কর্ণফুলী সুড়ঙ্গের পরামর্শক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে সুড়ঙ্গ (টানেল) নির্মাণ প্রকল্পের নকশা পর্যালোচনা ও নির্মাণ তদারককাজের পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গতকাল বুধবার অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কাজ পেয়েছে এসএবিটি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড অস্ট্রেলিয়াসহ মোট ছয়টি প্রতিষ্ঠান।
সুড়ঙ্গটি নির্মাণের সিদ্ধান্ত হয় ২০১৪ সালে। এ জন্য একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। এই ফাঁকে শেষ হয়েছে সুড়ঙ্গ নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও নকশার কাজ। প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা সেতু বিভাগ। সুড়ঙ্গটি নির্মিত হলে এটি হবে দেশে এ ধরনের প্রথম ও একমাত্র সুড়ঙ্গ।
সেতু বিভাগ সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুর দিকে চীনের প্রেসিডেন্ট তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় চীনের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে বহু লেন সড়ক সুড়ঙ্গটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রায় নয় হাজার কোটি টাকা ব্যয়ে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ নির্মাণের কাজ পেয়েছে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)। মোট নির্মাণ ব্যয়ের ৫ হাজার ৬০০ কোটি টাকা দেবে চীন। বাকিটা সরকারি তহবিল থেকে ব্যয় হবে। সাধারণত চীন ২০ বছর মেয়াদি ঋণ দিয়ে থাকে, যার গ্রেস পিরিয়ড থাকে পাঁচ বছর।
সুড়ঙ্গ নির্মাণে ২০১৪ সালের ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিংয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। সুড়ঙ্গটির প্রবেশপথ হবে কর্ণফুলীর এক প্রান্তের নেভি কলেজের কাছে এবং বহির্গমন পথ হবে অপর প্রান্তের ইউরিয়া সার কারখানার কাছে। প্রকল্পের আওতায় ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ছাড়াও পূর্ব ও পশ্চিম প্রান্তে সংযোগসড়ক নির্মাণ করা হবে।
চট্টগ্রাম শহরকে দুই ভাগে ভাগ করেছে কর্ণফুলী নদী। এক ভাগে রয়েছে নগর ও বন্দর এবং অপর ভাগে গড়ে উঠছে নানা ধরনের ভারী শিল্প। নদীটির ওপর ইতিমধ্যে তিনটি সেতু নির্মিত হয়েছে।
জানা গেছে, চার লেনের এ সুড়ঙ্গটি হবে দুই টিউববিশিষ্ট এবং ভেতরে সাধারণ মানুষের চলাচলের সুযোগ থাকবে না। ২০২০ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা।
অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ক্রয় কমিটির বৈঠকে কর্ণফুলী সুড়ঙ্গ প্রকল্পের নির্মাণ তদারকির পরামর্শক নিয়োগসহ মোট আটটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (প্রথম পর্যায়) দ্বিতীয় সংশোধিত প্রকল্প সংশ্লিষ্ট ‘আশ্রয়ণ-২’ প্রকল্পের আওতায় মহেশখালী চ্যানেল পাড়ে এবং বাঁকখালী নদীর তীরে স্লোপ প্রোটেকশন ও অন্যান্য কাজের ক্রয় প্রস্তাব। ১৯১ কোটি টাকা ব্যয়ের এই কাজ পেয়েছে নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস।