আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে অঙ্গার হয়েছেন ১১২ জন পোশাকশ্রমিক। গত ২৪ নভেম্বরের এ দুর্ঘটনা তৈরি পোশাক খাতের ইতিহাসে ভয়াবহতম অগ্নিকাণ্ডের ঘটনা। ফলে পোশাক খাতে এখন কেবলই শোকের ছায়া। অন্যদিকে তাজরীনের ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া হওয়ায় নতুন আশঙ্কায় পড়েছে খাতটি। ওয়ালমার্টের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড বাংলাদেশের এক সরবরাহকারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তাই দেশের শীর্ষ রপ্তানি আয়ের পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে ২০১২ সালে সারা বছরের সবকিছু ছাপিয়ে নভেম্বরের শেষ সপ্তাহের তাজরীনে অগ্নিকাণ্ডের ঘটনাই তৈরি পোশাক খাতের, তথা শীর্ষ রপ্তানি খাতের সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত ঘটনা।অন্যদিকে আশার জায়গাও আছে। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া চীনের বাজার ধরার নতুন সুযোগও সৃষ্টি হয়েছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের মতে, তাজরীনের ঘটনা দেশের পোশাক খাতের জন্য অশনিসংকেত। তাই যেকোনো মূল্যে ভাবমূর্তি পুনরুদ্ধার না করতে পারলে দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত পোশাক খাতকে চরম মূল্য দিতে হবে। তবে অগ্নিকাণ্ডে নিহত সব শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কাজও সম্পন্ন হয়নি। কারণ, পরিচয় না-জানা ৫৩ শ্রমিকের ডিএনএ পরীক্ষা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ায় বেশির ভাগ নিহত শ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে ছয় লাখ টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ঘটনায় আহত ৮০ শ্রমিকের সবাই এখনো ক্ষতিপূরণ পাননি।তাজরীনের ঘটনার পর পোশাক কারখানার কর্মপরিবেশ বা কমপ্লায়েন্ট নিয়ে জোরেশোরে সমালোচনা শুরু হয়। বাইরে থেকে কমপ্লায়েন্ট কারখানা বলা হলেও আদতে তা শ্রমিকদের জন্য কতটুকু সহায়ক, তা নিয়ে প্রশ্ন ওঠে দেশের ভেতরে ও বাইরে। অবশ্য এ বিষয়ে বিজিএমইএ কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সরকারও কিছুটা নড়েচড়ে বসেছে। কিন্তু এত কিছু পরও আসলেই পোশাক কারখানার কর্মপরিবেশ নিশ্চিত হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। বিজিএমইএর টাস্কফোর্স ঢাকঢোল পিটিয়ে কাজ শুরু করে প্রথম দিন চারটি কারখানা পরিদর্শন করেছে। তারপর গত এক সপ্তাহে আর কোনো কার্যক্রম পরিচালনা করেনি। তাজরীনের ঘটনার পরপরই বিজিএমইএ আয়োজিত পোশাক খাতের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপোতে নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে আগের বছরের চেয়ে এবার তাৎক্ষণিক কার্যাদেশ কমেছে প্রায় ৪৬ লাখ ৮০ হাজার ডলার।হংকংয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গত নভেম্বরে ঢাকা সফর করে। উদ্দেশ্য, নতুন উৎপাদক দেশ খোঁজা। কারণ, বিশ্বের মোট চাহিদার ৩৬ শতাংশের জোগানদাতা দেশ চীন এ খাত থেকে নিজেদের ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে। তারা উচ্চ প্রযুক্তিশিল্প স্থাপনেই এখন বেশি মনোযোগী। বাংলাদেশের পোশাক খাতের গড় প্রবৃদ্ধি ১৫ শতাংশ। তবে চীনের সুযোগটি কাজে লাগাতে পারলে প্রবৃদ্ধি ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। এ জন্য হংকংয়ের প্রতিনিধিদলের সফর গুরুত্বসহকারেই নিয়েছেন দেশের পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁরা মনে করেন, সুযোগটি কাজে লাগাতে পারলে পোশাক খাতে বিপ্লব ঘটবে। দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই সবকিছু মিলিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়েই ২০১৩ সাল শুরু করতে যাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। তবে নতুন বাজার ধরা, রপ্তানি আয় বৃদ্ধি আর ভাবমূর্তি পুনরুদ্ধারের আগে শ্রমিকদের কর্মপরিবেশ নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।