দেশের গরিব মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়, এমন সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করার ওপর জোর দিয়েছেন অর্থনীতিবিদেরা। তাঁদের মতে, এই ধরনের সুরক্ষা কর্মসূচিতে একদিকে সুবিধাভোগী ব্যক্তির আয় বাড়বে, অন্যদিকে সে সম্পদ সৃষ্টি করে জীবনমানের উন্নতি ঘটাতে পারবে।
তবে বাংলাদেশে সরকার এখনো সীমিত পরিসরে গরিব মানুষকে সামাজিক সুরক্ষা দিয়ে থাকে। এ কথা উল্লেখ করে উলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্দিকুর রহমান ওসমানী জানালেন, বর্তমান দেশের মাত্র ৩ শতাংশ অর্ধবেকারকে (আন্ডারএমপ্লয়েড) সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে। তার মানে, এখনো প্রায় ৯৭ শতাংশ অর্ধবেকারকে এই কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়নি।
বাংলাদেশ ইকোনমিস্টস ফোরাম (বিইএফ) আয়োজিত সম্মেলনের সমাপনী দিনের সকালের অধিবেশনে গতকাল রোববার সিদ্দিকুর রহমান ওসমানীসহ অন্য অর্থনীতিবিদেরা কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে আলোচনা করছিলেন।
সর্বশেষ শ্রমশক্তি জরিপ (২০১০) অনুসারে, বাংলাদেশে আধা বেকারত্বের হার ২০ দশমিক ৩১ শতাংশ। সংখ্যার হিসাবে প্রায় এক কোটি ১০ লাখ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মাপকাঠি অনুসারে নির্দিষ্ট একটি সপ্তাহে ৩৫ ঘণ্টার কম কাজ করে থাকেন এমন ব্যক্তিকে অর্ধবেকার ধরা হয়।
যেহেতু অর্ধবেকাররা ইতিমধ্যে কাজ করছেন বা কাজের অভিজ্ঞতা রয়েছে, সেহেতু তাঁদের যদি কাজের সুযোগ সৃষ্টিকারী সমর্থন দেওয়া যায়, তাহলে তা অধিকতর ফলপ্রসূ হবে বলে মনে করা হয়েছে৷ এর মধ্য দিয়ে ছোট উদ্যোক্তা তৈরি করার সুযোগও রয়েছে৷ তবে যাঁরা বেকার রয়েছেন, তাঁদের কীভাবে এই প্রক্রিয়ায় নিয়ে আসা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি৷
রাজধানীর একটি হোটেলে সকালে ক্যালিফোর্নিয়া রিভারসাইড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আজিজুর রহমান খানের সভাপতিত্বে ‘দারিদ্র্য ও সামাজিক নিরাপত্তা’ শিরোনামের অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ওসমানী আরও জানান, গরিব পরিবারের কর্মক্ষম সদস্যরা বছরে গড়ে ১২৫ দিন বেকার থাকেন। তাই তাঁদের ছোট ছোট ব্যবসা করার পুঁজি বা সম্পদের জোগান দিতে হবে।
তাঁর মতে, গরিব মানুষেরা তাদের জমানো আয় বা সম্পদের একটা বড় অংশই খরচ করে ফেলে চিকিৎসাসেবা নিতে গিয়ে। অসুস্থ হলেই বিকল্প না থাকায় তাঁদের এটা করতে হয়। এই অবস্থা মোকাবিলায় জাতীয় পর্যায়ে দরিদ্রদের স্বাস্থ্যবিমার বিষয়টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আরও ব্যাপক পরিসরে আনা উচিত।
এই প্রবন্ধের ওপর আলোচনা করতে গিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদের মাসে ৩০০ থেকে ৫০০ টাকা দেওয়া হয়। এটা একজন কৃষিশ্রমিকের এক দিন বা দেড় দিনের মজুরির সমান। এত অল্প ভাতা দিয়ে আর যাই হোক কোনো সামাজিক সুরক্ষা কখনোই আশা করা যায় না।
এই অধিবেশনে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে একটি সর্বজনীন পেনশন স্কিম প্রবর্তন করার পরামর্শ দেন কাজেমী।
উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে মোট ১১ হাজার ৪৮৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত বরাদ্দের চেয়ে ১৮ শতাংশ বেশি।
বাংলাদেশ ইকোনমিস্টস ফোরামের প্রথম সম্মেলন গত শনিবার শুরু হয়৷ গতকাল সমাপনী দিনে কৃষিবিষয়ক অধিবেশনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সভাপতিত্ব করেন৷ মানবসম্পদ উন্নয়নবিষয়ক অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী৷ বিশেষ মধ্যাহ্নভোজ অধিবেশনে বাংলাদেশের আয়বৈষম্য নিয়ে আলোচনা করেন অধ্যাপক আজিজুর রহমান খান৷ বিকেলে টেকসই উন্নয়নবিষয়ক অধিবেশনে সভাপতিত্ব করেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ৷