করোনায়ও বড় হচ্ছে বড়দের ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা মহামারিতে অনেক উদ্যোক্তা প্রতিকূল পরিস্থিতিতে পড়েছেন। আর অনিশ্চয়তার এ সময়ে টিকে থাকতে অনেক প্রতিষ্ঠানই জনবল ছাঁটাই করে খরচ কমিয়ে এনেছে। আবার টিকে থাকার লড়াইয়ে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের অনেকে হিমশিম খাচ্ছেন। এ অবস্থার মধ্যেও দেশের শীর্ষ স্থানীয় বড় শিল্পগোষ্ঠীগুলো বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়েছে। নতুন নতুন বিনিয়োগে মহামারির দুই বছর পর তাদের ব্যবসা আরও বড় হয়েছে।

করোনা মহামারির শুরুতে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের মতো বড় শিল্পগোষ্ঠীগুলোও ধাক্কা খেয়েছে। সরকারের দেওয়া প্রণোদনা সুবিধা কাজে লাগিয়ে সংক্রমণ একটু কমে আসার পর করোনার ধাক্কা সামলে নিয়েছে এসব শিল্পগোষ্ঠী। অর্থনীতির আকার বড় হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায় দীর্ঘ অভিজ্ঞতাকে পুঁজি করে গত এক দশকে বড় শিল্পগোষ্ঠীগুলোর ব্যবসা আরও বড় হয়েছে। এর ফলে নিজেদের সুসংহত করার পাশাপাশি মহামারির মতো ধাক্কাও কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বড় শিল্পগোষ্ঠীর উদ্যোক্তারা। শুধু তাই নয়, প্রতিকূল সময়ে নতুন নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। বড় ব্যবসায়ীদের কাছে বিনিয়োগে বাধা হতে পারেনি মহামারিও।

করোনার সময় সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি বা এমজিআই। সামনে আরও বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এগোচ্ছে গ্রুপটি। বিনিয়োগের শীর্ষ তালিকায় আছে সিটি গ্রুপও। এ ছাড়া আকিজ গ্রুপ, প্রাণ-আরএফএল, প্রিমিয়ারের মতো গ্রুপও নতুন বিনিয়োগের পাশাপাশি নিজেদের পুরোনো ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ করেছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, করোনাকালে যেসব বিনিয়োগ বাস্তবায়ন হয়েছে, সেগুলোর সিংহভাগই আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল বড় শিল্পগোষ্ঠীগুলো। আবার মহামারির সময়ে নতুন বিনিয়োগের সুযোগ হাতছাড়া করেননি তাঁরা। করোনার সময় বিদেশি কারিগরি বিশেষজ্ঞরা সময়মতো না আসায় এসব বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে দেরি হয়েছে। তবু অনিশ্চিত সময়ে বিনিয়োগ থেকে পিছপা হননি উদ্যোক্তারা।

বড় শিল্পগোষ্ঠীগুলোর বিনিয়োগের প্রধান কয়েকটি খাত হলো সমুদ্রগামী জাহাজশিল্প খাত, চা, খাদ্যপণ্য প্রক্রিয়াজাত, নিত্যব্যবহার্য পণ্য, তথ্যপ্রযুক্তি ও নির্মাণ খাতের উপকরণ। বিনিয়োগের সাহসী সিদ্ধান্তের নেপথ্যে দুটি বিষয় কাজ করেছে বলে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। এক. দেশে বড় ভোক্তাশ্রেণি গড়ে উঠেছে। তাতে মহামারির সময়েও নিত্যব্যবহার্য পণ্যের চাহিদা খুব কমেনি। দুই. উদ্যোক্তাদের সামনে আছে রপ্তানি বিপুল সম্ভাবনা। ফলে এ দুই সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রচলিত পণ্য উৎপাদনের পাশাপাশি বিনিয়োগে বৈচিত্র্য নিয়ে আসছে বড় শিল্পগোষ্ঠীগুলো।

