করোনায় ধস নেমেছে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএমএমএবি) আয়োজিত অনলাইন বৈঠকে বিভিন্ন কোম্পানির মালিকেরা এ খাতে যুক্ত প্রায় ২ থেকে ২.৫ লাখ মানুষের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আশঙ্কা করা হচ্ছে যে, ২০০০ কোটি টাকার এ খাতের অর্ধেক কোম্পানিই বন্ধ হয়ে যেতে পারে।

বছরের বাকি সময় মানুষের পারস্পারিক যোগাযোগ সীমাবদ্ধ করতে হবে বলে কোনও কাজ থাকবে না, ফলে এই ইন্ডাস্ট্রিটি মারাত্মক পরিণতির মুখোমুখি হবে। এই অবস্থা থেকে উত্তরণে কর্মকৌশল নির্ধারণে সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে নির্বাহী সদস্যদের নিয়ে উক্ত জরুরি অনলাইন বৈঠকের আয়োজন করেন ইএমএমএবির সাধারণ সম্পাদক ও স্কাইট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দোজা এলান।

এ ব্যাপারে দোজা এলান বলেন, করের উপর ছাড় প্রদান, লোন ইনস্টলমেন্টের ক্ষেত্রে সময় বাড়ানো ও ছাড় দেওয়া, ন্যূনতম বা জিরো ইন্টারেস্টে ব্যাংক লোনের সুবিধা, ভ্যাট প্রদানের ক্ষেত্রে সময় বাড়ানো এবং এআইটি মওকুফের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিলে তা এ খাতকে মহামারি পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং টিকে থাকতে সহায়তা করতে পারে। এমন পরিস্থিতিতে বেসরকারি সংস্থাগুলোর ঘুরে দাড়াতে বেশ সময় লেগে যাবে। তবে সরকার চাইলে বিভিন্ন প্রকল্পে মার্কেটিং ও ইভেন্ট এজেন্সিগুলোকে ব্যবহার করতে পারে যা তাদের কার্যক্রমকে সচল রাখতে সাহায্য করবে।

ভোক্তা ও ব্র্যান্ডের মধ্যে মেলবন্ধন সৃষ্টির কাজ করে যাওয়া এই ইন্ডাস্ট্রি করোনার কারণে সব থেকে বড় আঘাত পেয়েছে। করোনা পরবর্তী সময়ে পৃথিবীর সব কিছু হয়তো বদলে যাবে এবং ইভেন্ট ও এক্টিভিশনের ধরনও এর সাথে পরিবর্তিত হবে তবে সেটা কেমন হবে সে ব্যপারে তারা এখনো নিশ্চিত নন।

ইএমএমএবির সহসভাপতি ও আইএমএস-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সারোয়ার মোরশেদ আজম বলেন, মহামারির এই সময়ে সুস্থ ও নিরাপদ থাকতে আমরা সবাই সামাজিক দূরত্ব নিশ্চিত করছি, বাসায় থাকছি তবে এর সাথে এই হাজারো মানুষদের কথাও আমাদের ভাবতে হবে যারা ভোক্তা ও ব্র্যান্ডের জন্য বাইরে বাইরে কাজ করে বেড়ান যা এখন থমকে গেছে।

ইএমএমএবির সহসভাপতি ও ক্রিয়েটো-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রশিদ খান বলেন, সচেতন ও সামাজিকভাবে দায়িত্বশীল সত্তা হিসেবে এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত সকলে মহামারী থেকে দেশকে উদ্ধার করতে সরকার ও ব্যবসায়ী সম্প্রদায়ের যে কোনো উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত। এজেন্সিগুলো তাদের মানবসম্পদ এবং অন্যান্য দক্ষতা নিয়ে এগিয়ে আসতে পারে। বিজ্ঞপ্তি