২০২০ এর শিক্ষা, ২০২১ এর প্রত্যাশা
করোনায় চারটি শিক্ষা হয়েছে
সারা বিশ্বই ২০২০ সালকে বিদায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জীবন ও জীবিকার ওপর আঘাতের যে চিত্র বছরজুড়ে মানুষ দেখেছে, গত ১০০ বছরেও তা দেখা যায়নি। অর্থনৈতিক মন্দার আভাস ছিল ঠিকই, কিন্তু বিশ্বব্যাপী ছোট-বড় সব অর্থনীতি একসঙ্গে এভাবে বিপর্যয়ে পড়বে, কেই-বা ভাবতে পেরেছিল। ২০২০ সাল যেমন বিপর্যয়ের বছর, তেমনি অনেক কিছু শিক্ষা নেওয়ারও বছর। কোভিড-১৯-এর আগের বিশ্ব আর পরের বিশ্বের মিল কোনো দিনই হবে না। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যাঁরা সরাসরি জড়িত, যাঁরা কাছ থেকে দেখছেন অর্থনীতিকে, তাঁদের কাছে প্রশ্ন ছিল তিনটি।
১. কেমন গেল ২০২০
২. কী শিক্ষা হলো ২০২০-এ, এবং
৩. ২০২১-এ কী করবেন, কী হবে কৌশল।
খুবই চ্যালেঞ্জিং একটি বছর পার করছি আমরা। সব দেশের জন্যই বছরটি কঠিন ছিল। অবশ্য ব্যক্তিগতভাবে মনে করি, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পোশাকশিল্পসহ দেশের সামগ্রিক অর্থনীতি ভালো করেছে। আশা করছি আগামী বছর আমরা আরও ঘুরে দাঁড়াতে পারব।
করোনাকালের কঠিন সময়ে কারখানা খোলার বিষয়ে ঝুঁকি নিয়েছেন উদ্যোক্তারা। শ্রমিক ভাইবোনদেরও অনেক সহযোগিতা ছিল। ব্যবসা চালিয়ে নিতে সরকার থেকে সহায়তা পেয়েছি। যদিও এপ্রিলে কারখানা খোলার জন্য সরকার ও বিজিএমইএর নেতৃত্বের সমালোচনা করা হয়েছে অনেক। সেটি যে সঠিক পদক্ষেপ ছিল, সেটি আমরা পরে প্রমাণ পেয়েছি। তখন কারখানা বা অর্থনীতি খুলে না দিলে অর্থনৈতিক মন্দা ভয়াবহ হতো। একটা মাস পরে কারখানা খোলার সিদ্ধান্ত হলে অনেক উদ্যোক্তাই আর ব্যবসায় থাকতে পারতেন না।
করোনাকালের প্রথম শিক্ষা হচ্ছে, আমাদের পোশাকশিল্পের সরবরাহব্যবস্থা এখনো নাজুক। মহামারির শুরুতে চীন থেকে যখন কাঁচামাল আসা বন্ধ হয়ে গেল, তখন বিষয়টি আমরা অনুধাবন করতে পারলাম। আমরা পোশাকশিল্পের উদ্যোক্তারা এত দিন শুধু কাটিং-সুইং নিয়েই বেশি চিন্তা করেছি। আসলে বোতাম, জিপারের মতো ছোট ছোট সরঞ্জাম যে সরবরাহব্যবস্থার বড় অংশ, তা করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে। কারণ, ছোটখাটো সরঞ্জামের জন্য আমরা পোশাক রপ্তানি করতে পারছিলাম। অথচ এগুলো দেশেই বানানো যায়। কেবল উদ্যোগ না নেওয়ার কারণে আমরা পিছিয়ে আছি।
আমাদের প্রত্যাশা, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে পরিস্থিতি প্রথমবারের মতো খারাপ হবে না। ২০২০ সালে যে লোকসান হয়েছে, তা কাটিয়ে উঠতে আগামী বছর নতুন পণ্য উদ্ভাবন ও উন্নয়নে মনোযোগ দিতে হবে।
আরেকটি শিক্ষা হচ্ছে, করোনাকালে ওভেন পোশাকের রপ্তানি কমে যায়। নিট পোশাক তুলনামূলক ভালো করেছে। অনেক দিন ধরে পণ্য বহুমুখীকরণের কথা বলা হলেও সেটি আদতে এগোয়নি। লকডাউনের কারণে দেখা গেল, আমরা যেসব পণ্য বেশি উৎপাদন করি, সেগুলোর বিক্রি কমে গেছে। গত ১০ বছরে পশ্চিমা দেশে পোশাকের ধরন ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। তবে আমরা তাল মেলাতে পারিনি। ম্যান মেইড ফাইবারে বা কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাকের চাহিদা বাড়লেও আমরা এখনো কটনের পোশাকেরই আছি।
তৃতীয় শিক্ষা হচ্ছে, কেবল পোশাকের ব্যবসা করলে হবে না। বহুমুখী ব্যবসায় যেতে হবে। কারণ, মহামারির মতো কঠিন সময়ে মানুষ কেবল নিত্যপণ্যের বাইরে কিছু কেনে না। আরেকটি বড় শিক্ষা হচ্ছে, আমরা উদ্যোক্তারা ক্রেতাদের মর্জিমতো পোশাক অর্থ পরিশোধের শর্ত গ্রহণ করেছি। কখনো এটির গভীরে প্রবেশ করিনি। বোকার মতো ক্রেতাদের এক পৃষ্ঠার চুক্তির ভিত্তিতে কোটি কোটি টাকার ক্রয়াদেশ দিয়ে দিয়েছি। সেটির প্রভাব যে কত ভয়াবহ হতে পারে, সেটি করোনার সময় আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। এলসি বা ঋণপত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মানসম্মত একটি পদ্ধতি হলেও খরচ ও ঝুঁকি কমানোর জন্য ক্রেতারা যে সেলস কন্ট্রাক্টের দিকে ঝুঁকেছেন, সেটির সুযোগ নিয়ে ক্রেতারা আমাদের পোশাকের অর্থ সময়মতো না দিয়ে ভুগিয়েছেন। পরবর্তী সময়ে যেকোনো ক্রেতার সঙ্গে পোশাকের অর্থ পরিশোধের বিষয়ে পরিষ্কার হয়ে নিতে হবে।
আমাদের প্রত্যাশা, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে পরিস্থিতি প্রথমবারের মতো খারাপ হবে না। ২০২০ সালে যে লোকসান হয়েছে, তা কাটিয়ে উঠতে আগামী বছর নতুন পণ্য উদ্ভাবন ও উন্নয়নে মনোযোগ দিতে হবে। কারণ, করোনায় লাইফস্টাইলের যে পরিবর্তন হয়েছে, সেটি বেশ কয়েক বছর অব্যাহত থাকবে। আমাদের গবেষণা করে দেখতে হবে, কোন ধরনের পোশাকের চাহিদা বাড়বে।
সরবরাহব্যবস্থা টেকসই করার জন্য স্থানীয়ভাবে কাপড় ও সরঞ্জাম উৎপাদনের দিকে যেতে হবে। সেখানে বিনিয়োগ বাড়াতে হবে। আর পোশাকের দাম পরিশোধের শর্তকে আরও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, ক্রেতাসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করতে হবে।