করের জন্য 'অপরিবর্তনীয় ডেডলাইন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত নতুন অর্থ বাজেটে অপরিবর্তনীয় ডেডলাইন করার প্রস্তাব করা হয়েছে—যা কর দিবস নামে অভিহিত হবে। এই তারিখটি হবে ৩০ অক্টোবর। তবে সেদিন সরকারি ছুটি হলে পরবর্তী কার্যদিবসকে কর দিবস হিসেবে গণ্য করার প্রস্তাব করা হয়।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমানে কোম্পানি ছাড়া অন্যান্য করদাতার জন্য রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। প্রতিবছরই করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়। কখনো কখনো রিটার্ন দাখিলের শেষ তারিখ একাধিকবার বর্ধিত হয়। করদাতারা প্রতিবছরই সময় বাড়বে বলে ধরে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করেন না। ফলে কর নির্ধারণ ও রাজস্ব আহরণ কার্যক্রম পিছিয়ে যায়।

অন্যদিকে এতে রিটার্ন জমার সর্বশেষ সময়সীমা–সংক্রান্ত আইনি বিধানটি গুরুত্ব হারাচ্ছে বলে মনে করেন মুহিত। তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশে রিটার্ন জমার জন্য অপরিবর্তনীয় ডেডলাইন দিবস রয়েছে। আমি প্রস্তাব করছি যে বাংলাদেশেও রিটার্ন দাখিলের জন্য একটি অপরিবর্তনীয় ডেডলাইন থাকবে, যা “কর দিবস” নামে অভিহিত হবে। সাধারণভাবে ৩০ অক্টোবর হবে কর দিবস। কর দিবস প্রবর্তনের ফলে দেশের কর পরিপালন সংস্কৃতিতে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করা যায়।’