কর্মসংস্থান বিরাট ঝুঁকির মধ্যে পড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সপ্তাহের সাক্ষাৎকার: দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ঝুঁকির দিকগুলো নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর এম এ তসলিম

এম এ তসলিম
এম এ তসলিম

প্রথম আলো: রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় বাংলাদেশের অর্থনীতি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এর পরিণতি কতটা মন্দ হতে পারে?
এম এ তসলিম: এই প্রশ্নের জবাব দেওয়ার আগে বিগত পাঁচ বছরে অর্থনীতির সম্ভাবনা ও বিপর্যয়ের ধারার দিকে একটু তাকানো প্রয়োজন। পাঁচ বছর বাংলাদেশের জন্য ছিল একটি সুবর্ণ সুযোগ। সিডর ছাড়া বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়নি। প্রতিবছরই কৃষিতে বাম্পার ফলন হয়েছে। বলা যায় প্রকৃতি আমাদের প্রতি প্রসন্ন ছিল। কিন্তু এই পাঁচ বছরেই মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির গড় হার আগের তুলনায় শ্লথ হয়ে গেছে। অথচ গত চার দশকে প্রতি সরকারের আমলেই সমন্বিত গড় প্রবৃদ্ধি তার আগের সরকারের আমলের তুলনায় বেড়েছে। কিন্তু ২০০৯-১৪ সময়কালে তা আর হচ্ছে না। কেননা, ২০১৩-১৪ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচে নেমে যাবে, তা এখন নিশ্চিত। ফলে গত এক দশকের সোয়া ৬ শতাংশ গড় প্রবৃদ্ধির ধারা থেকেও বিচ্যুতি ঘটবে। অথচ এত বছরের ধারা অনুসারে প্রবৃদ্ধির হার বরং ঊর্ধ্বমুখী হওয়ার কথা ছিল। আবার মূল্যস্ফীতির হারও বেড়ে গেছে। এই পাঁচ বছরে গড় মূল্যস্ফীতির হার হয়েছে প্রায় ৯ শতাংশ। এই প্রবৃদ্ধি কমে যাওয়া ও মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়া—এটার মূলে রয়েছে দেশের মন্দ রাজনীতি ও দুর্নীতির দৌরাত্ম্য বৃদ্ধি।
প্রথম আলো: প্রবৃদ্ধি কমে যাওয়া ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার জন্য তো অভ্যন্তরীণ কারণের পাশাপাশি আন্তর্জাতিক ঘটনাপ্রবাহও দায়ী।
এম এ তসলিম: এটা পুরোপুরি ঠিক নয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত দুই-তিন বছরে মোটামুটি স্থিতিশীল ছিল। অথচ বাংলাদেশে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছে। সরকারের অভ্যন্তরীণ ব্যবস্থাপনাগত দুর্বলতা ও অদক্ষতা অর্থনীতিতে একের পর এক বিপর্যয় ঘটিয়েছে। শেয়ারবাজারের বিপর্যয় দিয়ে এর যাত্রা শুরু। এরপর বিভিন্ন ব্যাংকে ঋণের জালিয়াতি ও কেলেঙ্কারি হয়েছে। ফলে গোটা আর্থিক খাত এখন বিরাট ঝুঁকির মধ্যে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ বা তদারকি ব্যর্থ হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খুলে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ বাড়ানো হয়েছে। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করা হয়েছে, বাড়ানো হয়েছে অনিয়ম-দুর্নীতির সুযোগ। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো থেকে নির্বিচারে ঋণ নিয়ে এখন আবার মূলধন ঘাটতি মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তার মানে জনগণের কষ্টার্জিত টাকা থেকে নিয়ে সুবিধাভোগী-দুর্নীতিবাজদের কাজের ক্ষতিপূরণ করা হবে। এভাবেই আর্থিক খাতে সুশাসন ভেঙে পড়েছে।
প্রথম আলো: পাঁচ বছরের সার্বিক প্রেক্ষাপটে বললেন। কিন্তু চলমান রাজনৈতিক সহিংসতার নেতিবাচক প্রভাবগুলো কীভাবে দেখতে পাচ্ছেন?
