আমলাতান্ত্রিক জটিলতা আর করের ভয়ে ব্যবসায়ীরা অনেক সময় সঠিক তথ্য দিতে চান না। আর সঠিক তথ্য ছাড়া অর্থনীতি তথা দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন।
‘অর্থনৈতিক শুমারি ২০১৩’ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এ কথা বলেছেন। সভায় অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল শনিবার যৌথভাবে এ সভার আয়োজন করে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং বিবিএস।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান বলেন, আন্তর্জাতিক মানের শুমারি করার জন্য কাজ করছে বিবিএস। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ব্যবসায়ী ও তাঁদের দেওয়া তথ্যের গোপনীয়তা বজায় রাখা ও তাঁদের যেন কোনো ধরনের হয়রানি না করা হয়, সে জন্য বিবিএসকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিবিএসের উপমহাপরিচালক মিজানুর রহমান বলেন, অর্থনৈতিক শুমারি আয়করের সঙ্গে সম্পৃক্ত নয়। এ জন্য শুমারিতে ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহায়তা করা উচিত। তিনি জানান, সব তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে।
সভায় এফবিসিসিআইয়ের দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিন ছাড়াও ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।