করোনার প্রভাব নিয়ে দুই শিল্পপতি উদ্বিগ্ন

করোনা ভাইরাসের আঘাত নিয়ে উদ্বিগ্ন দেশের দুই শিল্পপতি ও ব্যবসায়ীর। তাঁরা চান, এ নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হোক এবং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশেষ একটি বৈঠক করা হোক।
আজ রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে’ শীর্ষক আলোচনা সভায় দুই ব্যবসায়ী এসব কথা বলেন। বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার আয়োজিত এ বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি ছিলেন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘করোনা ভাইরাস বিরাট সংকটের সৃষ্টি করেছে। আমরা যারা ব্যবসা করি, কাঁচামাল আমদানি করে আমাদের গুদামজাত করতে হয়। ওভেন পোশাকের ৮০ শতাংশ কাঁচামাল আসে চীন থেকে। এমন পরিস্থিতিতে কতটা রপ্তানি হবে, সেটাই এখন চিন্তার বিষয়।’ মীর নাসির হোসেনের বড় প্রশ্ন, ‘রপ্তানি যে করব,আমদানি করবে কে?’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে ডিবিসির চেয়ারম্যান ও এজি এগ্রোর অন্যতম পরিচালক শহীদুল আহসানের চাওয়া, তিনি যেন করোনার প্রভাব থেকে বের হতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। তিনি বলেন, করোনার কারণে ব্যবসায়ের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। অনেক প্রতিষ্ঠান বন্ধের পর্যায়ে চলে এসেছে। এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে।
আলোচনা সভায় অন্য শিল্পপতি, ব্যবসায়ী এবং অর্থনীতিবিদেরা অংশ নিলেও করোনা ভাইরাস নিয়ে কোনো কথা বলেননি। অর্থমন্ত্রীও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।