এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ
কর্মজীবী মেয়েদের অগ্রগতি নিয়ে সূচক তৈরির প্রস্তাব
বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ কর্মজীবী মেয়েদের জন্য আলাদা একটি সূচক তৈরির পরামর্শ দিয়েছেন। কর্মজীবী মেয়েরা কেমন আছেন, কতটা এগিয়েছেন, কী উন্নতি করেছেন, তা জানতেই এই সূচক তৈরি হবে। কারণ কর্মজীবী মেয়েদের উন্নয়নের কোনো তথ্য-উপাত্ত নেই। আর সূচকটির নাম হতে পারে ‘ওয়েলবিয়িং ইনডেক্স ফর উইমেন।’
‘বৈশ্বিক উন্নয়ন অ্যাজেন্ডা ও নারীর অধিকার: নতুন বিবেচনা’ শীর্ষক এক সংলাপে গত মঙ্গলবার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ প্রস্তাব দেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সংলাপে বলা হয়, বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বাস্তবায়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। একই সঙ্গে অর্থনৈতিকভাবেও যাচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, শিক্ষার মাধ্যমিক স্তরে মেয়েদের ঝরে পড়ার হার রোধ করা, নির্যাতন বন্ধ এবং ঘরের বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলোতে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, এসডিজি বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এটি সমন্বিত একটি বিষয়। সবাইকে এখানে কাজ করতে হবে। তবে নেতৃত্ব দেবে সরকার। তিনি বলেন, পিছিয়ে পড়া নারীদের কিছু বাড়তি সুবিধা দিতেই হবে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা অর্থনৈতিকভাবে অনেক উন্নয়ন করেছি। নারী নির্যাতন, বাল্যবিবাহ বন্ধ করা, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ইত্যাদি কয়েকটি ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি। এসব বিষয় অনেক গুরুত্বপূর্ণ। নারীর প্রতি শিষ্টাচার বাস্তবায়ন না হলে আমরা অর্থনৈতিক উন্নয়ন দিয়ে কী করব?’
সংলাপে বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ একটি উপস্থাপনা তুলে ধরেন। এতে রাজনৈতিক দল, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, আর্থিক ও শিল্পপ্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণকে অর্থবহ করার লক্ষ্যে নারীর ন্যূনতম সংখ্যা এক-তৃতীয়াংশ নির্ধারণ করার দাবি করা হয়।