আমেরিকার সঙ্গে বাংলাদেশের প্রথম টিকফা বৈঠক ও ইউরোপে জিএসপি পর্যালোচনাসহ প্রাসঙ্গিক বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী ড. তৌফিক আলী

প্রথম আলো: ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানকে বস্ত্র খাতে জিএসপি প্লাস সুবিধা দিয়েছে। ভারতও এই সুবিধা চাইছে। এটা কি বাংলাদেশের রপ্তানিকে অতিরিক্ত প্রতিযোগিতার মুখে ফেলবে না?
তৌফিক আলী: বিশ্বজুড়ে শুল্কহার ক্রমাগত কমে আসছে। আগামী কয়েক বছরের মধ্যে তা আরও অনেক কমে যাবে। ফলে শুল্কমুক্ত প্রবেশাধিকারের প্রকৃত সুবিধাও কমে যাবে। তার মানে হলো, প্রতিযোগিতা আরও বাড়বে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের রপ্তানিমুখী পণ্যের জিএসপি সুবিধাকে এই বাস্তবতায় বিবেচনা করতে হবে। যেহেতু পণ্যভেদে শুল্কহারেও অনেক পার্থক্য, তাই নিম্নহারে শুল্কের ক্ষেত্রে অনেক সময়ই জিএসপি সুবিধা গ্রহণ ততটা আকর্ষণীয় বিবেচিত হয় না। আবার বাংলাদেশের উৎপাদক ও রপ্তানিকারকদের উৎপাদনশীলতা বেশ জোরালো বলে তারা প্রতিযোগিতা করেই বাজারে টিকে থাকছে, বাজার বাড়াচ্ছে। সুতরাং, পাকিস্তানকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি তেমন কোনো সমস্যায় পড়বে না। আর ভারতকে এই সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে ইইউর সঙ্গে ভারত যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) জন্য সমঝোতা করছে, সে দিকে বাংলাদেশের গভীরভাবে নজর রাখতে হবে। সর্বোপরি উৎপাদনশীলতা বাড়াতে হবে বাংলাদেশকে।
প্রথম আলো: ইইউ তো বাংলাদেশের জিএসপি-সুবিধা পর্যালোচনা করবে বলেছে। পোশাকশিল্পের কাজের পরিবেশ উন্নত করারও তাগিদ দিয়েছে।
তৌফিক আলী: নির্দিষ্ট সময় পর পর জিএসপি-সুবিধা পর্যালোচনা করা হয়। এটা কোনো সমস্যা নয়। স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশকে দেওয়া জিএসপি সুবিধাও ইইউ স্থগিত করবে না। তবে পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে তারা যে তাগিদ দিয়েছে, তা ভবিষ্যতেও দেবে। বাংলাদেশের ওপর এই চাপটা থাকবে।
প্রথম আলো: যুক্তরাষ্ট্রে জিএসপি ফেরত পাওয়ার বিষয়ে সম্প্রতি সে দেশের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশকে আরও পদক্ষেপ নিতে হবে। তাহলে কি জিএসপি ফেরত পাওয়া অনেক প্রলম্বিত হবে?
তৌফিক আলী: বাংলাদেশের মোট রপ্তানির মাত্র ১ শতাংশের যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ভোগ করত। তাই জিএসপি ফেরত পাওয়াটা গুটি কয়েক রপ্তানিকারকের জন্য যতটা গুরুত্বপূর্ণ, সার্বিক রপ্তানির জন্য হয়তো ততটা নয়। আবার জিএসপি ফেরত পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র সেসব শর্ত নির্ধারণ করে দিয়েছে, তার বেশির ভাগই তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ ও শ্রমিকের জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। ইতিমধ্যে বাংলাদেশের পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো বাস্তবায়ন করা হয়েছে, কারখানার কর্মপরিবেশ উন্নয়নে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও অনেক কাজ যে করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যুক্তরাষ্ট্র যে আরও অনেক কিছু করার কথা বলছে, তার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের জন্য ভেদ করার লক্ষ্য যেন একটু একটু করে সরিয়ে নেওয়া হচ্ছে। ইংরেজিতে যাকে বলে শিফটিং দ্য গোলপোস্ট। মানে কিছু লক্ষ্য পূরণ হওয়ার পর বাকিটা পূরণ করার সময় কিছু পরিবর্তন আনা হচ্ছে।
প্রথম আলো: মার্চ মাসেই টিকফার (বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি) আওতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম বৈঠক হবে। এটা কতটা তাৎপর্যবহ?
তৌফিক আলী: যেহেতু টিকফার প্রথম বৈঠক, সেহেতু এটা স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ। তবে এখানে দেখার দিকটি হলো, কোন কোন বিষয়ের ওপর এই বৈঠকে আলোচনা হবে। এখন পর্যন্ত আলোচ্যসূচি জানা যায়নি, হয়তো তা নির্ধারিত হয়নি। তবে মনে রাখা প্রয়োজন, টিকফা স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) তাঁর বিবৃতিতে বলেছিলেন, এই চুক্তির ফলে দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখন থেকে নিয়মিতভাবে একত্রে কাজ করবে। আর গুরুত্বপূর্ণ হলো শ্রমিকের নিরাপত্তা ও শ্রম অধিকার উন্নয়নে বাংলাদেশের প্রয়াসের গতিবিধি তারা, মানে আমেরিকা অনুসরণ ও আলোচনা করতে পারবে। তৈরি পোশাকশিল্পে বাংলাদেশ যে আরও ট্র্যাজেডি রোধ করতে চায়, তা যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বলেও তিনি মন্তব্য করেছেন। ইউএসটিআরের এই বিবৃতি থেকেই বোঝা যায়, টিকফার আওতায় যুক্তরাষ্ট্রের প্রধান বিবেচ্য বিষয় হলো, বাংলাদেশের শ্রমমান ও শ্রমিকের কর্মপরিবেশ। এত দিন পর্যন্ত এসব বিষয়ে যুক্তরাষ্ট্র যা-ই বলেছে, বাংলাদেশ তা বিভিন্নভাবে উপেক্ষা করতে পেরেছে। কিন্তু টিকফার আওতায় আলোচনা হবে বাধ্যতামূলক। এখানে এড়িয়ে যাওয়ার বা পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
অন্যদিকে বাংলাদেশ এখন আশা করছে, টিকফার আওতায় যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার বিষয়ে এখন আলোচনা করা সহজ হবে, এ জন্য দর কষাকষি করার সুযোগ তৈরি হবে। সমস্যা হলো, টিকফায় অশুল্ক বাধা নিয়ে আলোচনার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শুল্ক বাধার বিষয়টি নয়। তার মানে হলো, শুল্কমুক্ত সুবিধা নিয়ে বাংলাদেশ যেভাবে আলোচনা করবে বলে প্রত্যাশা করছে, সেটা সম্ভব নাও হতে পারে।
বর্তমানে বাংলাদেশের পণ্যকে গড়ে ১৫ শতাংশ হারে শুল্ক দিয়েযুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হয়। অর্থাৎ উচ্চ শুল্কের বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে মনে হচ্ছে, বাংলাদেশ ও আমেরিকা দুটি ভিন্ন প্রেক্ষাপট থেকে টিকফার আওতায় আলোচনা করতে যাচ্ছে।
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]