বিনিয়োগের শীর্ষে মেঘনা

মহামারির শুরুর বছরে অনিশ্চয়তা ছিল বেশি। সমুদ্রগামী জাহাজের ভাড়া নেমে আসে সর্বনিম্ন পর্যায়ে। বিশ্বের বড় বড় শিপিং কোম্পানি নিজেদের বহর ছোট করে ফেলে। ভাড়ায় চালিত জাহাজ ছেড়ে দেয়। সেই সময় বাংলাদেশে সবচেয়ে বড় ঝুঁকি নেয় এমজিআই। এ সময় সমুদ্রগামী ১০টি বড় জাহাজ পানিতে ভাসিয়েছে গ্রুপটি। একেকটি জাহাজে বিনিয়োগ হয়েছে ২০ থেকে ৩৪ মিলিয়ন ডলার। সব মিলিয়ে এ খাতে প্রায় ২০ কোটি ডলার বা ১ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে গ্রুপটি।

করোনার প্রাথমিক ধাক্কা কাটিয়ে নতুন ধরন অমিক্রনের প্রাদুর্ভাব চলছে। এমন সময়েও মেঘনার বিনিয়োগ থেমে নেই। নিজেদের সমুদ্রগামী বহর বড় করতে এ বছর আরও বিনিয়োগ করতে যাচ্ছে গ্রুপটি। তিনটি পুরোনো ও চারটি নতুন জাহাজে গ্রুপটির বিনিয়োগ হচ্ছে ১৭ দশমিক ৯০ কোটি ডলার বা দেড় হাজার কোটি টাকার বেশি।

সমুদ্রগামী জাহাজ ছাড়াও গ্রুপটির কারখানার বহর আরও বড় হচ্ছে। করোনার প্রভাব শুরুর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মেঘনা অর্থনৈতিক অঞ্চলে ৪৫ দশমিক ১০ কোটি ডলারে ৯টি কারখানা করেছে মেঘনা গ্রুপ। এ বছর মেঘনা গ্রুপের পাঁচটি কারখানা চালু হওয়ার কথা। এই পাঁচ কারখানার তিনটি মেঘনা অর্থনৈতিক অঞ্চলে এবং দুটি অর্থনৈতিক অঞ্চলের বাইরে স্থাপন করা হচ্ছে। সিরামিক, ব্যবহার্য পণ্য ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের এই পাঁচ কারখানায় গ্রুপটির সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৫০ কোটি ডলার। এতে কর্মসংস্থান হচ্ছে তিন হাজার লোকের। সব মিলিয়ে চলতি বছরসহ তিন বছরে এমজিআইয়ের বিনিয়োগ দাঁড়াচ্ছে ১৩৩ কোটি ডলার বা ১১ হাজার ৩১৩ কোটি টাকা।

মেঘনা গ্রুপের কারখানার সংখ্যা এখন ৪৮। এসব কারখানায় সরাসরি কর্মসংস্থান হয়েছে ৩৫ হাজার মানুষের। শিল্পগোষ্ঠীটির বছরে লেনদেন প্রায় আড়াই বিলিয়ন ডলার বা ২১ হাজার ২৫০ কোটি টাকা। নতুন বিনিয়োগ শেষে লেনদেন যেমন বাড়বে, তেমনি কর্মসংস্থান বেড়ে দাঁড়াবে ৩৯ হাজারে। জাহাজ নির্মাণ, জাহাজ পরিচালনা, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), সিমেন্ট, খাদ্যপণ্য প্রক্রিয়াজাত, কাগজ, অর্থনৈতিক অঞ্চলসহ নানা খাতে ব্যবসা রয়েছে মেঘনা গ্রুপের। ফ্রেশ ব্র্যান্ড নামে প্রতিষ্ঠানটির পণ্য বাজারজাত হচ্ছে।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘কারখানা করা আমার কাছে একধরনের নেশা। কারখানা গড়ে তোলার সময় চ্যালেঞ্জ আসবেই। মহামারি বা অন্য যেকোনো প্রতিকূলতায় বসে থাকার সুযোগ নেই। কারণ এগিয়ে যেতে হলে চ্যালেঞ্জ মোকাবিলা করে যেতে হবে।’ মধ্য ও দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করে শিল্পকারখানা স্থাপন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘পাঁচ-দশ বছর পর কী করব, তা এখনই পরিকল্পনা করতে হয়। আবার কখনো বিনিয়োগের হঠাৎ সুযোগ আসে। যেমন মহামারিকালে সমুদ্রগামী জাহাজের দাম কমে এসেছিল। সেই সুযোগ আমরা নিয়েছি। বিনিয়োগ করেছি। জাহাজের দাম ও ভাড়া বাড়ায় এর বিনিয়োগের সুফলও পাচ্ছি।’

