লোকসানি ব্যাংক এবং অন্য সরকারি প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে প্রতিবছর ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। বছরের পর বছর জনগণের করের অর্থ দিয়ে এভাবে প্রতিষ্ঠান টিকিয়ে রাখার প্রয়োজন নেই। দ্রুতই এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া প্রয়োজন।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) উদ্যোগে গতকাল সোমবার ‘জাতীয় বাজেট ২০১৬-১৭: শেষ মুহূর্তের ভাবনা’ শীর্ষক এক আলোচনায় এসব বিষয় তুলে ধরেন বিশেষজ্ঞরা। পিআরআইয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ।
আলোচনার সূত্রপাত করে সাদিক আহমেদ বলেন, সরকারি খাতের প্রতিষ্ঠানগুলো থেকে মুনাফা আসা প্রয়োজন। এসব প্রতিষ্ঠান লোকসান দেবে, তা কোনোভাবেই আশা করা যায় না।
এর সূত্র ধরে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তফা কে. মুজেরি বলেন, ঐতিহাসিক প্রয়োজনে ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজন ছিল। এখন এসব প্রতিষ্ঠান সরকারি খাতে রাখার কোনো সামাজিক বা অর্থনৈতিক ভূমিকা আছে কি না, তা বিবেচনা করা প্রয়োজন। একটি ব্যাংক রেখে বাকিগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সময় এসেছে।
সাবেক সচিব সুহেল আহমেদ চৌধুরী বলেন, কোনো ব্যাংক সরকারি খাতে রাখার প্রয়োজন নেই। সরকারি কাজের জন্য কোনো ব্যাংকের অধীনে একটি শাখা খোলা যেতে পারে। তাহলেই এসব প্রতিষ্ঠান মুনাফায় ফিরতে পারবে।
পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, সরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোতে বছরে ১০ হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে। জনগণের অর্থ ব্যয় করে উপকৃত হচ্ছেন কারা, কাদের জন্য এ অর্থ ব্যয় করা হচ্ছে, এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। খুলনা পাটকল বাঁচাতে কোনো জবাবদিহি ছাড়াই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এটা কী ধরনের গণতান্ত্রিক আচরণ!
আহসান এইচ মনসুর বলেন, আদমজী পাটকল বন্ধ করে কী উপকার হয়েছে, তা আজ দৃশ্যমান। এটাকে উদাহরণ হিসেবে ধরে অন্য লোকসানি প্রতিষ্ঠানগুলো বন্ধ করার বিষয়ে ভাবা যেতে পারে। লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, সরকারি এসব প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে আনতে পারলে ভালো হবে। এদের কড়া নির্দেশনা দিয়ে বাজারে আনতে হবে।
আহসান এইচ মনসুর বলেন, ‘টাকা ছাপিয়ে, ঋণ করে বাজেট বাস্তবায়ন করা যাবে না। আমাদের ব্যয়ের গুণগত মান নির্দিষ্ট করতে হবে। সড়ক নির্মাণের ১ বছরের মধ্যে কেন ভেঙে যাচ্ছে? এসব দেশের অর্থনীতির জন্য খারাপ হতে পারে।’