করোনার অর্থনৈতিক ক্ষতি কাটানোর কৌশল নির্ধারণে ব্যবসায়ীদের নতুন মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরুর রিয়াজ, আবুল কাসেম খান, নিহাদ কবির, আসিফ ইব্রাহীম, শামস মাহমুদ, সৈয়দ নাসিম মঞ্জুর
মাশরুর রিয়াজ, আবুল কাসেম খান, নিহাদ কবির, আসিফ ইব্রাহীম, শামস মাহমুদ, সৈয়দ নাসিম মঞ্জুর

দেশের অর্থনীতি ও বেসরকারি খাতে গতি ফেরানোর কৌশল ঠিক করতে নতুন একটি মঞ্চ বা প্ল্যাটফর্ম গঠন করেছে তিনটি বাণিজ্য সংগঠন ও দুটি বেসরকারি সংস্থা।

মঞ্চটির নাম দেওয়া হয়েছে রিসারজেন্ট বাংলাদেশ। এটি গঠন করেছে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) ও পলিসি এক্সচেঞ্জ।

সংগঠনটি আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায়। এতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি ও বিশেষ করে বেসরকারি খাতের ব্যবসা বাণিজ্য যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ কঠিন বাস্তবতা থেকে বাংলাদেশের উত্তরণ ও বেসরকারি খাতের কর্মচঞ্চলতা পুনরুদ্ধারে করণীয় নির্ধারণে কাজ করবে মঞ্চটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি খাতে করোনাভাইরাসের প্রকৃত প্রভাব নিরুপণ করতে মূল্যায়ণ পরিচালনা করবে মঞ্চটি। এটি সরকারের কাছে সুসংগঠিত তথ্য-উপাত্ত ভিত্তিক সুপারিশ পাঠানো, সঠিক নীতিমালার স্বার্থে সরকারি-বেসরকারি অংশীদারত্বভিত্তিক আলোচনার আয়োজন, বাজেট তৈরিতে প্রস্তাব তুলে ধরা, ক্ষুদ্র ও একক মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, তা থেকে উদ্ধারে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট মহলে অভিমত তুলে ধরার কাজ করবে।

মঞ্চটির স্টিয়ারিং কমিটির সদস্যরা হলেন লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ নাসিম মঞ্জুর, মেট্টো চেম্বারের সভাপতি নিহাদ কবির, ডিসিসিআইয়ের সভাপতি শামস মাহমুদ, বিল্ডের চেয়ারম্যান আবুল কাসেম খান, সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ।

মঞ্চটির সচিবালয় হিসেবে কাজ করবে পলিসি এক্সচেঞ্জ। ডেলয়েটসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা অংশীদার হিসেবে মঞ্চটিকে সহায়তা দেবে বলে উল্লেখ করা হয়।