করোনাকালে করদাতার দুই প্রশ্ন

দেড় বছর ধরেই ব্যবসা-বাণিজ্যে মন্দা। বেচাকেনা বেশ কমেছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে। আবার ব্যক্তি করদাতাদের অনেকের বার্ষিক আয় কমতে কমতে তিন লাখ টাকার নিচে নেমে গেছে। প্রশ্ন হলো, এমন করদাতাদের কি আয়কর বা ভ্যাট রিটার্ন দিতে হবে? এবার উত্তর জানা যাক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাকালের দেড় বছর ধরেই ব্যবসা-বাণিজ্যে মন্দা। আগের মতো বেচাকেনা নেই। আবার অনেকের আয় আগের চেয়ে কমে গেছে। অনেকেই এখন আগের মতো সচ্ছল জীবন যাপন করতে পারছেন না। এমন বিপাকে পড়া ব্যক্তিশ্রেণির করদাতা ও ব্যবসায়ীদের মধ্যে দুটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। তাঁদের কি আগের মতো রিটার্ন দিয়ে কর দিতে হবে?

২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত আয়ের ওপর এই মৌসুমে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দিতে হবে। করোনাকালে ব্যক্তিশ্রেণির বহু করদাতা যে পরিস্থিতির মুখে পড়েছেন, তা হলো একজন করদাতার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) আছে। করোনার কারণে ওই ১২ মাসে (জুলাই-জুন) আয় কমতে কমতে করযোগ্য আয় তিন লাখ টাকার নিচে নেমে গেছে। তাহলে কি ওই করদাতাকে রিটার্ন দিতে হবে? এর উত্তর হলো, অবশ্যই রিটার্ন দিতে হবে। করযোগ্য আয় না থাকলেও আয়কর অধ্যাদেশ অনুযায়ী, সব টিআইএনধারী করদাতাকে রিটার্ন দিতে হবে। শুধু জমি বিক্রি এবং ক্রেডিট কার্ড নেওয়ার জন্য যদি কেউ টিআইএন নেন এবং করযোগ্য আয় না থাকে, তাহলেই কেবল রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবেন।

ধরে নিলাম, আপনি রিটার্ন দিলেন না। তাহলে কী হবে? আয়কর অধ্যাদেশ অনুযায়ী, কোনো করদাতা নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করলে সর্বশেষ করের ১০ শতাংশ পরিমাণ টাকা বা কমপক্ষে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে যত দিন রিটার্ন দাখিল করবেন না, তত দিন প্রতিদিনের জন্য ৫০ টাকা করে জরিমানাও দিতে হবে।

এবার ব্যবসা পর্যায়ে ভ্যাটদাতাদের কথায় আসি। করোনার কারণে বহু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। যেমন রেস্তোরাঁ, হোটেল-মোটেল। যদিও রেস্তোরাঁয় ‘টেক অ্যাওয়ে’ ব্যবস্থা আছে। কিন্তু যেসব ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ, বেচাকেনা নেই, তাদেরও কি প্রতি মাসে ভ্যাট রিটার্ন দিতে হবে? এই প্রশ্নের উত্তরও হলো, অবশ্যই রিটার্ন দিতে হবে। যতটুকু বিক্রি হয়েছে, ওই মূল্যের ওপরেই ভ্যাট দিতে হবে। যদি কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের বেচাকেনা না হয়, তাহলে রিটার্নে ‘শূন্য’ বিক্রি দেখাতে হবে। তবু রিটার্ন জমায় মাফ নেই।

ভ্যাট রিটার্ন না দিলে ভ্যাট আইনে শাস্তির ব্যবস্থা আছে। প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে রিটার্ন না দিলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়া প্রদেয় ভ্যাটের টাকার ওপর ১ শতাংশ হারে সুদ বসবে। মনে রাখবেন, গত জুলাই মাস থেকে সুদ ১ শতাংশ করা হয়েছে, আগে ২ শতাংশ ছিল।