এম এ তসলিম: রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে, স্থিতিশীলতা ফিরে না এলে, সহিংসতা বন্ধ না হলে অর্থনীতির ক্ষেত্রে কোনো ইতিবাচক কিছু হবে না। কাজেই সবকিছু নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির ওপর। যদি ধরেও নিই যে পরিস্থিতি যা খারাপ হওয়ার হয়ে গেছে, এর চেয়ে বেশি আর খারাপ হবে না, তাহলেও কয়েকটি বিষয় খুব উদ্বেগজনক রূপ নিতে পারে। বিশেষ করে কর্মসংস্থান পরিস্থিতির ভয়াবহতা। বিদেশে জনশক্তি রপ্তানি ও প্রবাসী-আয় বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতের একটি। অথচ গত বছর ১১ মাসে জনশক্তি রপ্তানি হয়েছে মাত্র তিন লাখ ৭০ হাজার, যা আগের বছর ছিল ছয় লাখের ওপরে। ফলে প্রবাসী-আয় প্রবাহও নিম্নমুখী হয়ে পড়েছে। সরকারের কূটনৈতিক ব্যর্থতায় মধ্যপ্রাচ্যের বিশাল বাজার আমাদের হাতছাড়া হচ্ছে। নতুন লোক যাওয়ার বদলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশি শ্রমিকেরা ফিরে আসছেন। এটা সামাজিক অস্থিরতা তৈরি করবে। অন্যদিকে দেশের ভেতরেও কর্মসংস্থান তৈরির সুযোগ সংকুচিত হচ্ছে। একদিকে রাজনৈতিক সহিংসতায় বিনিয়োগ ও উৎপাদন কমে যাচ্ছে। ফলে নতুন লোক নিয়োগ দেওয়ার বদলে অনেকেই এখন লোক ছাঁটাই বা কমানোর দিকে যাচ্ছে। এটাও সামাজিক অস্থিরতা তৈরি করবে। অন্যদিকে, কয়েক বছর ধরে দক্ষতা বাড়ানোর বদলে অদক্ষতাকে উৎসাহিত করা হয়েছে দলীয় রাজনৈতিক বিবেচনায় লোক নিয়োগের সুযোগ বাড়ানোর জন্য। তা করতে গিয়ে শিক্ষাব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। আর তাই গোল্ডেন জিপিএ পাওয়া ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে এসে অনেকেই মোটামুটি ফল করতেই দিশেহারা হয়ে যাচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না অথচ শ্রীলঙ্কা ও ভারত থেকে লোকজন বাংলাদেশে এসে মোটা বেতনে কাজ করছে।
প্রথম আলো: রাজনৈতিক সহিংসতার প্রভাবে মূল্যস্ফীতির চাপ কি আগামী দিনগুলোয় বাড়বে?
এম এ তসলিম: কিছুটা তো বাড়বেই। আর তা হবে প্রধানত খাদ্যের মূল্যস্ফীতিতে। কেননা, যেভাবে পণ্য সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে, তার নেতিবাচক প্রভাব খাদ্যদ্রব্যের দামের ওপরই বেশি হবে। ইতিমধ্যে কিছুটা হয়েছেও। আর খাদ্যপণ্যের দামই সাধারণ মানুষকে সবচেয়ে বেশি আক্রান্ত করে। কারণ, সবাইকে প্রতিদিন খেতে হয়। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমে যাবে চাহিদা কমে যাওয়ায়। আর এই কঠিন সময়ে মানুষ তো বাড়ি-গাড়ি কেনার কথা চিন্তা করবে না। কাজেই বাড়ি-গাড়ি ইত্যাদির দাম কমে যাবে। ফলে সার্বিক মূল্যস্তর তেমন না বাড়লেও খাদ্য মূল্যস্ফীতি অনেক বাড়বে। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি নিম্নমুখী হওয়ার মানে এসব খাতের মুনাফা কমে যাওয়া। তাতে করে বিনিয়োগও কমবে। কমে যাবে প্রবৃদ্ধি।
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]