করের আওতা বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
...
...

আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে করের আওতা বাড়ানোর সুপারিশ করেছেন সাংসদেরা। একই সঙ্গে বিনিয়োগ বাড়াতে অবকাঠামো উন্নয়নের গুরুত্বও তুলে ধরেন তাঁরা।

গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা এ দাবি জানান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ দাবির সঙ্গে একমত পোষণ করেন অর্থমন্ত্রীও।

স্থায়ী কমিটির সভাপতিদের বক্তব্যের পর অর্থমন্ত্রী বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন, অর্থ পাচার হচ্ছে। মালয়েশিয়া, দুবাইয়ে বাড়ি কেনা হচ্ছে। কিন্তু ধরা যাচ্ছে না। এ জন্য গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ব্যাংক, পুলিশের বিশেষ কৌশল থাকা দরকার।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা শহরের বাইরে শিল্প-কারখানা করা হলে বিভিন্ন সুযোগসুবিধা দেওয়া হবে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। জমির নিবন্ধনমূল্য সম্পর্কে তিনি বলেন, এবার ঢাকা শহরে জমির দাম বাড়ানো হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক কারণে পাটের বাজার হারিয়েছে। এখন খামোখা আমরা পাটশিল্পে বরাদ্দ দিচ্ছি। এতে হাজার হাজার কোটি টাকা লোকসান হচ্ছে।’ 

একই অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন জানান, সর্বশেষ হিসাবমতে এক লাখ ৬২ হাজার বাড়ি চিহ্নিত করা হয়েছে, যার মালিকদের থেকে সরকার কোনো কর পাচ্ছে না। এসব বাড়িকে এবার করের আওয়াতায় আনা হবে। আবার ২৬৫টি নতুন গাড়ি ঢাকার রাস্তায় চিহ্নিত করা হয়েছে, যেখান থেকে কর পাওয়া যায়নি। গত ছয় মাসে এ ধরনের ২৬টি মার্সিডিজ বা বিএমডব্লিউ থেকে কর আদায় করা হয়েছে।

আইন বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নতুন করের আওতা বাড়াতে হবে। প্রত্যক্ষ করের আওতা বাড়াতে হবে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, তাই সংসদের সহযোগিতার প্রয়োজন হবে। তিনি বলেন, তেজগাঁও শিল্প এলাকায় রাজনৈতিক লোক বা মিডিয়ার লোককে ভূমি বরাদ্দ দেওয়া হচ্ছে কিন্তু শিল্প গড়ে উঠছে না। একই অবস্থা টঙ্গী শিল্প এলাকায়। বিনিয়োগের জন্য বিদেশিরা আসছেন কিন্তু জমি পাচ্ছেন না। তাই তিন বছর বা নির্দিষ্ট সময়ে শিল্প গড়ে না তুললে ভূমির বরাদ্দ বাতিল করা উচিত।

সুরঞ্জিত আরও বলেন, দেশ থেকে পুঁজি পাচার হয়ে যাচ্ছে। মালয়েশিয়া, কানাডা বা দুবাইয়ে প্লট কেনা হচ্ছে। এ টাকা কীভাবে পাচার হচ্ছে তা বের করতে হবে।

বিমান ও পর্যটনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান বলেন, ভূমির সমস্যায় দেশে বিনিয়োগ হচ্ছে না। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রক্রিয়া আরও সহজ করার প্রস্তাব দেন তিনি।

পানিসম্পদ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশচন্দ্র সেন বলেন, ‘ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো দেশ আমাদের থেকে এগিয়ে গেলেও আমরা পারছি না। এর কারণ হলো আমাদের ঐক্য নেই, আমাদের ধৈর্য নেই।’

তথ্যবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রহমতউল্লাহ বলেন. বিগত ৪৩ বছরেও বিনিয়োগ পরিবেশ তৈরি করা সম্ভব হয়নি। রংপুর, দিনাজপুরের মতো জেলায় তৈরি পোশাকশিল্পপল্লি গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম তাঁর বক্তব্যে প্রবাসীদের কল্যাণে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন, বিদ্যুৎ খাতে বাড়তি বরাদ্দের কথা বলে চাহিদা অনুযায়ী অন্য মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয় না। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ১০ হাজার ৩৬৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও উৎপাদন হচ্ছে মাত্র ৬ হাজার মেগাওয়াট।

বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আশরাফ তাঁর বক্তব্যে করের আওতা বৃদ্ধি করার আহ্বান জানিয়ে বলেন, অর্থবছর শেষ হতে মাত্র এক মাস বাকি। কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) ৩০ থেকে ৪০ শতাংশের বেশি বাস্তবায়ন হয়নি।