আরও বড় হচ্ছে সিটি গ্রুপ

করোনাকালে সিটি গ্রুপ চা–শিল্পে বড় বিনিয়োগ করেছে। গত মাসে চট্টগ্রামে ব্র্যাক থেকে দুটি বাগান এবং অক্টোবরে সিলেটের মৌলভীবাজারে আরেকটি বাগান সিটি গ্রুপের হাতে আসে। এই তিন বাগানের আয়তন ১০ হাজার ৩৬৪ একর। পুরোনো তিনটি বাগান মিলে গ্রুপটির হাতে এখন ছয়টি বাগান। বিনিয়োগের পর সিটি গ্রুপের বার্ষিক চা উৎপাদন ১০ লাখ কেজি থেকে বেড়ে ৪০ লাখ কেজি ছাড়িয়ে যাবে।

চা ছাড়াও গত বছর সিটি অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আটা-ময়দার কারখানা চালু করে গ্রুপটি। তিন হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা এ কারখানার পুরোপুরি উৎপাদন শুরু হয়েছে এ বছরে। দৈনিক উৎপাদনক্ষমতা পাঁচ হাজার টন। এ ছাড়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সিটি গ্রুপের হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে এ বছর নতুন পাঁচটি কারখানা চালু হবে। কাগজ কারখানা, লবণ কারখানা, চিনি পরিশোধনসহ পাঁচটি বড় ধরনের কারখানা পর্যায়ক্রমে চালু হবে।

সিটি গ্রুপের প্রধান উপদেষ্টা পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে ১৫০ কোটি ডলারের বিনিয়োগ হবে। সেখানে পাঁচটি কারখানা চালুর লক্ষ্যমাত্রা আছে। সব মিলিয়ে করোনাকালে সিটি গ্রুপের বিনিয়োগ ১০০ কোটি ডলারে দাঁড়াবে। নতুন বিনিয়োগের পর আরও ১০ থেকে ১১ হাজার মানুষের কর্মসংস্থান হবে। প্রচলিত ব্যবসা থেকে বেরিয়ে বিনিয়োগে বৈচিত্র্য আনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সামনে হাইটেক পার্কসহ সিটি গ্রুপের বিনিয়োগে বৈচিত্র্য আনা হচ্ছে।

সিটি গ্রুপের প্রতিষ্ঠানের সংখ্যা এখন ৪০। ভোজ্যতেল, চিনি পরিশোধন, চা-বাগান, জাহাজ নির্মাণ, আটা-ময়দার কারখানা, তৈলবীজ মাড়াই কারখানা, প্যাকেজিং, অর্থনৈতিক অঞ্চল, জাহাজ পরিচালনাসহ নানা খাতের ব্যবসা রয়েছে সিটি গ্রুপের। গ্রুপটির প্রধান ব্র্যান্ড ‘তীর’। গ্রুপটির বার্ষিক লেনদেন ২৫ হাজার কোটি টাকা।

১৭০০ কোটি টাকা বিনিয়োগে প্রাণ-আরএফএল

গাজীপুরের মুক্তারপুরে ১৮০ বিঘা জমির ওপর কালীগঞ্জ অ্যাগ্রো প্রসেসিং লিমিটেড (কেএপিএল) নামে নতুন শিল্পপার্ক গড়ে তুলছে প্রাণ-আরএফএল গ্রুপ। এখানে তারা সয়াবিন বীজ প্রক্রিয়াজাত ও ভোজ্যতেল পরিশোধন করবে। এ ছাড়া আটা, লবণ, ডাল, স্টার্চ (কাসাভা থেকে উৎপাদিত, যা বস্ত্রকলে ব্যবহৃত হয়) এবং বিভিন্ন ধরনের প্রাণিখাদ্য উৎপাদনের কারখানা হচ্ছে।

