করের পরিমাণ নয়, আওতা বাড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার একটি হোটেলে বাজেটবিষয়ক পরামর্শক সভায় বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রথম আলো
ঢাকার একটি হোটেলে বাজেটবিষয়ক পরামর্শক সভায় বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রথম আলো

আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে করের পরিমাণ না বাড়িয়ে করের আওতা বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা৷ তাঁরা বলছেন, এটি করতে না পারলে নিয়মিত করদাতাদের ওপর করের চাপ আরও বাড়বে৷

আসন্ন বাজেট সামনে রেখে রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৩৫তম সভায় ব্যবসায়ীরা এসব প্রস্তাব করেছেন৷ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও এনবিআর যৌথভাবে এ সভার আয়োজন করে৷

এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনের সঞ্চালনায় সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্‌মদ বলেন, বাজেটে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর দিকে মনোযোগী হওয়া দরকার৷ এতে যাঁরা নিয়মিত কর দিয়ে যাচ্ছেন, তাঁদের ওপর চাপ সৃষ্টি হবে না৷ পরোক্ষ করের ওপর অতিমাত্রায় নির্ভরশীল না হয়ে প্রত্যক্ষ কর আদায়ে জোর দেওয়া প্রয়োজন৷

এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক বলেন, ‘রাজস্ব আদায়ে এবার বড় লক্ষ্যমাত্রা ঠিক করেছেন৷ এ জন্য কর বাড়াচ্ছেন৷ কিন্তু এটা করতে গিয়ে আমাদের ব্যবসায়িক ব্যয় বাড়িয়ে দেবেন না৷ আপনারা অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রকল্প কমিয়ে আমাদের ওপর চাপ কমাতে পারেন৷’

বাংলাদেশ অটো রাইস মিল ও হাসকিং মিল মালিক সমিতির আহ্বায়ক কে এম লায়েক আলী বলেন, ‘হাসকিং মিলগুলোর এক-তৃতীয়াংশই করের আওতায় নেই৷ সবাইকে করের আওতায় আনা হোক৷ এক্ষেত্রে ফিক্সড ট্যাক্স করে দেন৷’

সভার প্রধান অতিথি অর্থমন্ত্রী বলেন, জাতীয় উৎপাদনের সুরক্ষা দেওয়ার উদ্যোগ আগামী বাজেটেও থাকবে৷ ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা নিয়ে বেশি আশা করবেন না৷ তবে এমন একটা সীমা নির্ধারণ করা হবে, যেন আগামী ১০ বছর তা বদলাতে না হয়৷ তিনি আরও জানান, অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি টাকার সমমূল্যের আড়াই লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা রয়েছে৷

মুহিত আরও বলেন, ২০১৫ সালে মূসক আইন যখন বাস্তবায়ন শুরু হবে, তখন ব্যবসায়ীরা তা পছন্দ করবেন৷ কারণ, এটা অত্যন্ত সহনীয় কর হিসেবে চিহ্নিত হবে৷ তিনি জানান, কর ফেরত বা প্রত্যর্পণের জন্য একটি তহবিল গঠন করা হবে৷ এমন ব্যবস্থা থাকবে, যাতে সহজে করের অর্থ ফেরত পান৷ সত্যিকার অর্থে এখন অনেকে করের অর্থ ফেরত পান না৷

অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটে সিগারেটের শুল্ক বাড়বে৷ এ ছাড়া গাড়ির শুল্কহার পুনর্বিন্যাসের জন্য এনবিআরকে নির্দেশনাও দেওয়া হয়েছে৷

সভায় এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘আমরা এ পর্যন্ত দুই হাজারের বেশি বাজেট প্রস্তাব পেয়েছি৷ তার অধিকাংশই শুল্ক-কর কমানোর বিষয়ে৷ যদি সবই কমানো হয়, তাহলে এক লাখ ৪৯ হাজার কোটি টাকার রাজস্ব কীভাবে আসবে?’ তিনি আরও বলেন, ‘আমরা এখন জোর দিচ্ছি আয়কর আর মূসকের ওপর৷ আয়করে সম্ভাবনা অনেক৷ আমাদের সেটা ধরতে হবে৷ আপনারা আমাদের সহায়তা করুন৷’

আলোচনা: রপ্তানিকারকদের সংগঠন ইএবির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নের জন্য কর অবকাশ-সুবিধা ও এক অঙ্কের সুদে ব্যাংকঋণের সুবিধাসহ একটি প্যাকেজ ঘোষণার কথা বলেন৷

ব্যাংকের সুদের হার ৯ শতাংশের ওপরে ওঠা উচিত নয় মন্তব্য করে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ চেম্বারের সভাপতি এ কে আজাদ বলেন, বিভিন্ন ব্যাংকে সংঘটিত হল-মার্ক, বিসমিল্লাহ গ্রুপের মতো কেলেঙ্কারির কারণেই ঋণ ও আমানতের সুদের হারের ব্যবধান (স্প্রেড) কমানো যাচ্ছে না৷ তিনি জুট স্পিনিং খাতে আগের মতো ১০ শতাংশ নগদ সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র আমদানিতে আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবি জানান৷

এর পরিপ্রেক্ষিতে এনবিআরের চেয়ারম্যান বলেন, অগ্নিনির্বাপক যন্ত্রে শুল্ক কমানোর প্রজ্ঞাপন আগামী সপ্তাহে জারি হতে পারে৷

বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী বলেন, ২০১৫ সালের জুলাইয়ের পর আর কোনো নিয়ন্ত্রণমূলক শুল্ক থাকবে না৷ সম্পূরক শুল্কের আওতাও কমে যাবে৷ তখন ব্যবসায়ীদের সুরক্ষা দিতে হবে কাউন্টারভেইলিং, এন্টি-ডাম্পিং ও সেইফগার্ড শুল্কের মাধ্যমে৷ তবে এই সুবিধা পেতে প্রয়োজনীয় তথ্য দিয়ে ব্যবসায়ীদের আবেদন করতে হবে৷ কিন্তু ব্যবসায়ীরা এ বিষয়ে সচেতন নন, তথ্য দিতেও আগ্রহী থাকেন না৷ কিন্তু এটি ছাড়া তখন দেশীয় শিল্পকে আর সুরক্ষা দেওয়া সম্ভব হবে না৷

এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি জসীম উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি স্থগিতের ক্ষেত্রে দায়ী নয়, এমন পণ্য প্রস্তুতকারকেরাই এ ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ জিএসসি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এসব ক্ষতিগ্রস্ত খাতকে নগদ সুবিধা দেওয়া হোক৷

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহসভাপতি আলমাস কবির বলেন, ইন্টারনেট সেবাদানকারীদের ওপর ১৫ শতাংশ হারে মূসক তুলে দেওয়া উচিত৷

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘একেক সময়ে একেক ধরনের নীতিমালা করা হয়৷ নীতির ক্ষেত্রে ধারাবাহিকতা থাকা দরকার৷’

গোপালগঞ্জ চেম্বারের সভাপতি কাজী জিন্নাত আলী বলেন, ‘গত বাজেটে পরিবেশকদের ওপর ৫ শতাংশ কর আরোপ করা হয়েছে৷ কিন্তু আমরা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কমিশনই পাই ৩ শতাংশ৷ আমরা কর দিতে চাই৷ কিন্তু এভাবে তো কর দেওয়া সম্ভব নয়৷’

অনুষ্ঠানে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশ চেম্বারের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরীসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অর্ধশতা​িধক নেতা ও প্রতিনিধি বক্তব্য দেন৷ এর মধ্যে দুজন সাংসদও ছিলেন৷