করোনায় মৃতদের দাফন, প্রয়োজনীয় সরঞ্জাম দেবে এসএএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকজনের দাফনে সালমা-আদিল ফাউন্ডেশন (এসএএফ) বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে । এখন থেকে কোভিড-১৯-এ মৃত ব্যক্তিদের দাফনের প্রয়োজনীয় সরঞ্জাম বিনা মূল্যে সরবরাহ করবে সংস্থাটি।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ০১৯৭৭ ৮৮৯৮০৬ ও ০১৯১৭ ৭০৭৭৭১ নম্বরে কিংবা এসএএফ এর ফেসবুক পেজ www.facebook.com/SAF.Dhaka এ যোগাযোগ করা যাবে। যোগাযোগ করা হলে দাফনের প্রয়োজনীয় সরঞ্জাম স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংশ্লিষ্ট মৃত ব্যক্তির স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে।

ইতিমধ্যে সংস্থাটি নিজ অর্থায়নে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ও 'খিদমাতুল মাইয়্যাত-গাজীপুর' নামে পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠনসহ দেশের এ ধরনের বেশ কয়েকটি সংগঠনকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি রাজধানীসহ সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে কিংবা অনুরূপ উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফনে নানা রকমের জটিলতা দেখা দিয়েছে। এতে মৃত ব্যক্তির স্বজনদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অথচ নিয়ম মেনে দাফন করলে সংক্রমণের ঝুঁকি নেই বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। এই বিষয়গুলো বিবেচনা করে এসএএফ এই উদ্যোগ হাতে নিয়েছে। বিজ্ঞপ্তি।