কর্মসংস্থানই বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন এখন উচ্চপ্রযুক্তির পোশাক তৈরির দিকে ঝুঁকছে। তাই চীনের তৈরি পোশাকের ২০ শতাংশ বাজার যদি বাংলাদেশ নিতে পারে, তবে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ হয়ে ২ হাজার ৯০০ কোটি ডলার হবে। এতে বিপুল লোকের কর্মসংস্থান হবে। প্রত্যক্ষভাবে প্রায় ৫৪ লাখ লোকের কর্মসংস্থান হবে। আর পরোক্ষভাবে আরও ১ কোটি ৩৫ লোক কাজ পাবে।
বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনাকে এভাবেই তুলে ধরেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ‘ডায়াগনস্টিক ট্রেড ইন্টিগ্রেশন স্টাডি’ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটির শিরোনাম ‘টুওয়ার্ডস নিউ সোর্সেস অব কম্পিটিটিভনেস ইন বাংলাদেশ’। গুলশানের ওয়েস্টিন হোটেলে গতকাল বুধবার প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করা হয়।
প্রতিবেদনে কর্মসংস্থানকে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, আগামী এক দশকে বছরে গড়ে ২০ লাখ কর্মক্ষম জনগোষ্ঠী চাকরির বাজারে প্রবেশ করবে। বর্তমানে দেশের ১০ কোটি ৩৩ লাখ কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে মাত্র ৫ কোটি ৮১ জন কাজ করেন। তাই বাংলাদেশে কাজের সুযোগ তৈরি হয় এমন প্রবৃদ্ধি দরকার।
প্রবৃদ্ধি ও রপ্তানি টেকসই করতে বাংলাদেশকে চারটি বিষয়ে নজর দেওয়ার সুপারিশ করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। প্রথমত, নতুন বাজারের সন্ধানে বাণিজ্য অবকাঠামো গড়ে তুলতে হবে। এখন বিশ্ববাজার অনেক বেশি প্রতিযোগিতাময়। সবাই কম সময়ে পণ্য পেতে চায়। তাই আঞ্চলিক যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। দ্বিতীয়ত, রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণে নীতি-সহায়তা দিতে হবে। তৃতীয়ত, শ্রমিকদের মানোন্নয়ন ও ভোক্তার কল্যাণের দিকে নজর দিতে হবে। চতুর্থত, বিনিয়োগ ও বাণিজ্য-সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকাও জরুরি।
প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানিনির্ভর প্রবৃদ্ধি অর্জনের মানে হলো দারিদ্র্যবিমোচন এবং দেশের নাগরিক সুবিধার সম্প্রসারণ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লা আল মামুন, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার উইন্ডি জো ওয়ার্নার প্রমুখ। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বাণিজ্য ও বিশ্ব প্রতিযোগিতা অনুশীলন (ট্রেড অ্যান্ড কম্পিটিটিভনেস গ্লোবাল প্র্যাকটিস) বিভাগের প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া। অনুষ্ঠানটি বাণিজ্য মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক যৌথভাবে আয়োজন করেছে।
প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে সঞ্জয় কাঠুরিয়া বলেন, ১৯৯৫ থেকে ২০১২ সাল নাগাদ বহির্বিশ্বে বাংলাদেশের রপ্তানি প্রায় দ্বিগুণ হয়েছে। স্বল্পোন্নত দেশ হয়েও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বড় দেশে পরিণত হয়েছে। তৈরি পোশাক রপ্তানি বাড়াতে অবশ্যই নতুন বাজারে সম্প্রসারণ করতে হবে, সেই সঙ্গে নতুন পণ্য রপ্তানির দিকেও জোর দিতে হবে। বিশেষ করে পাটজাত পণ্য, পাদুকা, সামুদ্রিক খাদ্য ও তথ্যপ্রযুক্তির মতো পণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরেন তিনি।
ভিয়েতনামের উদাহরণ দিয়ে তিনি বলেন, রপ্তানি খাতকে গুরুত্ব দিয়ে মাত্র ২৫ বছরে দরিদ্র দেশ ভিয়েতনাম নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। বর্তমানে ভিয়েতনামের রপ্তানির পরিমাণ বাংলাদেশের চার গুণ।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ভারত আমাদের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, কিন্তু রপ্তানি বাড়াতে পারছি না। অশুল্ক বাধা দিয়ে রেখেছে তারা। আবার বিভিন্ন রাজ্যে কাউন্টার ভেইলিং ডিউটি রয়েছে।’ তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সামাজিক ও অর্থনীতির কিছু সূচকে ভারতের চেয়ে এবং অধিকাংশ সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বেসরকারি বিনিয়োগ আনতে অবকাঠামো-সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন উইন্ডি জো ওয়ার্নার। তিনি বলেন, বাংলাদেশে পর্যাপ্ত কর্মসংস্থান হচ্ছে না। আবার বিনিয়োগের জন্য পর্যাপ্ত অবকাঠামো যেমন, বিদ্যুৎ ও ভূমির অপ্রতুলতা রয়েছে। এই সুবিধাগুলোই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ২০২১ সালের মধ্যে রপ্তানি আয় পাঁচ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে সব ধরনের বাধা দূর করতে হবে।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইয়োহানেস জাট বলেন, মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি বাড়ানোর জন্য ধনী ও বড় দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়াতে হবে। বাংলাদেশের তৈরি পোশাকশিল্প সাফল্য দেখিয়েছে। রপ্তানি পণ্য বহুমুখী করলে পাট, পাদুকা, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ, ওষুধসহ হালকা প্রকৌশলশিল্পও সফল হতে পারবে।