করের টাকায় আবারও ব্যাংকের মূলধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম-দুর্নীতি করে নিজের মূলধন খেয়ে ফেলেছে সরকারি খাতের পাঁচ ব্যাংক। জনগণের করের টাকায় আবারও এসব ব্যাংকের মূলধন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠনে ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এর ফলে অনিয়ম-দুর্নীতি আরও উৎসাহিত হবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। পাশাপাশি লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার দাবিও জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো।
মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকগুলো হলো সোনালী, রূপালী, বেসিক, বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি ব্যাংকগুলোর অবস্থা তো খারাপ। ঋণখেলাপি বাড়ছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এসব প্রতিষ্ঠান। এসব কার্যকরভাবে মোকাবিলা করতে না পারলে দুর্নীতি আরও বাড়বে। ঋণখেলাপি রাঘববোয়ালদের বিশেষায়িত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। না হলে প্রতিবছর এভাবে মূলধন নেওয়াটা ব্যাংকের জন্য রোগে পরিণত হবে। জনগণের পকেট কেটে এভাবে অর্থ দেওয়াটা অপচয় ছাড়া কিছু হবে না।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে ব্যাংকগুলোকে মূলধন পুনর্গঠনে দেওয়া হয় ২ হাজার ৬১৭ কোটি টাকা। চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মূলধন পুনর্গঠনে বরাদ্দ রাখা হয় ৫ হাজার কোটি টাকা। তবে শেষ পর্যন্ত সংশোধিত বাজেটে তা দাঁড়ায় ১ হাজার ৮০০ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার কোটি টাকা।
এ বিষয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) গতকাল এক বাজেট প্রতিক্রিয়ায় বলেছে, সরকারি খাতের ব্যাংকের জন্য নতুন করে ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা মোটেও ঠিক নয়। সাধারণ মানুষের করের টাকায় ভর্তুকি দিয়ে ব্যাংক চালানোর কোনো মানেই হয় না। এ টাকা অবকাঠামো উন্নয়নে ব্যয় করার অনুরোধ জানায় সংগঠনটি। পাশাপাশি অলাভজনক সরকারি ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ অথবা বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করা উচিত বলে মনে করেন বিসিআই।
জানা গেছে, ২০১২ সালে সোনালী ব্যাংক থেকে হল-মার্ক গ্রুপ যে সাড়ে ৪ হাজার কোটি টাকা বের করে নেয়, তার ক্ষতি এখনো পোষাতে পারেনি ব্যাংকটি। ফলে চার বছর পর এসেও ব্যাংকটিকে সরকারের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে মূলধন জোগানের জন্য। বেসিক ব্যাংক থেকে নামে-বেনামে সাড়ে ৩ হাজার কোটি টাকা বের করা হয়, এর ক্ষতিও এখনো কাটিয়ে উঠতে পারেনি ব্যাংকটি। কৃষকদের ঋণ দেওয়ার পরিবর্তে বৈদেশিক ব্যবসার জন্য বড় ব্যবসায়ীদের ঋণ দিয়ে ফেরত না পাওয়ায় ৭ হাজার কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়েছে। রূপালী ব্যাংকও বড় খেলাপিদের থেকে অর্থ আদায় না করতে পেরে বিপাকে আছে।