কর্মপরিবেশ নিয়ে বৈঠক করবে এইচঅ্যান্ডএম
বাংলাদেশের তৈরি পোশাকের বড় ক্রেতা সুইডেনভিত্তিক খুচরা বিক্রেতা ব্র্যান্ড হ্যানস অ্যান্ড মৌরিটজ (এইচঅ্যান্ডএম)। ব্র্যান্ডটির কর্মকর্তারা এ দেশের পোশাক কারখানার কর্মপরিবেশের অগ্রগতি জানতে সদস্য কারখানার সঙ্গে বৈঠক করবে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে কাল মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান গতকাল রোববার এমনটাই জানালেন। তিনি বলেন, বৈঠকে এইচঅ্যান্ডএমের সদস্য কারখানা কর্তৃপক্ষ ছাড়া বিজিএমইএর প্রতিনিধি ও ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এইচঅ্যান্ডএমের সদস্য কারখানার সংখ্যা কত জানতে চাইলে তিনি বলেন, দুই শতাধিক কারখানা ওই প্রতিষ্ঠানের কাজ করে।
এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এইচঅ্যান্ডএমের সদস্য কারখানাগুলো কেন সংস্কারকাজে ধীর গতিতে এগোচ্ছে। কার কী সমস্যা—এসব জানতেই মূলত এইচঅ্যান্ডএম বৈঠকটি ডেকেছে বলে শুনেছি। অবশ্যই এটি ভালো উদ্যোগ।’
বাংলাদেশ থেকে এইচঅ্যান্ডএম বছরে কত কোটি মার্কিন ডলারের পোশাক আমদানি করে জানতে চাইলে বিজিএমইএর সভাপতি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’