করের আওতা বাড়ানোর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করের আওতা আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস বাংলাদেশ (আইসিএবি)। আইসিএবি বলেছে, করের আওতা বাড়ানো না গেলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়ানো সম্ভব হবে না।গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারের আইসিএবির নিজস্ব কার্যালয়ে ‘জাতীয় বাজেট ২০১১-১২’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলা হয়। অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির কাউন্সিল সদস্য আখতার মতিন চৌধুরী। প্যানেল আলোচক ছিলেন আইসিএবির সহসভাপতি মো. শাহাদাত হোসেন ও এনবিআরের সদস্য আমিনুর রহমান। আইসিএবির সাবেক সভাপতি এ এস এম নাইম সেমিনার পরিচালনা করেন। আর স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি পারভীন মাহমুদ। মূল প্রবন্ধে বলা হয়, বাজেট হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, জাতীয়, তথা সামগ্রিক শাসন পরিচালনাতন্ত্রের একটি বার্ষিক পরিকল্পনা। ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের বাজেট। এই বাজেটের ৫৯ শতাংশ অর্থায়ন আসবে কর থেকে। বাজেটে যে ঘাটতি আছে তা পূরণ করতে সরকারকে ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে হবে। এতে ব্যক্তিগত খাত ক্ষতিগ্রস্ত হবে। এতে আরও বলা হয়, দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের করপোরেট করের হার বেশি। এতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে না। কর-জিডিপির হারও দেশটির সবচেয়ে কম। প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ-ভাতা (ইনভেস্টমেন্ট অ্যালাউন্স) ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা হয়েছে, যা বাস্তবোচিত নয়। মুস্তফা কামাল বলেন, দেশের সামষ্টিক অর্থনীতির চিত্র যেকোনো সময়ের তুলনায় স্থিতিশীল। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার এবার ৬ দশমিক ৭ শতাংশ হবে, আর ভবিষ্যতে দাঁড়াবে সাত শতাংশ। শিল্প খাতে প্রবৃদ্ধি নয় শতাংশ ছাড়িয়ে, রিজার্ভ আশাব্যঞ্জক ও কৃষি খাতে রীতিমতো বিপ্লব শুরু হয়েছে। কৃষি খাতে যত বেশি দেওয়া হচ্ছে তত বেশি ফলাফল পাওয়া যাচ্ছে। শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভালো করতে না পারার কথা স্বীকার করেন মুস্তফা কামাল। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে এক বছরে পণ্যমূল্য বেড়েছে ৩৬ শতাংশ। এর একটা প্রভাব তো দেশীয় বাজারে পড়বেই। অন্যদিকে, বিশ্বের প্রায় সব দেশ কয়লা দিয়ে জ্বালানি খাতের উন্নয়ন করছে। আমরা কবে যে কয়লা ব্যবহার করতে পারব জানি না।’ ভ্যাট আইন বাংলায় আছে, ইংরেজিতে নেই উল্লেখ করে কামাল বলেন, বিদেশিরা বিষয়টি নিয়ে হাসাহাসি করে। ভয়ভীতি দূর হলে এবং আইনকে সহজ করতে পারলে অনেক বেশি কর আদায় হবে বলে আশাবাদী মুস্তফা কামাল।চার্টার্ড অ্যাকাউনটেন্টদের ‘স্বজন, বন্ধু, প্রাণের স্পন্দন, পরিবারের সদস্য’ আখ্যা দিয়ে তাঁদের মধ্য থেকে আরও বেশি হারে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানান সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, সাত শতাংশ হারে জিডিপির প্রবৃদ্ধি অর্জন করতে যে ধরনের করহার করা দরকার, আগামী অর্থবছরের বাজেটের জন্য তাই করা হচ্ছে। তবে ‘তার আগে আমি নিজে এনবিআরের চেয়ারম্যান না হয়ে সাধারণ একজন করদাতা হলে কী হতো, তা বোঝার চেষ্টা করেছি’ বলে উল্লেখ করেন তিনি। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, করের ওপর আলোচনা শুধু বাজেট পাস হওয়ার আগের তিন মাস না করে সারা বছরই করা দরকার। এনবিআর সদস্য আমিনুর রহমান বলেন, দেশে ব্যক্তি শ্রেণীর আয়কর অন্য দেশের তুলনায় কম। আগামী দিনে করদাতার সংখ্যা বাড়বে বলে মনে করেন তিনি। শিগগিরই এমন সময় আসছে যে, করদাতা শনাক্তকরণ নম্বরের (টিআইএন) জন্য আর এনবিআরের কাছে যেতে হবে না।৫৫ হাজার কোম্পানির মধ্যে ১০ হাজার কোম্পানির কর ফাইল থাকলেও বাকিদের ফাইল কোথায়? প্রশ্ন রাখেন আমিনুর রহমান। সম্পদের ওপর কর দেওয়ার একটা বিষয় আলোচিত হলেও তার আগে সম্পদের মূল্যায়নের সঠিক পদ্ধতি করার দরকার বলে তিনি মত দেন।