কর্মক্ষমতা হারিয়েছেন আহত অনেক শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজরীনে আগুন
তাজরীনে আগুন

তাজরীন ফ্যাশনস লিমিটেডের আহত মানুষগুলো এখনো ধুঁকছেন। শারীরিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন এখনো। কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন অনেকেই।
গত ২৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর অদূরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেড নামের আটতলা এ কারখানা ভবনে আগুন লেগে ১১২ জন নিহত ও দুই শতাধিক শ্রমিক আহত হন। নিহত ব্যক্তিদের স্বজনেরা ছয় লাখ টাকা করে ক্ষতিপূরণ পেলেও আহত ব্যক্তিদের অনেকেই কিছু পাননি। আহত শ্রমিকদের কয়েকজনকে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এক লাখ টাকা করে দিয়েছে। তবে বিভিন্ন মহলের দাবির পরও তাজরীনের মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
গত মঙ্গলবার নিশ্চিন্তপুরে গিয়ে দেখা যায়, তাজরীনের পোড়া কারখানার ওপরের তলাগুলোতে প্লাস্টার করা শেষ হয়েছে। এলাকাবাসী জানান, ভেতর থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। বেশ কয়েক দিন ধরেই অল্প অল্প করে চলছে মেরামতকাজ। চেষ্টা করেও ভেতরে ঢোকার অনুমতি মেলেনি। তাজরীনের সামনে কয়েকজনের সঙ্গে কথা বলতে না বলতেই ভিড় জমে যায়। তাঁরা জানান, নিশ্চিন্তপুরের ভাড়া বাসাগুলোতে এখনো বেশ কিছু আহত শ্রমিক ধুঁকছেন। বেশির ভাগই চলে গেছেন গ্রামের বাড়িতে। লোকজনই কয়েকজনের বাড়ি দেখিয়ে দিলেন।

সিরাজগঞ্জের হেনা আক্তার (৩৫) আর তাঁর ১৫ বছরের মেয়ে সুমি দুজনেই কাজ করতেন তাজরীনে। আগুন লাগার পর তিনতলার এগজস্ট ফ্যান ভেঙে নিচে লাফিয়ে পড়ে হেনার মেরুদণ্ডের হাড় ভেঙে যায় আর বুকে আঘাত পান সুমি। হেনা এখনো ভালোভাবে হাঁটতে পারেন না। সুমি সুস্থ না হলেও সংসার চালাতে দুই মাস আগে আবারও পোশাক কারখানায় কাজ নিয়েছেন। আশুলিয়ার নিশ্চিন্তপুরের ভাড়াঘরে কথা হয় হেনার সঙ্গে। এ ঘরের ভাড়া এক হাজার ২০০ টাকা।

হেনা আক্তার বলেন, অগ্নিকাণ্ডের পরে তাঁকে আশুলিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। সেখানে পাঁচ দিন চিকিৎসা দিয়ে তাঁকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তখনো তিনি সুস্থ হননি। এরপর আবার ভর্তি হন সাভারের সুপার ক্লিনিকে। সেখান থেকে তিন দিন পর পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সহযোগিতায় ভর্তি হন রাজধানীর ট্রমা সেন্টারে। সেখানে এক মাস চিকিৎসা নিয়ে তিনি নিশ্চিন্তপুরের বাসায় চলে আসেন।

এখনো ভালোভাবে হাঁটতে পারেন না হেনা আক্তার। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে যন্ত্রণা হয় পেশি ও পীঠে। মেরুদণ্ডে ধাতব খণ্ড বসানোর কারণে মাঝে মাঝেই পিঠে প্রচণ্ড ব্যথা হয়। কখনো ব্যথার কারণে রাতে ঘুমাতে পারেন না। ভারী জিনিস তুলতে পারেন না। চাকরিও করতে পারছেন না। তিনি জানান, বিজিএমইএ থেকে পাওয়া এককালীন এক লাখ টাকা আর বেসরকারি সংস্থা কারিতাসের দেওয়া মাসিক তিন হাজার টাকায় এত দিন সংসার চালিয়েছেন। উপায়ন্তর না পেয়ে দুই মাস আগে মেয়ে সুমিকে আবারও পোশাক কারখানায় চাকরিতে ঢুকিয়েছেন। সুমির বুকের ব্যথা এখনো ভালো হয়নি। তিনি কোনো ক্ষতিপূরণও পাননি।

আগুন লাগার পরে তিনতলা থেকে লাফ দিয়ে কোমরের নিচে, মাথায় ও কানে আঘাত পেয়েছিলেন সিরাজগঞ্জের রেবা খাতুন (৩৫)। ভেঙে যায় তাঁর ডান হাত। ঘটনার পর স্বজনেরা তাঁকে সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে দুই মাস চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে তিনি আশুলিয়া চলে আসেন। বর্তমানে নিশ্চিন্তপুরে ছোট একটি ভাড়া ঘরে বসবাস করেন। দীর্ঘ চিকিৎসায় ডান হাত ভালো হলেও কোমরের ব্যথা গুরুতর হয়ে উঠেছে। কোমরে ব্যথার জন্য প্রতি সপ্তাহে একটি করে ইনজেকশন নিতে হয়, যার দাম এক হাজার ২০০ টাকা। স্বামী হুমায়ুন কবীর একটি কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেন। তাঁর দুই ছেলেই মেধাবী, বিদ্যালয়ে তারা প্রথম সারির ছাত্র। তবে মায়ের এ অবস্থার পর থেকে তাদের পড়ানো পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

খুলনার দীঘলিয়ার রুমা আক্তার (২২) স্বাভাবিক হাঁটাচলা করতে পারলেও পরিশ্রমের কাজ করতে পারেন না। বেশিক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকতে পারেন না। মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়। তিনি বলেন, আগুন লাগার পর তিনতলা থেকে লাফিয়ে পড়ে কোমর, ঘাড় ও মাথায় আঘাত পান। এ ছাড়া প্রচণ্ড ধোঁয়ার মধ্যে শ্বাস নেওয়ার পর থেকেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছে। কোমরে আঘাতের কারণে এখন তাঁর কিডনিতে সমস্যা দেখা দিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কোনো ধরনের ক্ষতিপূরণ বা সহায়তা পাননি এই শ্রমিক। স্বামী ইলিয়াস হোসেনের উপার্জিত অর্থে চিকিৎসা করাচ্ছেন।

অগ্নিকাণ্ডের এক ঘণ্টা পরে রক্তাক্ত নাক নিয়ে ভাড়া বাসায় এসেছিলেন সুমাইয়া (১৮)। এরপর ময়মনসিংহ শহরের চরপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে ৬০ হাজার টাকা খরচ করে স্বজনেরা সুমাইয়ার নাকের চিকিৎসা করান। কিন্তু ব্যথা ভালো হচ্ছিল না। গত জুলাইয়ে তাঁকে আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় অ্যাক্টিভিস্ট নৃবিজ্ঞানী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁর নাকের পেছনে একটি ভয়ংকর প্রকৃতির টিউমার ধরা পড়েছে, যা ক্যানসারে রূপ নিচ্ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সংগঠনটি বিভিন্ন জায়গা থেকে সুমাইয়ার চিকিৎসার জন্য এখন তহবিল সংগ্রহ করছে।