করোনাকালেও ধনীদেরই পোয়াবারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলিয়নিয়ার মানে শত শত কোটি ডলারের মালিকেরা আর সবার মতো একই নৌকার যাত্রী নন। তাই তো এই করোনাকালে যখন অন্য সব মানুষ দুর্ভোগে পড়েছেন, ব্যবসায় ও করপোরেট প্রতিষ্ঠানগুলো খাবি খাচ্ছে, টিকে থাকার জন্য প্রাণপণ লড়াই করছে, তখন বিলিয়নিয়ার বা দুনিয়ার শীর্ষ ধনীদের অনেকেই দুই হাতে দিব্যি আয় করে চলেছেন।

বিশ্বখ্যাত ‘ফোর্বস’ ম্যাগাজিনের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

‘ফোর্বস’-এর প্রতিবেদনে ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজকে (আইপিএস) উদ্ধৃত করে বলা হয়, করোনা মহামারির এই সময়ে গোটা দুনিয়া চরম অনিশ্চয়তায় ভুগছে। শুধু যুক্তরাষ্ট্রেই বিগত দেড় মাসে ২ কোটি ৬০ লাখের বেশি লোক রাষ্ট্রকে জানিয়েছেন যে তাঁরা এখন বেকার।

অথচ এ রকম দুঃসময়েই কিনা বিশ্বের একদল শীর্ষ ধনীর মোট ধনসম্পদ যে পরিমাণ বেড়েছে, তার আর্থিক মূল্য ৩০ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। বদৌলতে বিলিয়নিয়ারদের (১০০ কোটিতে ১ বিলিয়ন) সম্মিলিত ধনসম্পদের মূল্যমান বেড়ে ৩ দশমিক ২৩ ট্রিলিয়ন ডলার মানে ৩ লাখ কোটি ২৩ হাজার লাখে উন্নীত হয়েছে। এর ফলে গত ৩০ বছরে ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত বিলিয়নিয়ারদের মোট সম্পদের মূল্য ১ হাজার ১৩০ শতাংশ বেড়েছে। তবে মজার ব্যাপার হলো, ১৯৮০ সালের তুলনায় ২০২০ সালে ধনীদের দেওয়া ট্যাক্স বা করের পরিমাণ ৭৯ শতাংশ কমেছে।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়া থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্বের এক নম্বর ধনী অনলাইনে কেনাবেচার প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের যে পরিমাণ সম্পদ বেড়েছে, তা সত্যিই অবিশ্বাস্য! এর আর্থিক মূল্য আড়াই হাজার কোটি ডলার।

অনলাইন ভিডিও কনফারেন্সিং টেকনোলজি কোম্পানি জুমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ানের সম্পদ বেড়েছে ২৫৮ কোটি ডলার।

করোনাকালে জেফ বেজোস ও এরিক ইউয়ান ছাড়া আরও যেসব শীর্ষ ধনীর সম্পদ বেড়েছে, তাঁদের মধ্যে বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান স্টিভ ব্যালমার ও টেসলা এলন মাস্ক—প্রত্যেকের আয় ১০০ কোটি ডলারের বেশি বেড়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে নিচের দিক থেকে ৫০ শতাংশ মানুষের যে পরিমাণ ধনসম্পদ আছে, তা ওই দেশের মাত্র শীর্ষ তিন ধনী বেজোস, মাইক্রোসফটের আরেক প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বিল গেটস ও ওয়ারেন বাফেট—এই তিনজনের ধনসম্পদের সমান।

বিলিয়নিয়ার ছাড়াও (যাঁদের সম্পদের মূল্য ১০০ কোটি ডলারের কম) যুক্তরাষ্ট্রের অন্য ধনীরাও আরও ধনী হচ্ছেন। কারণ, মার্কিন সরকার পেচেক প্রটেকশন প্রোগ্রাম নামে লাখ লাখ কোটি ডলারের যেসব আর্থিক পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেছে, সেগুলোর সুবিধা এসব ধনীই পাবেন।