কর্ম মূল্যায়নে হিসাবে নিতে হবে আগের বছরগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃত্বকালীন ছুটির কারণে ব্যাংকের নারী কর্মীরা যেন কর্মক্ষেত্রে পিছিয়ে না পড়েন, সে জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ছুটিতে থাকার বছরে নারী কর্মীর বার্ষিক কর্ম মূল্যায়নের সময় আগের বছরগুলোর কার্যক্রম বিবেচনায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে তা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। সে অনুযায়ী, এখন থেকে ছুটিতে থাকার বছরে নারী কর্মীর বার্ষিক কর্ম মূল্যায়নের ক্ষেত্রে পূর্ববর্তী বছর বা পূর্ববর্তী তিন বছরের গড়ের মধ্যে যেটি উত্তম, সেটিকে বিবেচনায় নিতে হবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যাংকের নারী কর্মকর্তা-কর্মচারীরা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। কিন্তু এই ছুটিতে থাকার কারণে অনেক সময় নারী কর্মীদের কর্মের প্রকৃত ও যথার্থ মূল্যায়ন করা হয় না বলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অর্থনৈতিক উন্নয়নে নারীর অবদান অনস্বীকার্য। সরকার নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। এতে করে নারী উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে। বিভিন্ন পেশায় নারীর অংশগ্রহণ বাড়ছে। ব্যাংকিং খাতেও বর্তমানে নারীর উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। তাই নারীর মাতৃত্বকালীন ছুটির সময়টাকে কর্ম মূল্যায়নের ক্ষেত্রে হিসাবে ধরা না হলে তা হবে নারীর উন্নয়ন, অগ্রগতি ও ক্ষমতায়নের পথে অন্তরায়।