করোনা সিমেন্ট খাতে মড়ার ওপর খাঁড়ার ঘা

দুই বছর ধরে আন্তর্জাতিক বাজারে সিমেন্টের কাঁচামালের দাম বাড়তি। এতে আগে থেকেই সিমেন্ট খাত লোকসানের মুখোমুখি। এর মধ্যে অনেকটা মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এল করোনাভাইরাস।
সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর থেকে সিমেন্ট কারখানার উৎপাদন ৯০ শতাংশ কমে গেছে। দেশের নির্মাণকাজেরও প্রায় ৯০ শতাংশ এখন বন্ধ। কবে নাগাদ তা আবার স্বাভাবিক হবে, তা কেউ বলতে পারছে না। সর্বশেষ মার্চে কিছু সিমেন্ট বিক্রি হয়েছিল। এপ্রিলে তা ভয়াবহভাবে কমে যায়।
সব মিলিয়ে সিমেন্ট কোম্পানিগুলোতে নগদ অর্থের সরবরাহ একেবারেই কমে গেছে। কিন্তু শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা চালিয়ে যেতে হচ্ছে। পাশাপাপাশি অন্যান্য নিয়মিত খরচও আছে। সিমেন্টের কাঁচামাল প্রায় পুরোটাই আমদানিনির্ভর। এ পর্যন্ত যত ঋণপত্র খোলা হয়েছে, তা–ও এখন বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।
সিমেন্ট খাত গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধে কোনো ছাড় পায়নি। প্রশ্ন উঠতে পারে, সরকার যে প্রণোদনা প্যাকেজ দিয়েছে, সেখানে সিমেন্ট খাত রয়েছে কি না। হ্যাঁ, হয়তো রয়েছে। কিন্তু সেটা অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারিত হবে এবং যার প্রয়োজন হবে নেবে। কিন্তু এতে ঋণের বোঝা আরও বেড়ে যাবে।
আমি ব্যক্তিগতভাবে মনে করি, এত টাকার অতিরিক্ত ঋণ ব্যাংকগুলো কোনোভাবেই দিতে পারবে না। কারণ ব্যাংকের যে তারল্য সক্ষমতা রয়েছে, তা কমে যাচ্ছে। ইতিমধ্যেই ছোট-বড় আমানতকারীদের একাংশ ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে এবং নিচ্ছে। সে ক্ষেত্রে তারল্যসংকট আরও বাড়বে। ব্যাংকে অর্থের সরবরাহ কমে গেলে বিপাকে পড়ব আমরা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে গেলেও আগামী দিনগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড গতি হারাবে বলে আমাদের আশঙ্কা। এতে সরকারের উন্নয়নকাজ ও বেসরকারি খাতে নির্মাণকাজে ভাটা পড়বে। সব মিলিয়ে সিমেন্টের ব্যবহার অনেক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যার নেতিবাচক প্রভাব সিমেন্ট খাতে পড়বে।
সিমেন্টশিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ নির্মাণশ্রমিক, সিমেন্ট কারখানার শ্রমিক ও কর্মচারী যুক্ত। সরকার এ খাত থেকে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব পায়। বর্তমান পরিস্থিতিতে আমি সরকারের কাছে আবেদন জানাব, এই শিল্পকে রক্ষা করুন।
মো. আলমগীর কবির: সভাপতি, বিসিএমএ