করের ভিত্তি বাড়ানোর জন্য উপজেলা পর্যন্ত যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আবদুল মজিদ
মোহাম্মদ আবদুল মজিদ

প্রথম আলো: এনবিআর কেন আয়কর দিবসের আয়োজন করছে?
মোহাম্মদ আবদুল মজিদ: বাংলাদেশে কর-জিডিপির অনুপাত বেশ কম। এতে বোঝা যায় যে অর্থনৈতিক কাঠামো ঠিক নেই। কিন্তু অর্থনীতিতে টাকা আছে। মানুষ কর দিতে চায় না। আবার কর নেওয়াও হয় না। করদাতাদের সচেতনতা বাড়ানোর যেমন উদ্যোগ নেই, তেমনি করদাতাদের দায়িত্বশীলতার অভাব রয়েছে। কর দিয়ে রাষ্ট্রের কাছে করদাতারা কাঙ্ক্ষিত সেবা পান না। তাই অনেকে কর দিতে চান না। এমন ধরনের কর্মকাণ্ড মানুষকে কর দিতে কিংবা কর ফাঁকি দিতে উৎসাহিত করছে। আবার তৃতীয় পক্ষ বা আইনজীবীর মাধ্যমে আয়কর বিবরণী জমা দেন অনেক করদাতা। এতে তাঁদের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষ জেনে যায়, অর্থও খরচ হয়। এসব পরিস্থিতি বিবেচনায় আমি ২০০৮ সালে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে কর সংস্কৃতিকে আন্দোলনে রূপ দেওয়ার চিন্তাভাবনা শুরু করি। এর পরই প্রতিবছর ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। আয়কর দিবসে শুধু শোভাযাত্রা, আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতি জেলায় পাঁচজনকে সেরা করদাতার পুরস্কার দেওয়া হয়। এতে করদাতাদের মধ্যে উৎসাহ বেড়ে যায়।
প্রথম আলো: করদাতাদের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য করমেলার ধারণাটি কীভাবে এল?
আবদুল মজিদ: একবার নোয়াখালী জেলার সেনবাগে স্বপ্রণোদিত কর প্রদান অনুষ্ঠানে গিয়েছিলাম। তখন বয়োবৃদ্ধ একজন করদাতা বললেন, ছোট জেলা বা উপজেলায় কর কার্যালয় খোলা সম্ভব নয়। আবার করদাতাদের পক্ষে জেলা সদরে বা দূরের কর কার্যালয়ে গিয়ে কর দেওয়াও সম্ভব নয়। এমন অবস্থায় উপজেলা পর্যায়ে একটি নির্দিষ্ট দিন আগে থেকেই ঠিক করা হোক এবং সেদিন কর কর্মকর্তারা এসে করদাতাদের কাছ করের অর্থসহ রিটার্ন জমা নেবেন। ওই বৃদ্ধ ব্যক্তির ধারণাটি বেশ উৎসাহব্যঞ্জক ছিল। এর পরই কর-সংক্রান্ত সেবা করদাতার কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। পিজি হাসপাতাল, সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানে গিয়ে নতুন করদাতা চিহ্নিতকরণ ও কর আহরণের উদ্যোগ নেওয়া হলো। এভাবেই পুরোনো ব্যবস্থা থেকে এনবিআর বেরিয়ে আসতে শুরু করল। তবে এসব ব্যবস্থাকে অর্থবহ করতে হবে। বিভাগীয় শহর বা জেলা পর্যায়ে করমেলার আয়োজনটি বেশ ভালো। করমেলায় এসে কর-সংক্রান্ত সেবা পান করদাতারা। তবে এসব করমেলায় পুরোনো করদাতারাই বেশি আসেন।
প্রথম আলো: তাহলে কী করা উচিত?
আবদুল মজিদ: করের ভিত্তি প্রসারিত করতে হবে। বাংলাদেশে অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অনেক ‘গ্রোথ সেন্টার’ তৈরি হয়েছে। উপজেলা পর্যায়ে করযোগ্য বা কর প্রদানে সামর্থ্যবান অনেক ব্যক্তি রয়েছেন। করের ভিত্তি প্রসারিত করতে সেই উপজেলায় কর-সংক্রান্ত সেবা কার্যক্রম নিয়ে যেতে হবে। উপজেলা পর্যায়ে এই করসেবা প্রদান বা করমেলা করা উচিত। আর উপজেলা পর্যায়ে সামর্থ্যবান ব্যক্তি বা পেশাজীবীদের খুঁজে বের করা খুব কঠিন নয়। আমি দায়িত্ব পালনকালে সব উপজেলা নিবাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে তাঁদের নিজ নিজ এলাকার আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার তালিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছিলাম। তাঁদের করজালে আনতে পারলেও করের ভিত্তি আরও বিস্তৃত হবে।
প্রথম আলো: কর ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি কতটা জরুরি?
আবদুল মজিদ: এটা খুবই জরুরি। করদাতা ও কর আদায়কারীর মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ করে দেওয়া হলে হয়রানি ও ভুল বোঝাবুঝি কম হবে। উন্নত দেশের করদাতারা তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই কর দেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, ১৯৯০ সালের পর থেকে ২৪০ কোটি টাকার মোট ১০টি প্রকল্প গ্রহণ করা হলেও কোনোটিই শেষ পর্যন্ত যথাসময়ে কার্যকর ও পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। সম্প্রতি স্বয়ংক্রিয় পদ্ধতি বা অনলাইনে কর পরিশোধের ব্যবস্থা চালু করা হয়েছে। অনলাইনে টিআইএন নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এটা ভালো। এতে ভুয়া টিআইএনধারী থাকবে না। তবে এ ব্যবস্থা সহজে ব্যবহারের উপযোগী করতে হবে। আয়কর বিবরণী ফরম আরও সহজ করতে হবে।
প্রথম আলো: চলতি অর্থবছরে এনবিআরের বিশাল লক্ষ্য নির্ধারণ কতটা যৌক্তিক?
আবদুল মজিদ: এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত কি না, দেখতে হবে। চলতি অর্থবছরে তিনটি সরকার ক্ষমতায় থাকবে। এ ছাড়া রাজনৈতিক অনিশ্চয়তাও রয়েছে। পারিপার্শ্বিকতা ভাবতে হবে। তা নিয়ন্ত্রণের বাইরে থাকলে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম থাকবে। কেননা, ব্যবসা-বাণিজ্য না হলে কাঙ্ক্ষিত কর আদায় হবে না।
[সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ]