কর্ণফুলী ইপিজেডে কোরীয় কোম্পানি বিনিয়োগ বাড়াল
কোরীয় কোম্পানি এইচকেডি ইন্টারন্যাশনাল লিমিটেড কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় তাদের তাঁবু উৎপাদন কারখানা সম্প্রসারণ করবে।এই কোম্পানির এর আগের বিনিয়োগ ছিল প্রায় ৪৪ লাখ ২২ হাজার মার্কিন ডলার। যা বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে এক কোটি ৬২ লাখ ৮০ হাজার ডলার। এই বর্ধিত বিনিয়োগের ফলে এইচকেডি ইন্টারন্যাশনালে ২৩ জন বিদেশিসহ তিন হাজার ৫২৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগে এ কোম্পানিতে কর্মসংস্থান ছিল ১৪ জন বিদেশিসহ এক হাজার ৬৪৫ জনের। এ ব্যাপারে ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও এইচকেডি ইন্টারন্যাশনালের মধ্যে সম্প্রতি একটি লিজ চুক্তি সই হয়। বেপজার সদস্য (বিনিয়োগ ও উন্নয়ন) মো. মোয়েজ্জদ্দীন আহমেদ এবং এইচকেডি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিওও ড্যাভিস পার্ক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ লিজ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, সদস্য (অর্থ) এ কে এম মাহবুবুর রহমান, সচিব মো. শওকত নবী, মহাব্যবস্থাপক (বিনিয়োগ ও উন্নয়ন) এ জেড এম আজিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।