কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন
কর্মসংস্থান ব্যাংকের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল এবং প্রধান শাখার চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবদুস সালাম।সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপকেরা, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপকদ্বয় এবং প্রধান শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। মো. নূরুল হুদা সব কর্মকর্তা-কর্মচারীকে নিরলস পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের বিপুলসংখ্যক বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন। তিনি ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে একযোগে কাজ করে চলতি ২০১০-১১ অর্থবছরের ঋণ বিতরণ, ঋণ আদায় ও মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।