কেএপিএলে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, কারখানার কাঁচামাল ও প্রাণিখাদ্য উৎপাদনে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করছে প্রাণ-আরএফএল গ্রুপ। তার বাইরে মোবাইল ও পোলট্রি খাতে আসছে তারা। জুতা ও গ্লাস কারখানার উৎপাদন সম্প্রসারণেও বিনিয়োগ করছে এই শিল্পগোষ্ঠী। চলতি বছরের বিভিন্ন সময় নতুন কারখানার উৎপাদন শুরু ও সম্প্রসারণের কাজ শেষ হবে।

সব মিলিয়ে করোনার মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের বিনিয়োগ দাঁড়াবে ১ হাজার ৬৯০ কোটি টাকা। তাতে নতুন কর্মসংস্থান হবে ২০ হাজার মানুষের। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠীর রয়েছে ১ লাখ ২৯ হাজার কর্মীবাহিনী। বছর শেষে সেটি দেড় লাখে পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা প্রাণ-আরএফএল গ্রুপের কর্মকর্তাদের।

নতুন এই বিনিয়োগ নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বলেন, ‘ঢাকা ও তার আশপাশে নতুন করে কোনো কারখানা আমরা করব না। প্রত্যন্ত এলাকায় কারখানা স্থাপন করে স্থানীয় লোকের কর্মসংস্থান করব। ঢাকার জন্য যতটুকু দরকার, ততটুকু ঢাকা বা তার পাশের কারখানায় করব। আমার ইচ্ছা, চলতি বছর ৩০ হাজার নতুন কর্মী নিয়োগ করব। সেটি না পারলে ২০ হাজার তো করবই।’

১৯৮১ সালে প্রতিষ্ঠিত প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা সংখ্যা ২৩। প্রাণ গ্রুপ ১০ ক্যাটাগরিতে ৮০০ এবং আরএফল গ্রুপ ১৫ ক্যাটাগরিতে সাড়ে ৫ হাজার পণ্য উৎপাদন করে। গত ২০২০-২১ অর্থবছরে ৪২ কোটি ডলারের পণ্য রপ্তানি করে প্রাণ-আরএফএল গ্রুপ।

পিছিয়ে নেই আকিজ

করোনাকালেও বিনিয়োগে পিছিয়ে নেই দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। পুরোনো ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নতুন কারখানাও গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটি তৈজসপত্র, পাটকল, বিভিন্ন ধরনের বাথরুম ফিটিংসের ব্যবসায় যেমন নতুন বিনিয়োগ করেছে, তেমনি সিরামিকসসহ বেশ কয়েকটি খাতে বিদ্যমান কারখানা সম্প্রসারণ করেছে। এর মধ্যে আকিজ টেবিলওয়্যার বা তৈজসপত্র বাজারে এসেছে। নতুন এ কারখানা করতে কোম্পানিটি প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এ ছাড়া হবিগঞ্জে নতুন একটি ফ্লোট গ্লাস তৈরির কারখানায়ও নতুন করে বিনিয়োগ করেছে গ্রুপটি। পাশাপাশি একাধিক পুরোনো পাটকলও কিনে নিয়েছে সেখ বশির উদ্দিনের নেতৃত্বাধীন এই শিল্পগোষ্ঠী।

গত মাসে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সেখ বশির উদ্দিন বলেন, নতুন খাতে বিনিয়োগের পাশাপাশি বিদ্যমান কারখানা সম্প্রসারণেরও উদ্যোগ নিয়েছে গ্রুপটি। এর মধ্যে কয়েকটি কারখানা স্থাপন ও সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। তৈজসপত্রের নতুন কারখানাটিতে উৎপাদন শুরু হয়েছে। এ ছাড়া দেশে সিরামিকের কাঁচামাল তৈরির পরিকল্পনাও রয়েছে।

