করোনায় বিপর্যস্ত জীবন ও জীবিকা। প্রতিদিনই আত্মীয়স্বজনের করোনায় আক্রান্ত হওয়ার খবর হয়তো পাচ্ছেন। করোনায় মধ্যবিত্তের খরচের খাতায় নতুন একটি খাত যুক্ত হলো। যাঁরা এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তাঁদের চিকিৎসা খরচের পাশাপাশি আছে নানা রকমের খাবারের খরচও। এ খরচ খুব কম নয়। করোনার কারণে চিকিৎসার খরচ বেড়ে গেলেও এই খরচে কোনো কর ছাড় নেই।
বর্তমান নিয়ম অনুযায়ী, চিকিৎসার খরচে একজন চাকরিজীবী তাঁর মূল বেতনের ১০ শতাংশ বা বার্ষিক ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে যেটি কম হবে, সেই পরিমাণ অর্থের ওপর কর ছাড় পাবেন। মোটাদাগে বলা চলে, বছরে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসায় খরচ হলে সেই টাকার ওপর কর দিতে হয় না। এমনিতে সারা বছর পরিবারের সদস্যদের নানা ধরনের চিকিৎসা ও ওষুধের খরচ তো আছেই। তার সঙ্গে করোনা এসে বাড়তি খরচ যোগ করল। কিন্তু চলতি অর্থবছরের বাজেটে চিকিৎসা ব্যয়ের করমুক্ত সীমা বাড়ানো হয়নি।
চিকিৎসা ব্যয় কেমন বেড়েছে, তা নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মুদ্রানীতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিসাবের একটি চিত্র তুলে ধরেছে। সিপিডি বলেছে, ২০২০ সালের এপ্রিল মাসে চিকিৎসাসেবায় মূল্যস্ফীতি ছিল শূন্য দশমিক ১৮ শতাংশ। এক বছর পর, অর্থাৎ এ বছরের মে মাসে তা বেড়ে হয় ২ দশমিক ৪২ শতাংশ। এর মানে, করোনার কারণে এক বছরের ব্যবধানে এই খাতে মূল্যস্ফীতি প্রায় সাড়ে ১৩ গুণ বেড়েছে। সিপিডি বলেছে, করোনায় মানুষের চিকিৎসার খরচ অনেক বেড়েছে।
এবার দেখা যাক করোনার চিকিৎসায় কেমন খরচ হয়। হাসপাতালে যেতে না হলেও বাসায় থাকলে ওষুধ খেতে হয়, কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। করোনার উপসর্গ দেখা দিলে প্রথমেই টেস্ট করাতে হয়। সরকারি হাসপাতালে করালে তেমন খরচ নেই। কিন্তু বেসরকারি হাসপাতাল ২৪ ঘণ্টায় রিপোর্ট দেয়। খরচ কমপক্ষে তিন হাজার টাকা। এরপর চিকিৎসকের পরামর্শে সিটি স্ক্যান, রক্তের নানা ধরনের পরীক্ষা করাতে কমপক্ষে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়। এ ছাড়া ওষুধও লাগে প্রতিদিন গড়ে ৩০০-৪০০ টাকার। সব মিলিয়ে একজন করোনা আক্রান্তের পেছনে কমপক্ষে ১৫ হাজার টাকা খরচ হয়। করোনা থেকে সেরে উঠলেও আবার নানা ধরনের পরীক্ষা করাতে পরামর্শ দেন অনেক চিকিৎসক। তখন আবার খরচ বাড়ে। রোগীকে হাসপাতালে নিতে হলে সার্বিক খরচ আরও বাড়ে। এত টাকা করোনার পেছনে খরচ হলেও তার বিপরীতে মিলবে না কোনো কর ছাড়ের সুবিধা।