করারোপ নিয়ে অর্থমন্ত্রী-ব্যবসায়ীদের বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের বাজেটে প্রস্তাবিত মূল্য সংযোজন কর (মূসক), আয়কর ও আমদানি শুল্ক কমানোর দাবির বিষয়ে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিতর্ক হয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। একপর্যায়ে তিনি কিছুটা ক্ষিপ্তও হন।সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ কয়েকজন সদস্যসহ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে ব্যবসায়ীদের অর্থমন্ত্রী বলেন, ‘আমি মাঝে মাঝে খেপে যাই। এতে কিছু মনে করবেন না। এটা বয়সের সমস্যা। বয়স হয়ে গেছে ৭৮ বছর ছয় মাস।’ব্যবসায়ীদের পক্ষে প্রথমেই এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ শতভাগ রপ্তানিমুখী সব শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শূন্য শুল্ক ধার্য করার প্রস্তাব করেন। আর সাধারণভাবে শিল্পের মূলধনী যন্ত্রপাতিতে ১ শতাংশ এবং যন্ত্রাংশ আমদানিতে যে ৩ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, তা ১ শতাংশ করার প্রস্তাব করেন তিনি। রিকন্ডিশনড গাড়ি আমদানির শুল্ক নিয়েও তিনি কথা বলেন।এরপর মূসকের বিভিন্ন দিক নিয়ে দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান এবং আয়কর নিয়ে এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ অর্থমন্ত্রীর কাছে বক্তব্য তুলে ধরেন।টার্নওভার কর বিষয়ে আমির হোসেন খান বলেন, একদিকে কুটিরশিল্পের ক্ষেত্রে ৪০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, অন্যদিকে আয়কর আইনে করমুক্ত আয়ের সীমা এক লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত। ফলে সাত লাখ টাকার টার্নওভারের ক্ষেত্রে মূসক আরোপ অবিবেচনাপ্রসূত।ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী, দোকানদার অর্থাৎ যাঁরা গলায় ডালা ঝুলিয়ে পান বিক্রি করেন, একটা পর্যায় পর্যন্ত তাঁদের জন্য মূসক মাফ করে দেওয়ারও দাবি জানান আমির হোসেন খান।অর্থমন্ত্রী এ সময় বলেন, ‘মাফ তো করেছি। আপনারা ভুল তথ্যের ওপর আছেন।’আমির হোসেন খান তখন বলেন, ‘তাহলে আগের মতো প্যাকেজের ব্যবস্থা করে দেন।’ এতে বিরক্ত হয়ে অর্থমন্ত্রী বলেন, ‘খালি বলেন প্যাকেজ চাই, প্যাকেজ চাই।’এ বিষয়ে এবারের বাজেট বক্তব্যে আমদানিকারক ও উৎপাদনকারী এবং খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে মূসকের ক্ষেত্রে বৈষম্যের কথা বলেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বৈষম্য রোধ এবং কর ফাঁকি বন্ধে পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে ৪ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করা হয়।আমির হোসেন খানকে উদ্দেশ করে অর্থমন্ত্রী বলেন, ‘পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে কোথায় পার্থক্য আছে, বলেন।’ জবাবে আমির হোসেন খান বলেন, ‘আমরা ঠিক বুঝি না।’ অর্থমন্ত্রী তখন বলেন, ‘না বুঝেই আপনি খামোখা কথা বলছেন।’পরে একই বিষয়ে কথা বলেন এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদও। তিনি বলেন, আসলে দেশের দোকানদাররা হিসাববিজ্ঞানের মূসক বোঝেন না। প্যাকেজ মূসকটা সেই জায়গা থেকেই এসেছে।অর্থমন্ত্রী তখন বলেন, ‘এই প্যাকেজ মূসক কীভাবে হিসাব করেন, বলেন তো? মোট সংখ্যাটা বলেন।’ জবাবে মনজুর আহমেদ জানান, বাজার উপকমিটির সঙ্গে বসে টার্নওভার অনুমান করে প্যাকেজ মূসক হিসাব করা হয়। এফবিসিসিআইয়ের পরিচালক আবদুর রাজ্জাক নিত্যব্যবহার্য পণ্য অ্যালুমিনিয়ামের তৈজসপত্রের উৎপাদন পর্যায়ে নতুন আরোপিত মূসক প্রত্যাহারের দাবি জানালে অর্থমন্ত্রী তা প্রত্যাহার করা হবে বলে সভার মধ্যেই ঘোষণা দেন।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা বোগাস কথাবার্তা বলেন। অনেকে গলা ফাটিয়ে আইএমএফের সমালোচনা করেন। কিন্তু কনসালটেন্সিতো ঠিকই করেন।’বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রথমেই সম্প্রতি আশুলিয়ায় ঘটে যাওয়া পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, তবে গতকাল থেকে ৯৯ শতাংশেরও বেশি কারখানা ঠিকমতো চলছে। একটি কারখানায় শুধু শ্রমিকেরা উপস্থিত আছেন, কিন্তু কাজে যাননি।বিজিএমইএর সভাপতি বলেন, ‘ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন নিয়ে ভুল বার্তা দেওয়া হয়েছে। পোশাক খাতকে কেন্দ্র করে অবমূল্যায়ন হয়নি। এমনকি আমরা দাবিও করিনি।’ তিনি বলেন, তৈরি পোশাকের ক্ষেত্রেও করপোরেট করের সঙ্গে যোগসূত্রের চেষ্টা করা হয়েছে, যা ভুল। ছোট অনেক কারখানা আছে। প্রতিবন্ধী সন্তানকে আমরা যেমন মেরে ফেলতে পারি না, তেমনি ছোট কারখানার অসুবিধাগুলো এড়িয়ে থাকা অনুচিত।বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেন, ‘আমাদের ব্যবসা মূলত ইউরোপভিত্তিক। কিন্তু ইউরোপে এখনো মন্দা চলছে। এ অবস্থায় প্রণোদনা বন্ধ করে দেওয়া ঠিক হয়নি।’এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘প্রণোদনা তো বন্ধ করা হয়নি।’এরপর সেলিম ওসমান বলেন, ‘না, কমিয়ে অর্ধেক করা হয়েছে।’বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন উৎসে করের পরিবর্তে নির্ধারণী পদ্ধতিতে কর দেওয়ার দাবি জানান।সব শেষে মোটরগাড়ির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘রিকন্ডিশনড গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে চাই। নতুন গাড়িই ভালো। রিকন্ডিশনড গাড়ির ভালো-খারাপ দুই দিকই রয়েছে। আপনি যদি ভাগ্যবান হোন, তো কথা নেই। যেমন, আমি ২০০৮ সালে ১৮ লাখ টাকা দিয়ে একটি কিনেছিলাম। ভালো পড়েছে। আমার বোন কিনেছিল দুইটা। সেগুলো ভালো হয়নি। মুশকিল হলো, এমন কোনো পরিসংখ্যান নেই যে, এ বিষয়ে কতজন ভাগ্যবান, আর ভাগ্যহীনই বা কতজন!’