কর্মসংস্থানের লক্ষ্য অর্জিত হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হলো দারিদ্র্য। এখনো এক-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এই বিপুলসংখ্যক গরিব মানুষকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করতে প্রধান হাতিয়ার হলো কর্মসংস্থান। কিন্তু সেই কাঙ্ক্ষিত কর্মসংস্থান করা যাচ্ছে না।
এখন সরকারই বলছে, পরিকল্পনা অনুসারে কর্মসংস্থান হচ্ছে না। বিগত তিন অর্থবছরে (২০১০-১১ থেকে ২০১২-১৩) সারা দেশে যে পরিমাণ কর্মসংস্থান হবে বলে ধারণা করেছিল সরকার, তার চেয়ে চার লাখ ৭০ হাজার কম কর্মসংস্থান হয়েছে।
এটা খোদ পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) তথ্য। ২০১১ থেকে ২০১৫ সালের জন্য ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেছে জিইডি। পরিকল্পনার তিন বছর পার হওয়ার পর মধ্যমেয়াদি মূল্যায়নও করেছে। তাতে এই তথ্য মিলেছে।
পঞ্চবার্ষিক পরিকল্পনায় ছিল, ২০১০-১১ থেকে ২০১২-১৩ অর্থবছরে দেশের অভ্যন্তরে মোট ৫২ লাখ ২০ হাজার লোক কাজ পাবে। কিন্তু জিইডির মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সাড়ে ৪৭ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। তার মানে, পরিকল্পনা অনুযায়ী কর্মসংস্থান হয়নি।
এমন অবস্থায় আজ বুধবার জিইডির এই মূল্যায়ন প্রতিবেদনটি পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে উপস্থাপন করা হবে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এই অনুষ্ঠান হবে।
পরিকল্পনার প্রথম তিন বছরের মধ্যে কোনো বছরই কর্মসংস্থানের লক্ষ্য অর্জিত হয়নি; বরং প্রতিবছরই কর্মসংস্থান ক্রমশ কমেছে। ২০১০-১১ অর্থবছরে ১৭ লাখ কর্মসংস্থান হবে বলে প্রক্ষেপণ করা হয়েছিল। কিন্তু কর্মসংস্থান হয়েছে ১৬ লাখ ৮০ হাজার লোকের। পরের বছর একই লক্ষ্যের বিপরীতে কর্মসংস্থান হয়েছে ১৫ লাখ ৬০ হাজার। মূল পরিকল্পনায় ২০১২-১৩ অর্থবছরে কর্মসংস্থানের লক্ষ্য আরও কিছুটা বাড়িয়ে ১৮ লাখ করা হয়েছিল। কিন্তু সেই বছর আগের দুই বছরের তুলনায় সবচেয়ে কম ১৫ লাখ ১০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এর বাইরে এই তিন বছরে ১৫ লাখ ৭০ হাজার লোক বিদেশে গেছেন। এসব লোকের নতুন কর্মসংস্থান হয়েছে বলে ধরে নেওয়া হয়। সেই হিসাব করলে আলোচ্য সময়ে মোট ৬৩ লাখ ২০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।
এ নিয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান প্রথম আলোকে বলেন, বিনিয়োগ হার বাড়েনি, তাই জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জিত হয়নি। এ জন্য কর্মসংস্থানের লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে।
রুশিদান আরও বলেন, আলোচ্য তিন বছরে কর্মসংস্থান যেটুকু হয়েছে, সেটাও আগের তুলনায় ভালো মানের হয়েছে বলে মনে হয় না। পরিকল্পনা প্রণয়নের আগের কয়েক বছরে কর্মসংস্থান হয়েছে স্বনিয়োজনে। এখনো তাই চলছে। এই স্বনিয়োজনের উৎপাদনশীলতা যথেষ্ট উঁচু নয়। এই বিষয়টি ভবিষ্যতে দেখতে হবে।
উল্লেখ্য, স্বনিয়োজন কর্মসংস্থান হলো কোনো ব্যক্তি কাজ না পেয়ে পরিবারের ছোট ব্যবসায় সাহায্যকারী হিসেবে নিয়োজিত হন। এতে অর্থনীতিতে খুব বেশি মূল্য সংযোজন হয় না।
কর্মসংস্থানের লক্ষ্য কেন অর্জিত হয়নি, এমন প্রশ্নের জবাবে জিইডির সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, পাঁচ বছরে (২০১১-১৫) এক কোটি চার লাখ লোকের কর্মসংস্থানের লক্ষ্য রয়েছে। প্রথম তিন বছরে ৬৩ লাখ ২০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। সেই হিসাবে লক্ষ্য অর্জিত হয়েছে। কর্মসংস্থানের মোট হিসাব করা হয় দেশের অভ্যন্তরে মোট কর্মসংস্থান এবং দেশের বাইরে কত লোক কাজ করতে গেছে—এই দুটি খাতের ওপর ভিত্তি করে। দেশের ভেতরে কর্মসংস্থান কম হলো কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লক্ষ্যের কাছাকাছি গেছে। সব সময় পরিকল্পনার পুরোটা বাস্তবায়ন করা সম্ভব হয় না।
সরকারি বিভিন্ন দপ্তরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, কর্মসংস্থান না হওয়ার পেছনে অন্যতম কারণ হলো কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়া। রাজনৈতিক অস্থিরতা, গ্যাস, বিদ্যুৎ-সংকটসহ নানা কারণে লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ হয়নি। পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে পরিমাণ বিনিয়োগ হবে বলে মনে করা হয়েছিল, তাও হয়নি। মধ্যমেয়াদি মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, কর্মসংস্থানের লক্ষ্য অর্জনে প্রতিবছর গড়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৭ শতাংশ বিনিয়োগ হওয়া দরকার ছিল। কিন্তু হয়েছে গড়ে ২৬ দশমিক ২ শতাংশ।
বহুলভাবে বলা হয়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সাধারণত জিডিপির প্রবৃদ্ধি এক শতাংশ হলে দেশের অভ্যন্তরে প্রায় আড়াই লাখ লোকের কর্মসংস্থান হয়। পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল্যায়নে প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থানের এই যোগসূত্র স্থাপন করা হয়েছে।
সরকারের এসব পরিকল্পনা প্রণয়নের দায়িত্বে থাকা জিইডির মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসংস্থান বাড়াতে আগামী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সরকারি-বেসরকারি বিনিয়োগকে বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে তৈরি পোশাক খাতের ইতিবাচক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। এ ছাড়া তৈরি পোশাক খাতের বাইরের খাতগুলোকে বিশেষ সহায়তার আওতায় আনতে হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মতো উৎপাদন খাতকে বৈচিত্র্যময় করতে হবে।
অন্যদিকে পরিকল্পনায় প্রতি অর্থবছরে যে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের কথা বলা হয়েছিল, কোনো বছরই তা অর্জিত হয়নি।
কর্মসংস্থানের প্রকৃত চিত্র পাওয়া যায় শ্রমশক্তি জরিপ থেকে। বাংলাদেশ সর্বশেষ শ্রমশক্তি জরিপ হয়েছে ২০১০ সালে। তাতে দেখা যায়, দেশে বেকারত্বের হার ৪ দশমিক ৫ শতাংশ। দেশের মোট শ্রমশক্তি হলো পাঁচ কোটি ৬৭ লাখ। এর মধ্যে কর্মসংস্থান হয়েছে পাঁচ কোটি ৪১ লাখ মানুষের। ২০০৫-০৬ অর্থবছরে এই সংখ্যা ছিল চার কোটি ৭৪ লাখ।