কর্মজীবী ভারতীয় নারীরা এখন বেশি শঙ্কায় ভুগছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্প্রতি চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা শুধু রাজধানীরই নয়, পুরো দেশের কর্মজীবী নারীদের আত্মবিশ্বাসে বড় ধরনের চিড় ধরিয়েছে।নিরাপত্তাহীনতার কারণে গুড়গাঁও, নদীয়া, দিল্লি, সোনেপাত ও ফরিদাবাদে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের নারী কর্মীরা এখন কর্মঘণ্টা শেষ হওয়ার পর এক মিনিটও অফিসে থাকতে চাইছেন না।ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন অ্যাসোসিয়েটেড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (অ্যাসোচেম) এক জরিপে এমন মতই উঠে এসেছে। গণধর্ষণের ঘটনা নারী কর্মীদের মধ্যে কেমন প্রভাব ফেলেছে, তা বোঝাই ছিল জরিপের উদ্দেশ্য। খবর ইকোনমিক টাইমস-এর।সারা দেশের বিভিন্ন শহরে কর্মরত আড়াই হাজার নারী কর্মী জরিপে অংশ নিয়েছেন।জরিপে অংশ নেওয়া ৮৮ শতাংশ নারীই বলেছেন, যেসব নারী সরকারি বাসে যাতায়াত করেন, তাঁদের মা-বাবা মেয়ের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন থাকেন। ওই ধর্ষণের ঘটনার পর থেকে তাঁরা বাসার লোকজনের (মা-বাবা কিংবা স্বামী) কাছ থেকে আগের চেয়ে বেশি ফোন পাচ্ছেন।যেসব কর্মজীবী নারী দিল্লির মেট্রোট্রেনে যাতায়াত করেন, তাঁরা যতক্ষণ স্টেশন এলাকায় থাকেন, ততক্ষণ নিজেদের তুলনামূলক নিরাপদ মনে করেন। তবে স্টেশন থেকে বের হওয়া মাত্রই নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন।জরিপে অংশ নেওয়া নারীরা মনে করেন, সুশাসনের মান বাড়ানো এবং ভিভিআইপিদের সঙ্গে পুলিশের ‘বন্দোবস্ত’মূলক মনোভাব পরিবর্তনের এটাই উপযুক্ত সময়।