করোনায় অর্থনীতির সব খাতেই নেতিবাচক প্রভাব পড়বে: সিপিডি

করোনাভাইরাসের সংক্রমণের কারণে অর্থনীতির সব খাতেই নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংস্থাটি আজ শনিবার ‘করোনাভাইরাসের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ঝুঁকি এবং করণীয়’ ভার্চ্যুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এ আশঙ্কা প্রকাশ করেছে।
করোনাভাইরাসকে ‘মানব ইতিহাসের ভয়াবহ সংকট’ আখ্যায়িত করে সিপিডি বলেছে, উৎপাদন, আমদানি-রপ্তানি, স্বাস্থ্য খাত, অর্থায়ন, পর্যটন, প্রবাসী আয়, রাজস্ব, অনানুষ্ঠানিক খাত, খাদ্য নিরাপত্তা এবং সব শেষে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়বে।
ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সংস্থার সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
অতীতের যেকোনো ধরনের ভাইরাসের তুলনায় বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে করোনা। এই পরিস্থিতি মোকাবিলায় সিপিডি স্বল্পময়াদি কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। রিকশাচালক, দরিদ্র দিনমজুরসহ নিম্ন আয়ের লোকদের জন্য খোলাবাজারে খাদ্যপণ্য (চাল, ডাল ইত্যাদি) বা ওএমএস চালুর পক্ষে সিপিডি। ওষুধসহ জরুরি পণ্য আমদানিতে শুল্ক ছাড় দেওয়া দরকার বলেও সংস্থাটি অভিমত দেয়।
রাজস্ব সংগ্রহের অবস্থা ভালো নয়। কর–জিডিপি হার এখন ৮ দশমিক ৯ শতাংশ। রপ্তানি কমছে, আমদানিও কম। উৎপাদনও ব্যাহত হচ্ছে কারণ উৎপাদনের কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। প্রবাসী আয় ভালো হলেও সেটিও এখন কমে আসবে। সিপিডি অনুমান করছে, চলতি অর্থবছরে বাজেট ঘাটতিও এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
এমন বাস্তবতায় ভর্তুকি ও প্রণোদনা ব্যবস্থাপনায় পুনর্বিন্যাস আনা দরকার বলে মনে করে সিপিডি। সংস্থাটির মতে, করোনার কারণে যারা প্রকৃতই ক্ষতিগ্রস্ত হবে, তারাই যেন ভর্তুকি ও প্রণোদনা পায়।
সিপিডি বলেছে, টাকা দিতে না পারলেও আগামী ৩০ জুন পর্যন্ত খেলাপি গ্রাহক হিসেবে গণ্য হবেন না, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এই প্রজ্ঞাপন ভালো হলেও ইচ্ছাকৃত ঋণখেলাপিরা যাতে সুযোগটি নিতে না পারেন, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
গবেষণা সংস্থাটি আরও বলেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, কানাডাসহ ইউরোপের অনেক দেশ করোনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশগুলোতে পণ্যের চাহিদা কমে গেছে। ফলে চলতি অর্থবছরে রপ্তানি আয়েও ধাক্কা আসবত পারে। আবার অনেক ব্যবসায়ী নতুন করে বিনিয়োগে আসবেন না। এতে করে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাবে।