কর্মকর্তা করোনা আক্রান্ত নন, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় লকডাউন প্রত্যাহার

এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত, এ আশঙ্কায় গত বৃহস্পতিবার প্রধান শাখা লকডাউন করেছিল অগ্রণী ব্যাংক। তবে পরীক্ষায় ওই কর্মকর্তার করোনা ধরা পড়েনি। ফলে শাখাটি খুলে দিয়েছে ব্যাংকটি। কাল রোববার থেকে শাখাটি চালু থাকবে, মিলবে সব সেবা।
ব্যাংকটি শনিবার এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক কর্মকর্তা প্রাথমিক পরীক্ষায় করোনায় পজিটিভ বলার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানা ও সিভিল সার্জনের পরামর্শে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে প্রধান কার্যালয়ের নিচতলায় অবস্থিত প্রধান শাখা চলতি মাসের ৯ তারিখ থেকে লকডাউন করা হয়েছে। কিন্তু গ্রাহকদের সুবিধার জন্য পাশের আমিন কোর্ট শাখায় ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখা হয়। পরবর্তী সময়ে চূড়ান্ত পিসিআর ল্যাব রিপোর্ট নেগেটিভ আসায় সিভিল সার্জন, থানা, সর্বোপরি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে উক্ত প্রধান শাখায় রোববার থেকে লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক কর্মকর্তার করোনা–আক্রান্ত সন্দেহে গত বৃহস্পতিবার হঠাৎ করে শাখাটি বন্ধ করে দেওয়া হয়। ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয় ওই শাখার সব কর্মকর্তাকে। মতিঝিলের প্রধান কার্যালয়ের নিচেই ব্যাংকটির প্রধান শাখা।