করের স্বর্গ যে ১০ দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো উচ্চ আয়ের দেশগুলোই এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া কর ফাঁকির অর্থ রাখার আশ্রয়স্থল হয়ে উঠছে। এতে ট্যাক্স হ্যাভেন বা করের স্বর্গ হিসেবে পরিচিত ছোট দেশগুলো খানিক পিছিয়ে পড়ছে। তবে করের স্বর্গ বা কালোটাকা রাখার ‘গ্র্যান্ডফাদার’ বা ‘দাদা’ খ্যাত সুইজারল্যান্ডের বাজারও কমছে।

করের স্বর্গ হিসেবে এবার শীর্ষে উঠে এসেছে কেম্যান আইল্যান্ড, যেটি গত বছর ছিল তৃতীয়। দেশটিতে বিভিন্ন দেশের বহুজাতিক কোম্পানি ও ধনী ব্যক্তিরা কর সুবিধার অপব্যবহার করে ও কর ফাঁকি দিয়ে এক বছরে ৭ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার নিয়ে গেছে। এই অর্থ বিশ্বব্যাপী মোট কর ফাঁকির প্রায় ছয় ভাগের ১ ভাগ বা ১৬ দশমিক ৫ শতাংশ।

বিশ্বব্যাপী দেশে দেশে যে পরিমাণ কর ফাঁকি দেওয়া হয়, তার প্রায় ১০ শতাংশই (৯.৯%) যায় যুক্তরাজ্যে। দেশটিতে এক বছরে পাচার হয়েছে ৪ হাজার ২৫০ কোটি ডলার। বদৌলতে যুক্তরাজ্য ২০১৯ সালে ১৩ নম্বর অবস্থান থেকে এক লাফে দ্বিতীয় স্থান দখল করেছে। ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডস আছে তৃতীয় স্থানে, যেখানে যায় ৩ হাজার ৬৪০ কোটি ডলার। গতবারের ২৫তম অবস্থান থেকে এবার পঞ্চম স্থানে উঠে আসা মার্কিন যুক্তরাষ্ট্রে যায় ২ হাজার ৩৬০ কোটি ডলার। ২ হাজার ৭৬০ কোটি ডলার নেওয়া হয় লুক্সেমবার্গে। দেশটির অবস্থান চতুর্থ।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা ও বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক (টিজেএন) সম্প্রতি প্রকাশিত ‘কর ন্যায়বিচারের পরিস্থিতি ২০২০: কোভিড–১৯ কালে কর–ন্যায়বিচার’ শীর্ষক প্রতিবেদনে করের স্বর্গখ্যাত দেশগুলোর তালিকা তুলে ধরা হয়েছে। যেসব দেশে অন্যান্য দেশ থেকে নির্বিচারে কর ফাঁকির অর্থ পাচার হয়, সেগুলোকে ‘ট্যাক্স লস’ বা কর-ক্ষতির জন্য দায়ী এবং করের অর্থ অপব্যবহারে সহায়তাকারী বলে উল্লেখ করেছে টিজেএন।

বহু বছর ধরে কর স্বর্গ হিসেবে পরিচিত কিছু ছোট ছোট দেশ এখনো তালিকার প্রথম দিকেই রয়েছে। এর মধ্যে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ৮ম ও বারমুডা ১১তম। ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে এশিয়ার হংকং ও চীন। ৯ম ও ১০ স্থানে আছে যথাক্রমে আয়ারল্যান্ড ও সিঙ্গাপুর। সুইজারল্যান্ড গত বছরের তৃতীয় থেকে ছিটকে এবারে ১২তম স্থানে নেমে গেছে। শীর্ষ ১০ দেশেই গেছে কর ফাঁকির দুই-তৃতীয়াংশ বা ৬৭ দশমিক ৪২ শতাংশ অর্থ। আর যুক্তরাজ্য এবং তাদের ঔপনিবেশ ও ব্রিটিশ রানিকে নিজেদের রানি মানে এমন দেশগুলোতে যায় ৫৫ দশমিক ৪ শতাংশ অর্থ।

টিজেএনের প্রতিবেদনমতে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বছরে কর ফাঁকি দিয়ে যে পরিমাণ অর্থ কর স্বর্গখ্যাত দেশগুলোতে পাচার হয়, তার পরিমাণ ৪২ হাজার ৭০০ কোটি ডলার। এর মধ্যে করপোরেট প্রতিষ্ঠানগুলো নেয় ২৪ হাজার ৫০০ কোটি ডলার। বাকি ১৮ হাজার ২০০ কোটি ডলার নেয় বিভিন্ন দেশের স্থানীয় কর ফাঁকিবাজ ধনিক গোষ্ঠী।

আবার কর ফাঁকি দিয়ে পাচার করা মোট অর্থের মধ্যে ৩৮ হাজার ২৭০ কোটি ডলার উচ্চ আয়ের দেশগুলোর। বাকি ৪ হাজার ৫০০ কোটি ডলার স্বল্প আয়ের দেশগুলোর। শতকরা হিসাবে স্বল্প আয়ের দেশগুলোতে যে পরিমাণ কর ফাঁকি দেওয়া হয়, তা তাদের আদায় করা মোট করের ৫ দশমিক ৮ শতাংশ। উন্নত দেশগুলোতে এই হার আড়াই শতাংশ।

টিজেএনের প্রতিবেদন বলছে, সারা বিশ্বের কর ফাঁকির ৯৮ শতাংশ অর্থ যায় উচ্চ আয়ের দেশগুলোতে। স্বল্প আয়ের দেশগুলোতে নেওয়া হয় মাত্র ২ শতাংশ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর স্বর্গের শীর্ষ দশে যেমন আছে, তেমনি কর হারানোর (ফাঁকি) ক্ষেত্রেও দেশ দুটির অবস্থান যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে। এ ছাড়া জার্মানি তৃতীয় ও ফ্রান্স চতুর্থ স্থানে আছে।