সেখ বশির উদ্দিন জানান, ময়মনসিংহের ত্রিশালে প্রায় ১৫০ একর জায়গার ওপর ধাপে ধাপে সিরামিক পল্লি গড়ে তোলার কাজ চলছে। সেখানে সম্প্রসারণ ও নতুন কারখানা স্থাপনের কাজ শেষ হলে এটিই হবে বিশ্বের অন্যতম বড় সিরামিক পল্লি।

আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা সেখ আকিজ উদ্দিনের ১৫ জন সন্তান। ১০ ছেলে ও ৫ মেয়ে। আকিজ উদ্দিনের ছেলেরাই শুধু ব্যবসায় যোগ দিয়েছেন। নব্বইয়ের দশকে ১০ সন্তানের মধ্যে ব্যবসার ভাগ করে দেন আকিজ উদ্দিন নিজেই। বড় ছেলে সেখ মহিউদ্দিন চিকিৎসক, তিনি আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা করেন। দ্বিতীয় ছেলে সেখ মমিন উদ্দিন সম্প্রতি মারা গেছেন। তিনি ট্যানারি, চামড়াসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন। তৃতীয় ছেলে সেখ আমিন উদ্দিনের তথ্যপ্রযুক্তি, গাড়িসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। চতুর্থ ছেলে সেখ আফিল উদ্দিন সাংসদ। পঞ্চম ছেলে সেখ আজিজ উদ্দিনের পুঁজিবাজার সংশ্লিষ্ট খাত, কৃষিসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে। বাকি পাঁচ সন্তান সেখ নাসির উদ্দিন, সেখ বশির উদ্দিন, সেখ জামিল উদ্দিন, সেখ জসিম উদ্দিন ও সেখ শামীম উদ্দিন আকিজ গ্রুপের ব্যবসার পাশাপাশি নিজেরাও বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেছেন আলাদাভাবে। তাই সব ভাইয়ের ব্যবসা মিলিয়ে আকিজ গ্রুপের বিনিয়োগের পরিমাণ আরও বেশি হবে।

বড় বিনিয়োগে আরও যেসব শিল্পগোষ্ঠী

করোনার অনিশ্চয়তা ঠেলে বিনিয়োগ বাড়ছে অন্য শিল্পগোষ্ঠীগুলোর। চট্টগ্রামের প্রিমিয়ার সিমেন্ট ১ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগে গত বছর সিমেন্ট কারখানা সম্প্রসারণ করেছে। ঢাকা ও চট্টগ্রামে তাদের কারখানায় উৎপাদনক্ষমতা দৈনিক ২৭ হাজার টন ছাড়িয়েছে। আবার চট্টগ্রামের সীকম ও সামুদা গ্রুপের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে গড়ে তোলা হচ্ছে ডেল্টা অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ১ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগে এই কারখানায় ভোজ্যেতল পরিশোধন, প্রাণিখাদ্য সয়াকেক, আটা-ময়দা তৈরি হবে।

প্রিমিয়ার সিমেন্ট ও সী কম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক প্রথম আলোকে বলেন, আগামী দিনে নির্মাণ উপকরণ, খাদ্যপণ্য ও নিত্যব্যবহার্য পণ্যের চাহিদা বাড়বে। ব্যবসায় উত্থান-পতন হলেও মহামারির সময়েও এসব খাতে বিনিয়োগ ঝুঁকির মুখে পড়ার শঙ্কা নেই। এ কারণে মহামারির সময়েও বিনিয়োগ বাড়ছে এসব খাতে।

চট্টগ্রামের মোস্তফা হাকিম গ্রুপ করোনার সময় ইস্পাত খাতে বড় বিনিয়োগ করেছে। গত বছর কর্ণফুলী নদীর ডাঙারচরে এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রির ইস্পাত পণ্য উৎপাদনক্ষমতা চার লাখ টন। বিনিয়োগ হয়েছে এক হাজার কোটি টাকা। কর্মসংস্থান হয়েছে দেড় হাজার মানুষের।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সুজয় মহাজন ও শুভংকর কর্মকার, ঢাকা]