কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে প্রশ্ন
প্রতিবছর বাজেটে আয়-ব্যয় পরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনীতি আরও চাঙা করতে চায় সরকার। এর মূল উদ্দেশ্য হলো, নতুন কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের জীবনমানের উন্নয়ন করা। কিন্তু আগামী ২০১৪-১৫ অর্থবছরে কী পরিমাণ কর্মসংস্থান হবে, বাজেট প্রস্তাবে এর সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
এমন অবস্থায় পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, আগামী অর্থবছরে মোট সাড়ে ১৯ লাখ মানুষের কর্মসংস্থান হবে। অর্থাৎ এঁরা প্রথমবারের মতো চাকরি বা কাজ পাবেন।
গতকাল রোববার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য দেন। এ ছাড়া সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন পরিকল্পনামন্ত্রী।
তবে এত বিপুল কর্মসংস্থান কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সমীক্ষা অনুযায়ী, কোনো দেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ১ শতাংশ হলে নতুন করে আড়াই লাখ লোকের কর্মসংস্থান হয়। আগামী অর্থবছরে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে। সেই হিসাবে, আগামী অর্থবছরে সাড়ে ১৭ লাখ লোকের কর্মসংস্থান হবে। আর একই সময়ে দুই লাখ লোক কাজের জন্য বিদেশে যাবেন। সব মিলিয়ে সাড়ে ১৯ লাখ লোকের কর্মসংস্থান হবে।
প্রতিবছর হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণী শ্রমবাজারে প্রবেশ করছেন। এমন শিক্ষিত তরুণ প্রজন্মের কর্মসংস্থান কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, এক হাজারের বেশি উন্নয়ন প্রকল্পে ৮৬ হাজার কোটি টাকা খরচ করা হবে। এর বেশির ভাগ বিনিয়োগমুখী প্রকল্প। এসব প্রকল্পের মাধ্যমে সরাসরি কর্মসংস্থানের পাশাপাশি বিনিয়োগ আকৃষ্ট করা ও মানবসম্পদ উন্নয়ন করা হবে।
পরিকল্পনামন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, তথ্যপ্রযুক্তি খাতে ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের মাধ্যমে আগামী কয়েক বছরে প্রায় ৫০ থেকে ৫৫ হাজার শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। তখন বছরে গড়ে তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি করে ৩০ কোটি ডলার আয় করা সম্ভব হবে।
তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের দেওয়া নতুন কর্মসংস্থান নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক জায়েদ বখত। সরকারি প্রতিষ্ঠানের এই অর্থনীতিবিদ মনে করেন, বিদ্যমান ব্যবস্থা দিয়ে এত বিপুল কর্মসংস্থান করা যাবে না। কর্মসংস্থানের এই লক্ষ্য অর্জন করতে হলে ব্যক্তি খাতের বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। এ জন্য নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, জমি প্রাপ্যতার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।
জায়েদ বখত আরও মনে করেন, আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি এবারের ৬ দশমিক ১৮ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংেশ উন্নীত হবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। আবার কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি হলে তা সাধারণ মানুষের কোনো কাজে আসবে না।
পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিগত পাঁচ বছরে (২০০৯-১০ থেকে ২০১৩-১৪ অর্থবছর) ৯৬ লাখ নতুন কর্মসংস্থান হয়েছে। এর মানে হলো, এই সময়ে প্রতিবছর গড়ে ১৯ লাখ ব্যক্তি কাজ পেয়েছেন।
তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১০ সালের সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে সে সময়ে প্রায়
২৬ লাখ ব্যক্তি পুরোপুরি বেকার ছিলেন। বিদ্যমান বেকারের পাশাপাশি প্রতিবছর যত লোক শ্রমবাজারে প্রবেশ করেন, সেই হিসাব থেকে নতুন কর্মসংস্থান বাদ দিয়ে বেকারত্বের হিসাব করা হয়েছে।
২০০৪-০৫ থেকে ২০০৮-০৯ অর্থবছরে মোট ৬৭ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সেই সময়ে প্রতিবছর গড়ে সাড়ে ১৩ লাখ ব্যক্তির কর্মসংস্থান হয়েছে।
বিনিয়োগ নিয়ে প্রশ্ন
পরিকল্পনা মন্ত্রণালয় জিডিপিতে যে বিনিয়োগের হিসাব দিয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রণালয় বলেছে, চলতি অর্থবছরে চলতি মূল্যে জিডিপির ২৮ দশমিক ৬৯ শতাংশ বিনিয়োগ হয়েছে।
ক্রমবর্ধমান মূলধন-উৎপাদন অনুপাত অনুযায়ী, প্রতি চার একক বিনিয়োগের জন্য এক একক জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়। যদি ২৮ দশমিক ৬৯ একক বিনিয়োগ হয়, তবে সেই এই বিনিয়োগের এক-চতুর্থাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। সেই হিসাবে, চলতি অর্থবছরের ৭ দশমিক ১৭ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার কথা। কিন্তু বাস্তবে ৬ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে সাময়িক হিসাব করেছে বিবিএস। এর মানে হলো, প্রতি এক একক প্রবৃদ্ধি অর্জনের জন্য ৪ দশমিক ৬১ একক বিনিয়োগ করা হয়েছে। অর্থাৎ, উৎপাদন ব্যয়বহুল হয়েছে।
এই প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশেই জিডিপির তুলনায় বিনিয়োগ বাংলাদেশের চেয়ে অনেক কম। জিডিপির অনুপাতে বিনিয়োগের পরিমাণ ভিয়েতনামে ২২ শতাংশ, ফিলিপাইনে ২০ শতাংশ ও সিঙ্গাপুরে ২৭ দশমিক ৬ শতাংশ। এসব দেশের তুলনায় বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি ভালো।
এ ছাড়া চলতি অর্থবছরে সংশোধিত এডিপির ৬০ হাজার কোটি টাকার পুরোটাই খরচ করা সম্ভব হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী। উল্লেখ্য, জুন থেকে মে পর্যন্ত এই ১১ মাসে ৩৯ হাজার ৯৯২ কোটি টাকা খরচ হয়েছে, যা সংশোধিত এডিপির ৬৭ শতাংশ।
ব্যাংক প্রসঙ্গ
পরিকল্পনামন্ত্রী মনে করেন, সরকারি কাজকর্ম পরিচালনার জন্য একটি মাত্র শতভাগ সরকারি মালিকানাধীন ব্যাংক রেখে বাকিগুলো পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত। প্রসঙ্গত, বর্তমানে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী—এই চারটি ব্যাংক হলো শতভাগ সরকারি মালিকানাধীন।
মন্ত্রী থেকেই আইসিসির সভাপতি
মন্ত্রী পদে থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি হবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে কোনো আইনগত বাধা নেই। ভারতের শারদ পাওয়ার মন্ত্রীর পদে থেকেই আইসিসির সভাপতি হয়েছিলেন।’ আইসিসির সভাপতি হলে বছরে মাত্র ১২ দিন দপ্তরে আসতে পারবেন না বলে পরিকল্পনামন্ত্রী জানান।