কর্মপরিবেশ উন্নয়নে স্বল্পসুদে ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে সহজ শর্তে স্বল্পসুদে ঋণ পাবেন বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের মালিকেরা। নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থায়নযোগ্য খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন কর্মসূচি বা স্কিমের আওতায় এই ঋণ দেওয়া হবে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৯ শতাংশ সুদে একটি কারখানাকে সর্বোচ্চ এক কোটি টাকা ঋণসুবিধা দেওয়া হবে। ত্রৈমাসিক কিস্তিতে পাঁচ বছরে সুদাসলে এই ঋণ পরিশোধ করতে হবে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে। 

জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই উদ্যোগের ফলে ছোট ও মাঝারি পোশাকশিল্প-কারখানাগুলো উপকৃত হবে। তবে এই ঋণের সীমা যেন এক কোটি টাকার মধ্যেই কেবল সীমাবদ্ধ রাখা না হয়। কারণ, আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা ও মানদণ্ড অনুযায়ী কারখানার কর্মপরিবেশ উন্নয়নে অনেক ক্ষেত্রে চার থেকে পাঁচ কোটি টাকার প্রয়োজন। সে কারণে ঋণের সীমাটি চাহিদা অনুযায়ীই নির্ধারণ করাটা ভালো হবে।  

তৈরি পোশাক কারখানা ছাড়াও পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় পরিবেশবান্ধব সবুজ শিল্প বা গ্রিন ইন্ডাস্ট্রি স্থাপন ও সৌরবিদ্যুৎ ব্যবহার করে ভূমির উপরিভাগের পানি সংগ্রহ, পরিশোধন ও সরবরাহ প্রকল্পেও স্বল্পসুদে ঋণ-সহায়তা দেওয়া হবে।

নতুন করে উল্লিখিত তিনটি প্রকল্পকে পরিবেশবান্ধব অর্থায়ন কর্মসূচির আওতাভুক্ত করা হয়েছে। এর ফলে নয়টি খাতের মোট ৪৭টি প্রকল্প বা পণ্যকে এই কর্মসূচির আওতাভুক্ত করা হলো। এত দিন ৪৪টি প্রকল্প স্বল্পসুদে ঋণসুবিধা পেত। সেগুলোর মধ্যে রয়েছে: পৌর বর্জ্য থেকে থেকে বিদ্যুৎ উৎপাদন, পরিবেশের জন্য ক্ষতিকারক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধন, ব্যবহৃত কাগজ পুনঃপ্রক্রিয়ার মাধ্যমে নতুন কাগজ তৈরি, প্লাস্টিক-জাতীয় দ্রব্য পুনঃপ্রক্রিয়াকরণ প্রকল্প ইত্যাদি।

তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর এ খাতের কর্মপরিবেশ ও নিরাপত্তার বিষয়টি বিশ্বজুড়ে বেশ আলোচনায় আসে। কর্মপরিবেশ ও নিরাপত্তা বাড়ানোর জন্য ক্রেতাদের পক্ষ থেকে ও দেশের অভ্যন্তরে নানামুখী চাপ তৈরি হয়। পোশাকশিল্পের মালিকেরা কারখানার কর্মপরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্পসুদে ঋণসুবিধার দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের একাধিক সংগঠন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকও করে।

বাংলাদেশ ব্যাংক বলছে, বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের মালিকদের তিনটি সংগঠন যথাক্রমে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর সদস্যভুক্ত যেকোনো প্রতিষ্ঠান কারখানার পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ এক কোটি টাকা ঋণসুবিধা পাবে। বাংলাদেশ ব্যাংক ৫ শতাংশ সুদে ব্যাংকগুলোকে এই অর্থ জোগান দেবে। ব্যাংকগুলো আরও ৪ শতাংশ সুদ যোগ করে মোট ৯ শতাংশ সুদে ঋণ দেবে।

এই ঋণের টাকা অগ্নিনির্বাপক ও অগ্নি প্রতিরক্ষামূলক সামগ্রী ক্রয়, কারখানার ছাদ এবং ভূগর্ভে প্রয়োজনীয় পাম্প স্থাপনসহ পানি সংরক্ষণাগার তৈরির কাজে ব্যবহার করা যাবে। এ ছাড়া নিরাপদ কর্মপরিবেশ-সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালা অনুসরণে যেসব ব্যয় হবে সেসব ব্যয়ও পুনঃ অর্থায়ন সুবিধার আওতাভুক্ত হবে। ঋণ গ্রহণের তারিখ থেকে প্রথম নয় মাস ঋণের বিপরীতে কোনো কিস্তি পরিশোধ করতে হবে না।