কর্ণফুলী ইপিজেডে ১৫ লাখ ডলারের দেশীয় বিনিয়োগ
দেশীয় কোম্পানি এআরএল অ্যাপারেলস লিমিটেড কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি পোশাক কারখানা স্থাপন করবে।কোম্পানিটি ১৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। এতে বছরে তিন লাখ ১২ হাজার ডজন ওভেন পোশাক ও তিন লাখ ৭৪ হাজার ৪০০ ডজন নিট পোশাক তৈরি হবে। এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেজপা) ও এআরএল অ্যাপারেলসের মধ্যে একটি লিজ চুক্তি হয়েছে। বেপজার সদস্য সৈয়দ নূরুল ইসলাম এবং এআরএল অ্যাপারেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মুনির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই লিজ চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল কে এম মমিনুর রহমান, সদস্য খন্দকার আখতারুজ্জামান, সচিব মো. শওকত নবী, মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান, নাজমা বিনতে আলমগীর ও মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।