কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেট
বাজেট

রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, কর্মসংস্থান বাড়ে বাজেটে এমন উদ্যোগ থাকতে হবে। রপ্তানি যেন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে এমন ঘোষণা থাকতে হবে। তাহলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে।

আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় ইএবির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী গতকাল শনিবার এসব কথা বলেন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাজেটে বিনিয়োগ বাড়াতে সুনির্দিষ্ট ঘোষণা নেই। গ্যাস, বিদ্যুৎ-সংযোগের বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। অনেক দিন ধরে দেশে সুদের হার কম হওয়ার পরও বিনিয়োগ বাড়ছে না।

সালাম মুর্শেদী বলেন, প্রতিযোগিতার সক্ষমতা টিকিয়ে রাখতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে সময়ে-সময়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের প্রতিবেশী দেশগুলো। ফলে তারা রপ্তানিতে ২ অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করছে।

পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান বলেন, বাজেট নিয়ে আমরা ভীত-সন্ত্রস্ত; বিশেষ করে মূল্য সংযোজন কর নিয়ে। সব খরচ বেড়ে যাবে। রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করা যাচ্ছে না। প্রবাসী আয় কমে যাচ্ছে। এর প্রভাব কৃষি উৎপাদনেও পড়বে।

এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন-অর-রশীদ বলেন, ‘ব্যবসা করতে এ বছরের মতো বিপদ আগে কখনো আসেনি। যে বাজেট হয়েছে, তাতে দেশ থেকে অর্থ পাচার দ্বিগুণ হয়ে যাবে। সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা রাখা শুরু করবে সবাই।’

অনুষ্ঠানে রপ্তানি খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা করপোরেট ও উৎসে কর কমানোর দাবি জানান।