কর্ণফুলী পেপার মিলকে বাঁচিয়ে রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাষ্ট্রায়ত্ত খাতের সবচেয়ে বড় কাগজকল কর্ণফুলী পেপার মিলস লিমিটেডকে টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন কাগজ ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, কারখানাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বেসরকারি খাতের কাগজকলগুলোর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে কারখানার উত্পাদিত কাগজের গুণগত মান খারাপ করছে। কাগজকলটিকে ভালোভাবে টিকিয়ে রাখতে অসাধু ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন কারখানার কাগজ বিক্রেতা ডিলাররা।ডিলাররা আরও বলেছেন, বেসরকারি মিলের কাগজের চেয়ে কর্ণফুলী পেপার মিলের প্রতি টন কাগজের দর ১৬ হাজার টাকার বেশি। গুণগত মান খারাপ ও দাম বেশি হওয়ায় কর্ণফুলী পেপার মিলের কাগজ বিক্রি হচ্ছে না। বর্তমানে মিলে প্রায় আড়াই হাজার টন কাগজ অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে। ব্যবসায়ীরা কর্ণফুলী পেপার মিলের কাগজের বিক্রয়মূল্য ২০ শতাংশ কমানোরও দাবি জানিয়েছেন।গতকাল মঙ্গলবার বাংলাদেশ পেপার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে দেখা করে এসব দাবি জানান।ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, অতীতে অনেক রাষ্ট্রায়ত্ত কারখানাকে লোকসান দিয়ে সংকট তৈরি করে বেসরকারি খাতে দেওয়ার পাঁয়তারা করা হয়েছে। অনেক দুর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তা মিলের কেনাকাটা এবং পণ্য বিক্রির সময় কমিশন খেত। বর্তমানে এ ধরনের কোনো কর্মকর্তার সন্ধান পাওয়া গেলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন, বিসিআইসির চেয়ারম্যান কে এইচ মাসুদ সিদ্দিকী, পরিচালক (উত্পাদন ও গবেষণা) মীর খুরশিদ আনোয়ার, বাংলাদেশ পেপার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ টি এম জাহাঙ্গীর দুলাল, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সহসভাপতি এ এইচ মাহাবুবুল হক, মোশাররফ হোসেন, পরিচালক মো. নেওয়াজ আলী গাজীসহ সমিতির ঢাকা ও চট্টগ্রামের নেতারা উপস্থিত ছিলেন।