করোনায় কুপোকাত এডিপি বাস্তবায়ন, ৫ বছরে সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ব্যাপকভাবে প্রভাব পড়েছে। গত এপ্রিল মাসে এডিপির মাত্র আট হাজার কোটি টাকা খরচ হয়েছে। গত মার্চ মাসে ১১ হাজার কোটি টাকা খরচ হয়েছিল। করোনায় চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) এডিপির ৪৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা গত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। 

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এই তথ্য জানা গেছে। 

টাকার অঙ্কে গত জুলাই-এপ্রিল সময়ে এডিপির বরাদ্দের ৯৮ হাজার ৮৪০ কোটি টাকা খরচ হয়েছে। চলতি অর্থবছরে সব মিলিয়ে সংশোধিত এডিপির আকার ২ লাখ ১ হাজার ১৯৯ কোটি টাকা। গত পাঁচ বছরে প্রতিবছর প্রথম ১০ মাসে এডিপির ৫০ থেকে ৫৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে। 

করোনার কারণে গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শ্লথ হয়ে যায়। ফলে এবার প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি কম বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এপ্রিল মাসে প্রকল্প বাস্তবায়ন পরিস্থিতি আরও নাজুক হয়।