কর অবকাশসুবিধা ২০১৫ সাল পর্যন্ত করা দরকার। কর অবকাশসুবিধার মেয়াদ বাড়ানোর পাশাপাশি রপ্তানিকারকদের জন্য উৎসে কর দশমিক ৪০ থেকে দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আবদুস সালাম মুর্শেদী নগদ প্রণোদনার ওপর কর রহিত এবং জেনারেটরে ব্যবহূত ডিজেল, ফার্নেস অয়েলে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সুপারিশ করেন। চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ প্রশ্ন করেন, সাংসদেরা শুল্কমুক্তসুবিধায় গাড়ি আমদানি করতে পারলে কৃষি খাতের যন্ত্রপাতি আনতে কেন কর দেওয়া হবে? তিনি কৃষি খাতে কর অবকাশসুবিধা ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেন তিনি।চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ করসুবিধা দাবি চান। মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এ কে এম শাহেদ রেজা বলেন, শিল্পায়নের জন্য পুঁজিবাজার বড় ধরনের ভূমিকা রাখতে পারে। কিন্তু দেশের পুঁজিবাজারের অস্থিতিশীল অবস্থার কারণে শিল্পায়ন বাধাগ্রস্ত হবে। এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আবুল কাশেম আহমেদ নদী খননের জন্য বরাদ্দ রাখার দাবি জানান।