কর্মজীবী শিশুদের জন্য রূপালী ব্যাংকের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পথ ও কর্মজীবী শিশু-কিশোরদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খোলার সুযোগ এনে দিয়েছে। ব্যাংকের খুলনার নতুন বাজার শাখায় গতকাল শনিবার এই হিসাব খোলা শুরু হয়।

বাংলাদেশ ব্যাংক এবং খুলনার মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থার (মাসাস) সহায়তায় রূপালী ব্যাংক ‘পথফুল সঞ্চয়ী হিসাব’ শীর্ষক এ সেবা চালু করে। এটাকে বিশ্বে এ ধরনের প্রথম সেবা বলে দাবি করেন রূপালী ব্যাংকের কর্মকর্তারা।

নগরের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে সেবাটির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক দেবাশীষ চক্রবর্তী, মঈন উদ্দিন, উপমহাব্যবস্থাপক মৃধা ইউসুফ আলী, আবু মো. ছাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

একই স্থানে অনুষ্ঠিত হয় স্কুল ব্যাংকিং সম্মেলন। এ অনুষ্ঠানেও গভর্নর ও ডেপুটি গভর্নর যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন এবং সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক। এখানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার নির্বাহী পরিচালক মো. আবদুর রহিম, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।