করের অর্থ অপব্যবহার রোধ করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের দেওয়া করের বিপরীতে সরকারি সেবার মান অনেকটাই অপর্যাপ্ত ও অপ্রতুল। তা ছাড়া সব ক্ষেত্রে করের টাকার সদ্ব্যবহারও হয় না। জনগণের করের টাকা কোনোভাবেই যেন অপব্যবহার না হয়, সেদিকে সরকারকে সজাগ থাকতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের কনফারেন্স কক্ষে গতকাল সোমবার এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। ‘কর সুশাসন ও প্রয়োজনীয় সেবা’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরামের পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সুপ্র গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানায়।সেমিনারের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, কারও অনুদানে সরকারের চলা উচিত নয়। এতে সরকারের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। এ জন্য সরকার পরিচালনায় কর একটি গুরুত্বপূর্ণ উপাদান। ডেপুটি স্পিকার ধনীদের কাছ থেকে অধিক হারে কর সংগ্রহের প্রস্তাব ও জনগণের করের টাকার সদ্ব্যবহার যেন হয়, সে জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে সজাগ থাকার আহ্বান জানান।সেমিনারের প্রধান আলোচক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘সুষম কর ব্যবস্থাপনায় অত্যাবশ্যকীয় সেবা ও পণ্যের মূল্য নির্ধারণ জরুরি। আমাদের দেশে পণ্যের মূল্য নির্ধারণ করেন আমলারা। অথচ এই কাজটি জনপ্রতিনিধিদের সংসদে (পার্লামেন্টে) গিয়ে করার কথা।’আকবর আলি খান দেশে একটি দ্রব্যমূল্য নির্ধারণ কমিশন গঠনের সুপারিশ করেন।আলোচনায় জেএসএপিএমডিডির কর্মকর্তা লিডি নাচপিল বলেন, কর ন্যায্যতা নিশ্চিত করতে সমাজকে সচেতন করে তুলতে হবে।সেমিনারে ‘বাংলাদেশের করব্যবস্থা’ শীর্ষক একটি গবেষণা তুলে ধরেন আন্তর্জাতিক সংস্থা ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের প্রতিনিধি মাত্তি কোহেনেন ও নাইরোবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আতিয়া ওয়ারিস। গবেষণায় বলা হয়, বাংলাদেশে অপ্রত্যক্ষ করের প্রবণতা বেশি। সাধারণ মানুষের ওপর এর সরাসরি প্রভার পড়ে। তা ছাড়া করের বিপরীতে সরকারি সেবার মানও অপর্যাপ্ত ও অপ্রতুল।সেমিনারে কাঠমান্ডু ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক কেশব খেদকা নেপালে বিদ্যমান করকাঠামো ও তার কিছু সমালোচনা তুলে ধরেন। এ ছাড়া নেপালি সমাজবিজ্ঞানী উদ্ভব কুমার প্যাকরেল কর ব্যবস্থাপনার নেপালি অভিজ্ঞতার কথা জানান।সুপ্রর চেয়ারপারসন আবদুল আউয়ালের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন সুপ্রর পরিচালক উমা চৌধুরী, জাতীয় পরিষদ সদস্য মঞ্জু রানী প্রামাণিক ও মাধব চন্দ্র দত্ত, সিবিজিএর (ভারত) গবেষণা কর্মকর্তা শংখনাদ বন্দ্যোপাধ্যায়, নেপালি অর্থনীতিবিদ বিনয় কুমার খুশিয়াট প্রমুখ।