কর্মসংস্থানে ৮ শতাংশ প্রবৃদ্ধি ইপিজেডে

রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) শিল্পকারখানায় কর্মসংস্থান বেড়েছে। গত ২০১৫-১৬ অর্থবছরে ইপিজেডগুলোতে ৩৩ হাজার ৫৫১ জনের নতুন কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেপজা জানিয়েছে, সদ্যবিদায়ী অর্থবছরে ইপিজেডগুলোতে কর্মসংস্থানের ক্ষেত্রে আগের অর্থবছরের চেয়ে ৮ শতাংশ বেশি প্রবৃদ্ধি হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে দেশের ইপিজেডগুলোতে ৩১ হাজার ৮৪ জনের কর্মসংস্থান হয়। বর্তমানে দেশে আটটি ইপিজেড রয়েছে।
বেপজা জানিয়েছে, গত ২০১৫-১৬ অর্থবছরে যে ৩৩ হাজার ৫৫১ জনের নতুন কর্মসংস্থান হয়েছে, তার মধ্যে কর্ণফুলী ইপিজেডে ৮ হাজার ৩০৬, উত্তরা ইপিজেডে ৭ হাজার ১২৪, আদমজী ইপিজেডে ৬ হাজার ৩৬৮, চট্টগ্রাম ইপিজেডে ৬ হাজার ১৫৪, ঢাকা ইপিজেডে ৩ হাজার ৩৩০, কুমিল্লা ইপিজেডে ২ হাজার ৫২২ ও মোংলা ইপিজেডে ১৫ জন।
বর্তমানে দেশের সব ইপিজেড মিলিয়ে ৪৬১টি কারখানায় ৪ লাখ ৫৩ হাজার ৬৫২ জনের কর্মসংস্থান রয়েছে; যার মধ্যে ৬৪ শতাংশই নারী।